২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন ঠেকাতে এসইসিতে বৈঠক

পুঁজিবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আবারো আলোচনা করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বৈঠকে দরপতনের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তারল্য ও আস্থার সংকটকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আবারো আলোচনা করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বৈঠকে দরপতনের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তারল্য ও আস্থার সংকটকে। এ সংকট কাটাতে পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে বলে বৈঠক শেষে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে বলা হয়েছে। সোমবার সকালে মতিঝিলে এসইসি কার্যালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন, সম্পদ ব্যবস্থাপক সংগঠন ও শীর্ষস্থানীয় কয়েকটি ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এসইসি। স¤প্রতি বাজারে টানা দরপতনের পর বিভিন্ন পক্ষের সাথে কয়েক দফা বৈঠক করেছে এসইসি। এসব বৈঠকে অবশ্য বাজার পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন সাংবাদিকদের বলেন, "বাজার ধারাবাহিকভাবে নিন্মগামী হওয়ায় আমরা বাজার সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করেছি। সেখানে বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়েছে। সেসব সমাধানে কী পদক্ষেপ নেওয়া যায়, সেগুলো আলোচনা করা হয়েছে।" ঢাকা স্টক এক্সচেঞ্জের জেষ্ঠ্য সহ-সভাপতি আহসানুল ইসলাম বলেন, "বাজারে তারল্য ও আস্থার সংকট রয়েছে। এটি সমাধানে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে নিজ দায়িত্ব পালন করে যেতে হবে। সবার সম্মিলিত পদক্ষেপের মাধ্যমেই একটি স্থিতিশীল বাজার তৈরী হবে।" তিনি জানান, এজন্যে একটি শক্তিশালী এসইসি গঠন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার জন্যে তারা পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি শেখ মর্তুজা আহমেদ বলেন, "আজকের বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তারল্য সংকট ও আস্থার অভাব তার মধ্যে রয়েছে। তারল্য সংকট সমাধানে কিছুটা সময় লাগবে। আর সবাই মিলে একসাথে কাজ করলেই আস্থার সংকট দুর করা সম্ভব হবে।" এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ বলেন, "এতদিন বিভিন্ন পক্ষ আলাদাভাবে নানা পদক্ষেপ নিয়েছে। বাজার পরিস্থিতির উন্নয়নে এসব পদক্ষেপ সম্মিলিতভাবে নেওয়া দরকার। " তবে এতসব উদ্যোগের পরেও বাজারে কেন দরপতন চলছে, সে বিষয়ে তারা কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি। এসইসি নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, "রাতারাতি সব কিছু পাল্টানো যায় না। একটা আইন পরিবতন করতে হলেও সময় লাগে। সবাইকে ধৈর্য্য ধরতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৬৩০ ঘ.