২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগং ভেজিটেবলসকে এসইসির নোটিস

নিয়ম বহির্ভূতভাবে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের কারণে চিটাগং ভেজিটেবলস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানকে নোটিস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 06:28 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ম বহির্ভূতভাবে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের কারণে চিটাগং ভেজিটেবলস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানকে নোটিস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়। এসইসি বলেছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর ৩ (১) ধারা অমান্য করায় চিটাগাং ভেজিটেবলের চেয়ারম্যান সামছুল আলম শামীমকে কারণ দর্শানো ও শুনানির নোটিস দেওয়া হয়েছে। ৩ (১) ধারায় বলা হয়েছে, "কোম্পানির সংঘবিধি এবং কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো বিধিবিধানের প্রয়োজন ব্যতিত কোনো সুবিধাভোগী কোনো মূল্য সংবেদনশীল তথ্য অন্য কাহারও নিকট সরবরাহ করিতে পারিবে না।" গত জুনে শেষ হওয়া অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ গত রোববার ঘোষণা করে চিটাগং ভেজিটেবলস। গত একবছরে কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য ৬ হাজার ৬৯৯ টাকা থেকে ১ হাজার ৮৪১ টাকা ৭৫ পয়সায় ওঠানামা করে। ২০১০ সালে কোম্পানিটির শেয়ারের অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে অধিকতর তদন্তের সুপারিশ করে পুঁজিবাজারের অস্থিরতা তদন্তে গঠিত কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/পিডি/০০২২ ঘ.