২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাইট শেয়ারের প্রস্তাব ফ্যাস ফাইন্যান্সের

পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করার প্রস্তাব করেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 07:25 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করার প্রস্তাব করেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। পাশাপাশি অনুমোদিত মূলধন বাড়ানো ও অভিহিত মূল্য পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটি জানিয়েছে, ফ্যাস ফাইন্যান্স প্রতিটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০টা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য পড়বে ২০ টাকা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ রাইট শেয়ারের রেকর্ড তারিখ নির্ধারণ করা হবে। ফ্যাস ফাইন্যান্স জানিয়েছে, কোম্পানিটির বর্তমানের ২১০ কোটি টাকার অনুমোদিত মূলধন বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা এবং ৫০টি শেয়ারের লটের পরিবর্তে ৫০০টির লট করা হবে। ফ্যাস ফাইন্যান্স পুঁজিবাজারে তালিকাভূক্ত হয় ২০০৮ সালে। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৫১ কোটি ৭০ লাখ। কোম্পানিটির ৫১ লাখ ৬৬ হাজার ৪৩৮টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের কাছে রয়েছে ৬৪ শতাংশ, ইনস্টিটিউটের কাছে ৮ দশমিক ৬৭ শতাংশ এবং বাকি ২৭ দশমিক ৩৩ শতাংশ রয়েছে পাবলিকের কাছে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ফ্যাস ফাইন্যান্স দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি ১১ থেকে জুন ১১) কর পরবর্তী মুনাফা করেছে প্রায় ৪৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল প্রায় ৫ কোটি ৭৮ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২৫৯ ঘ.