২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে কারসাজি: দুই মামলার ৫ আসামির জামিন

পুঁজিবাজারে কারসাজির মাধ্যমে শেয়ার কেনাবেচার অভিযোগে এসইসির করা দুটি মামলার পাঁচ আসামি আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে কারসাজির মাধ্যমে শেয়ার কেনাবেচার অভিযোগে এসইসির করা দুটি মামলার পাঁচ আসামি আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। এ পাঁচ জন হলেন- আবু সাদাত মো. সায়েম, মো. আব্দুল মোবিন মোল্লা, সৈয়দ সিরাজ উদ-দৌলা, রাশেদা আক্তার মায়া ও মো. হাবিবুর রহমান মোড়ল। তারা সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক এজিএম আল মাসুদ ৫ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন দেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসির পরিচালক মো. মাহবুবের রহমান চৌধুরী গত ২১ অগাস্ট ইস্টার্ন হাউজিং লিমিটেড ও পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারের মূল্য বাড়িয়ে কেনা-বেচা করার অভিযোগে এ পাঁচ জনের বিরুদ্ধে দুটি মামলা করেন। একটি মামলায় অভিযোগ করা হয়, মতিঝিলের ব্রোকারেস হাউস সালতা ক্যাপিট্যাল লিমিটেডে সায়েম ও মোবিন ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার নিজেদের মধ্যে কেনা-বেচা করে দাম বাড়ায়। তারা আটটি অ্যাকাউন্টে নিজেদের মধ্যে লেনদেন করে এ শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে ২৫ শতাংশ বাড়িয়ে বিপুল পরিমাণ মুনাফা তুলে নেয় বলে মামলায় অভিযোগ করা হয়। অন্য তিন আসামি এফপিআই সিকিউরিটিজ নামে একটি ব্রোকারেজ হাউসে পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর শেয়ার নিজেদের মধ্যে কেনা-বেচার করে দাম অস্বাভাবিক বাড়িয়ে তোলেন বলে মামলায় অভিযোগ করা হয়। এতে সাধারণ বিনিয়োগকারীরা ওই শেয়ার কিনতে প্রলুব্ধ হয় এবং অভিযুক্তরা তেোদর শেয়ার উচ্চমূল্যে বিক্রি করে বেআইনিভাবে লাভবান হন বলে মামলার অভিযোগ। মামলা দায়েরের ক্ষেত্রে পুঁজিবাজারে কারসাজি তদন্তে গঠিত খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনকে ভিত্তি ধরা হয়। ওই তদন্ত কমিটি এ বছরের ৩১ মার্চ সরকারের কাছে প্রতিবেদন দেয়। দুই মামলাতেই ইব্রাহীম খালেদ এবং ওই তদন্ত কমিটির সদস্য তৌফিক আহমেদ চৌধুরী ও নিহাদ কবিরসহ ১১ জনকে সাক্ষী করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭৪৫ ঘ.