২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের পুঁজিবাজারে 'ইতিবাচক' ধারার প্রত্যাশা

ব্যাংকগুলো বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরও গত সপ্তাহে ব্যাপক দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। তবে চলতি সপ্তাহে পুঁজিবাজার 'ইতিবাচক' ধারায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলো বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেওয়ার পরও গত সপ্তাহে ব্যাপক দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। তবে চলতি সপ্তাহে পুঁজিবাজার 'ইতিবাচক' ধারায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ নিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বক্তব্য প্রত্যাখ্যান করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া প্রতিক্রিয়া বিনিয়োগকারীদের মধ্যে 'আস্থা' বাড়াবে বলেও মনে করছেন তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার সাপোর্ট লেভেলে চলে এসেছে। ভালো মৌলভিত্তির অনেক কোম্পানির শেয়ার বিনিয়োগ করার মতো অবস্থায় রয়েছে। আমরা আশা করছি, এ সপ্তাহে বাজার ইতিবাচক ধারায় থাকবে।" পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর ঘোষণার পর ডিএসইর সূচক বাড়ার মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহের লেনদেন। কিন্তু ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিশ্ব ব্যাংক ও আইএমএফের একটি প্রতিবেদন দুটি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বুধবার ও বৃহস্পতিবার বাজারে ধ্বস নামে। সপ্তাহ শেষে ডিএসই সাধারণ সূচক ২৩৫ পয়েন্ট বা ৪ দশমিক ২৬ শতাংশ কমে হয়েছে ৫ হাজার ৩০৮ পয়েন্ট। শনিবার দুপুরে গাজীপুরে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিশ্বব্যাংক-আইএমএফ -এর কথা মতো আমাদের পুঁজিবাজার চলবে না। আমাদের বাজার চলবে আমাদের নিয়মে।" অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শাকিল রিজভী বলেন, "বিশ্ব ব্যাংক ও আইএমএফের বক্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার দরকার ছিল। অর্থমন্ত্রীর এ বক্তব্যে সরকারের অবস্থান পরিস্কার হয়ে গেছে। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে।" বাজার ভালো হওয়ার বিষয়ে আশা প্রকাশ করে ডিএসই সভাপতি বলেন, "বড় বড় ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের বাজারে প্রবেশ করতে দেখা যাচ্ছে।" গত সপ্তাহে সূচক কমলেও বেড়েছে লেনদেন ও হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা। গত সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ২৭৫ কোটি ২৫ লাখ টাকা। গত সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় ৫ কোটি ৮২ লাখ শেয়ার হাতবদল হয়েছে, যা তার আগের সপ্তাহে ছিল প্রায় ৪ কোটি ৫ লাখ। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের পুঁজিবাজারে ভবিষ্যৎ ভালো দেখছি। এখন একটু ওঠানামার মধ্যে আছে। ঈদের পরে বাজারে সত্যিকারের প্রবৃদ্ধি (রিয়েল গ্রোথ) শুরু হবে।" অর্থমন্ত্রীর বক্তব্য বাজারের জন্য 'ইতিবাচক সংবাদ' বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বাজার বিশ্লেষণ করতে গিয়ে ডিএসই জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চলতি সপ্তাহে সূচক যদি ২০০ পয়েন্টের মধ্যে ওঠানামা করে আর গড়ে প্রতিদিন যদি ৫০০ কোটি টাকার লেনদেন হয়, তাহলে বোঝা যাবে বাজার স্থিতিশীলতার দিকে যাচ্ছে।" "কিন্তু আমাদের বাজারের সমস্যা হলো, যেদিন বাড়ে, সেদিন সব শেয়ারের দাম বাড়ে। আবার যেদিন কমে, সেদিন সব শেয়ারের দামই কমে। এতে বোঝা যায়, বাজারে কিছু ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার রয়েছে। এ প্লেয়াররা খারাপ শেয়ারও টেনে দাম বাড়িয়ে দেয়।" গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ দশটি প্রতিষ্ঠানের বেশিরভাগই 'অপেক্ষকৃত শক্ত' মৌলভিত্তির শেয়ার। আবার দাম কমার শীর্ষ দশটি প্রতিষ্ঠানই 'অপেক্ষাকৃত দুর্বল' মৌলভিত্তির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২০২৩ ঘ.