ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ব্যাপক দরপতনের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
সোমবার লেনদেনের শুরুর কিছুক্ষণ পরই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ২০০ পয়েন্ট কমার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারে কেন প্রতিদিনই বড় দরপতন হচ্ছে- তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। টানা দরপতনের সুনির্দিষ্ট কোনো কারণও নেই।"
মির্জ্জা আজিজুল বলেন, "অনেক শেয়ারের দরই এখন কমতে কমতে অনেক নীচে নেমে এসেছে। এ দরে শেয়ার কিনলে লোকসানের আশংকা নেই। তারপরও কেন বিনিয়োগকারীরা শেয়ার কিনছে না, বুঝেতে পারছি না।"
পুুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, "দেশের অর্থনৈতিক অবস্থার প্রভাব আমাদের শেয়ার বাজারে এর আগে তেমন পড়েনি। কিন্তু বর্তমানে দেশের ম্যাক্রো ইকনোমিক (সামষ্টিক অর্থনীতি) অবস্থা খারাপ। মূল্যস্ফীতি বাড়ছে। ব্যাংক ঋণের সুদের হার বেশি। ব্যাংক ব্যবস্থা থেকে সরকার মাত্রাতিরিক্ত ঋণ নিচ্ছে। অর্থনীতির এই খারাপ অবস্থা শেয়ার বাজারে প্রভাব ফেলছে কিনা- তা খতিয়ে দেখতে হবে।"
পুঁজিবাজারের বর্তমান অবস্থায় হতাশা প্রকাশ করে মির্জ্জা আজিজুল বলেন, "এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, কোনো কারসাজি হচ্ছে কিনা- তা গভীরভাবে খতিয়ে দেখা উচিৎ বলে আমি মনে করি।"
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৯৭ শতাংশ।
আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম চার মাসে অর্থ্যাৎ জুলাই-অক্টোবর সময়ে সরকার ব্যাংকিং ব্যবস্থা থেকে ১৪ হাজার ৯০৫ কোটি টাকা ঋণ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১২২৮ ঘ.
bdnews24