ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত আরো চার প্রতিষ্ঠান তাদের শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ইন্টার্ন হাউজিং লিমিটেড, ইস্টার্ন ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স ও এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বুধবার জানানো হয়, অভিহিত মূল্য কমাতে সংঘবিধিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য অতিরিক্ত সাধারণ সভা ডেকেছে কোম্পানিগুলো।
ইস্টার্ন হাউজিংয়ের অতিরিক্ত সাধারণ সভা হবে ২৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায়, বেইলি রোডের অফিসার্স ক্লাবে। রেকর্ড ডেট ২ নভেম্বর। এ কোম্পানির মার্কেট লট ২০টির পরিবর্তে হবে ১০০টিতে।
ইস্টার্ন ইন্সুরেন্সের অতিরিক্ত সাধারণ সভা হবে ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টায়, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে। রেকর্ড ডেট ৩ নভেম্বর। এ কোম্পানির মার্কেট লট ২০টির পরিবর্তে হবে ২৫০টিতে।
পাইওনিয়ার ইন্সুরেন্স ২৬ নভেম্বর অতিরিক্ত সাধারণ সভা করবে। রেকর্ড ডেট ৩ নভেম্বর।
এছাড়া এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের অতিরিক্ত সাধারণ সভা হবে ২৪ নভেম্বর সকাল ১১টায় গুলশানের হোটেল ওয়াশিংটনে। রেকর্ড ডেট ২ নভেম্বর।
আগামী ১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি।
৪ ডিসেম্বর থেকে সব শেয়ার ও মিউচুয়াল ফান্ড ১০টা অভিহিত মূল্যে লেনদেন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৩৪০ ঘ.
bdnews24