ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত জুন মাসে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডস।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এ ঘোষণার পর ফার্মা এইডসের শেয়ারের দাম কমতে শুরু করে।
গত বছরের ২৮ অক্টোবর ফার্মা এইডস শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ স্টক ও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ওইদিন তাদের শেয়ারের দাম ৭০০০ হাজার টাকা থেকে একলাফে ২৫ হাজার টাকায় ওঠে।
ওইদিনই প্রতিষ্ঠানটির শেয়ারের লেনদেন বন্ধ করে দেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এক মাসেরও বেশি সময় আটকে রাখার পর ২ ডিসেম্বর আবারো শেয়ার লেনদেনের অনুমতি পায় ফার্মা এইডস।
প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ফার্মা এইডস তাদের সমাপ্ত অর্থবছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা করেছে প্রায় দ্বিগুণ।
এ কোম্পানির মোট শেয়ারের বাজার মূল্য ১০৪ কোটি ৪৮ লাখ টাকা। তাদের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১২৩৮ ঘ.
bdnews24