২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার তুলতে ব্যবসায়ীদের সহায়তা চান গভর্নর

পুঁজিবাজারে ব্যাংকগুলোর ভূমিকা নিয়ন্ত্রণে ব্যর্থতায় সমালোচিত কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আতিউর রহমান বাজারের সঙ্কট কাটাতে ব্যবসায়ী নেতাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- পুঁজিবাজারে ব্যাংকগুলোর ভূমিকা নিয়ন্ত্রণে ব্যর্থতায় সমালোচিত কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আতিউর রহমান বাজারের সঙ্কট কাটাতে ব্যবসায়ী নেতাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, "আমি বিশ্বাস করি, ব্যবসায়ী সংগঠনগুলো পুঁজিবাজারের বর্তমান সঙ্কট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা বিদেশি বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আকৃষ্ট করতে বিশেষ অবদান রাখতে পারে।" "বর্তমান প্রেক্ষাপটে বাজারে বিদেশি বিনিয়োগ এলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। যার ইতিবাচক প্রভাব পড়বে বাজারে।" আইন অনুযায়ী, ব্যাংকগুলো তার মোট দায়ের ১০ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। কিন্তু গত বছর অনেক ব্যাংকই এ সীমা অতিক্রম করে পুঁজিবাজারে বিনিয়োগ করে। এরপর কেন্দ্রীয় ব্যাংক গত বছরের ডিসেম্বরের মধ্যে ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগ ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সময় বেঁধে দেয়। অনেকেই মনে করেন, ব্যাংকগুলোর বিনিয়োগ সীমার মধ্যে রাখতে পারলে পুঁজিবাজার 'অতিরিক্ত' ফুলে ফেঁপে উঠতো না। আতিউর আরো বলেন, "আমাদের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ব্যতিক্রম কিছু নয়। বিশ্ব পুঁজিবাজারেও এখন অস্থিরতা চলছে। বড় বড় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া এবং ভারসাম্যহীনতার কারণেই এ অস্থিরতা।" ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (ডিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এমসিসিআই) যৌথভাবে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিষয়ে আলোচনা সভার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২১১০ ঘ.