ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর খবরে সপ্তাহের শেষ দিন উর্ধ্বগামী সূচক নিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকা পুঁজিবাজারে।
বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় দুপুর সাড়ে ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২৫৯ পয়েন্ট বেড়ে হয় ৫ হাজার ৫১৮ পয়েন্ট।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৩৩টির, কমেছে ৯টির। একটির দাম অপরিবর্তিত ছিল।
বৃহস্পতিবার সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) এক জরুরি বৈঠকের পর সংগঠনের সভাপতি ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহ থেকেই ব্যাংকগুলো পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগ শুরু করবে।
পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনে সূচক কমতে কমতে ৯ মাস আগের অবস্থায় চলে আসায় বাংলাদেশ ব্যাংকের আহ্বানে ব্যাংকগুলো এই সিদ্ধান্ত নিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১২৩৯ ঘ.
bdnews24