২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার দেশি নিয়মেই চলবে: মুহিত

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ নিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ নিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটনের কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বিশ্বব্যাংক-আইএমএফ-এডিবি অনেক সময় অনেক কথা বলে। তাদের সব কথা আমরা গ্রহণ করি না। শেয়ারবাজার নিয়ে তারা যে মন্তব্য করেছে তা তাদের নিজস্ব ব্যাপার। আমরা আমাদের মতো করেই আমাদের বাজার পরিচালনা করবো। টানা দরপতনের মুখে কিছুদিন আগে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। পুঁজিবাজারে যেসব ব্যাংকের বিনিয়োগ এখনো আইনি সীমার নিচে রয়েছে, তারা বিনিয়োগ বাড়াতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। এরপর গত ২০ অক্টোবর ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এক জরুরি সভা থেকে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয়। এছাড়া পুঁজিবাজারে তারল্য বাড়াতে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ৫ হাজার কোটি টাকার একটি মেয়াদী মিউচুয়াল ফান্ড গঠনেরও ঘোষণা দেয়। এসব খবরে পুঁজিবাজারে চাঙ্গাভাব দেখা দিলেও গত বুধবার দুটি পত্রিকায় আইএমএফ ও বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের বরাত দিয়ে একটি খবর প্রকাশের পর টানা দুই দিন দরপতন চলে। একটি বাংলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, "আইএমএফের মতে, এই তহবিল (পুঁজিবাজার নিয়ন্ত্রণে) ব্যর্থতাকে পুরস্কৃত করবে। এটি শুধু ভুল নয়, উদ্যোগের প্রকৃত উদ্দেশ্য নিয়েই প্রশ্নের জন্ম দিচ্ছে। ঋণগ্রস্ত বিনিয়োগকারীদের রক্ষায় শেয়ারের বিপরীতে তহবিলটির ইউনিট বিনিময়ের কথা বলা হয়েছে। এতে ঋণদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ঋণগ্রহীতার দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘিত হবে।" বিক্ষুদ্ধ বিনিয়োগকারীরা গত বৃহস্পতিবার পত্রিকাটির কপি পোড়ায়। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী দাবি করেন, "পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে গত তিন মাসে আমরা (সরকার) যে সব উদ্যোগ নিয়েছি, বাংলাদেশের ইতিহাসে ততো উদ্যোগ কখনো নেওয়া হয়নি।" তারপরও বাজার স্থিতিশীল না হওয়ার কারণ জানতে চাইলে মুহিত বলেন, "এ বিষয়ে আমার সত্যি কিছু বলার নেই। এ নিয়ে আমি সংসদেও কথা বলেছি।" "আজ বাজার উঠে কাল আবার নেমে যায়। এমন পরিস্থিতিতে আমার আসলে করার কিছু নেই", যোগ করেন তিনি। গত বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারকে 'অদ্ভুত' অভিহিত করে মুহিত জাতীয় সংসদে বলেন, গোটা দুনিয়ায় এ পুঁজিবাজারের কোনো জুড়ি নেই। কর অবকাশ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কালিয়াকৈর পৌঁছে ওয়ালটন কারখানায় অবতরণ করেন অর্থমন্ত্রী। এরপর প্রায় আড়াই ঘণ্টা কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অর্থমন্ত্রী বলেন, "পুরোপুরি কর অবকাশ সুবিধা নয়, কম কর নিয়েও শিল্পকে প্রণোদনা দেওয়া যায়। সে লক্ষ্য সামনে রেখেই আমরা (সরকার) অগ্রসর হচ্ছি।" ২০১৩ সালের পর দেশে আর কর অবকাশ সুবিধা থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করে মন্ত্রী বলেন, "ওয়ালটন কারখানায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আমার ভালো লেগেছে। এ কারখানায় তৈরি ফ্রিজ শুধু দেশে নয়, বিদেশেও বিক্রি হচ্ছে।" কালিয়াকৈরের চন্দ্রায় ৪০ একর জমির ওপর গড়ে উঠেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্র্রিজ। এ কারখানা থেকে ফ্রিজ, এয়ারকন্ডিশনার ও মোটরসাইকেল উৎপাদন হচ্ছে। ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম জানান, গাড়ি তৈরির জন্য কারখানার ভেতরে নতুন একটি ইউনিট স্থাপনের কাজ চলছে। ওয়ালটন পুঁজিবাজারে আসবে কিনা- এ প্রশ্নের উত্তরে আশরাফুল বলেন, "আপাতত তেমন কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে আমরা গাড়ি উৎপাদনের যে পরিকল্পনা নিয়েছি তাতে প্রচুর অর্থের প্রয়োজন হবে। তখন ওয়ালটন অটোমোবাইলস এর শেয়ার বাজারে ছেড়ে অর্থ সংগ্রহ করা হতে পারে।" কবে নাগাদ তা হবে জানতে চাইলে তিনি বলেন, "২০১৩ সালের আগে সেটা সম্ভব হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/জেকে/১৯৫০ ঘ.