ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি।
বুধবার বিকেলে পরিচালনা পর্ষদ সভায় চলতি বছরের জুন মাসে সমাপ্ত আর্থিক বছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ খান।
তিনি বলেন, "প্রতিষ্ঠানটির ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৯৩ টাকা ৬৯ পয়সা। বছর শেষে কোম্পানিটির কর-পরববর্তী মুনাফা হয়েছে ৮৮২ কোটি ৭০ লাখ টাকা।"
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. শাহজাহান বলেন, "লভ্যাংশ যোগ করে ইপিএস দাঁড়িয়েছে ৯৭ টাকা ৪১ পয়সা।"
২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাসের তৃতীয় প্রান্তিক পর্যন্ত (জুলাই, ২০১০ থেকে মার্চ, ২০১১) কর-পরবর্তী মুনাফা ছিল ৫১৩ কোটি ৯৫ লাখ টাকা এবং ইপিএস ছিল ৫৪ টাকা ৫৫ পয়সা।
তিতাস গ্যাসের পরিশোধিত মূলধন ৯৪২ কোটি ১০ লাখ টাকা এবং অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। কোম্পানিটির বাজার মূলধনের পরিমাণ ৭ হাজার ৬১৭ কোটি টাকা।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে তিতাস গ্যাসের প্রতিটি শেয়ার ৩ দশমিক ৪০ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয়েছে ৭৮১ টাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০৫৫ ঘ.
bdnews24