ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচক গত চার মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমেছে।
এরই মধ্যে বাজার স্থিতিশীল রাখার দাবিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন করেছেন ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা।
সোমবার লেনদেন শুরুর পর থেকেই সূচক ওঠানামা করেছে। লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৮ দশমিক ৮৫ পয়েন্ট। ২৯ মের পর এটিই সর্বনিু। সেদিন সাধারণ সূচক ছিল ৫ হাজার ৪৮৯ দশমিক ৮৮ পয়েন্ট।
এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৩৬টির এবং বদলায়নি ১৫টির। লেনদেন হয়েছে ২৫৫ কোটি ৮০ লাখ টাকার। ৮ সেপ্টেম্বরের পর এটাই সর্বনিু লেনদেন। সেদিন লেনদেন হয়েছিল ২৪১ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহের দরপতনের ধারাবাহিকতায় রোববার ডিএসই সাধারণ সূচক ১৯৪ দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৫৩৩ দশমিক ৩৯ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক ১৮২ দশমিক ৪০ পয়েন্ট বা ৩ দশমিক ০৯ শতাংশ কমে হয়েছিল ৫ হাজার ৭২৭ দশমিক ৮০ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে পুজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে আগামী ১১, ১২, ১৩ অক্টোবর ডিএসই-এর সামনে প্রতীকি অনশন ও অবস্থান করার কর্মসূচি ঘোষণা করেছে ঐক্য পরিষদ। বাজার স্থিতিশীল না হলে ১৬ তারিখ থেকে আমরণ অনশনের হুমকিও দিয়েছে তারা।
রোববারও দরপতনের কারণে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।
সোমবার সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। ১১টা ৫ মিনিটে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৭২ দশমিক ৫২ পয়েন্টে। ১১টা ১০ মিনিট থেকে সূচক কমতে শুরু করে। বেলা ১২টায় ডিএসই সাধারণ সূচক ৫০ দশমিক ৩৫ পয়েন্ট কমেছিল। এরপর সূচকের ওঠানামা চললেও দিন শেষ হয় দরপতন দিয়েই।
সোমবার লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণ ফোন, বেক্সিমকো লি., ন্যাশনাল ব্যাংক, মবিল যমুনা লুব্রিকেন্টস, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, এমআই সিমেন্ট, ইউসিবিএল ও মালেক স্পিনিং।
দর বাড়ার শীর্ষে আজকের ১০টি কোম্পানি হলো, ইবনে সিনা ফার্মা, রূপালী ইন্সুরেন্স, রিলায়েন্স ১, রেকিট বেঙ্কিজার, ইস্টার্ন ব্যাংক লি. ১ম মিউচুয়াল ফান্ড, মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট, কর্ণফুলি ইন্সুরেন্স, তাক্কাফুল ইন্সুরেন্স ও এসিআই।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো, মার্কেন্টাইল ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, বিডি অটোকারস, ৫ম আইসিবি, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন কেবলস, ৪র্থ আইসিবি, শমরিতা হাসপাতাল, স্ট্যান্ডার্ড সিরামিকসস ও রিপাবলিক ইন্সুরেন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসইউ/১৫৩০ ঘ.
bdnews24