ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ ২৪ দশমিক ১২ শতাংশ বেড়ে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষে চলে এসেছে বঙ্গজ -এর শেয়ার।
'অতিমূল্যায়িত' এ শেয়ারটি গত পাঁচ কার্যদিবস ধরে এক টানা বেড়ে সর্বশেষ লেনদেন হয়েছে ১ হাজার ৮৭৩ টাকা ২৫ পয়সায়।
খাদ্য খাতের অন্তর্ভূক্ত বঙ্গজের পরিশোধিত মূলধন ১ কোটি ১০ লাখ ও বাজার মূলধনের পরিমান ১৯ কোটি ৯৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের পরিমাণ ১ লাখ ১২ হাজার ৫০০টি।
এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৫০ শতাংশ। ৩৯ দশমিক ২৪ শতাংশ পাবলিক শেয়ার। ১০ দশমিক ৭৬ শতাংশ শেয়ার ইনস্টিটিউটের কাছে রয়েছে।
ডিএসইতে ওয়েবসাইটে দেওয়া বঙ্গজের সর্বশেষ আর্থিক প্রতিবেদন থেকে দেখা যায়, কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে।
জুলাই ২০১০ থেকে মার্চ ২০১১ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে বঙ্গজের কর পরবর্তী মুনাফা হয়েছে ১৩ লাখ ২০ হাজার টাকা, যা তার আগের বছরের একই সময়ে ছিল ১৭ লাখ ৭০ হাজার টাকা।
জুলাই ২০১০ থেকে মার্চ ২০১১ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ টাকা ৭১ পয়সা, যা তার আগের বছরের একই সময়ে ছিল ১৫ টাকা ৭৫ পয়সা।
বঙ্গজের শেয়ারের মূল্য ও আয়ের অনুপাত (পিই) ১১৯ দশমিক ৯৮।
পিই রেশিও ৪০ ছাড়িয়ে গেলে অতিমূল্যায়িত বা ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে ঋণ সুবিধা দেওয়া হয় না।
এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনও শেয়ারের প্রত্যাশিত পিই ১৫। তাপরও ২০ পর্যন্ত টলারেবল। কিন্তু এর বেশি হলেই সেটা ঝুঁকিপূর্ণ বা অতিমূল্যায়িত।"
গত সপ্তাহের ডিএসইতে দাম বাড়ার তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির শেয়ারের মধ্যে রয়েছে, চিটাগাং ভেজিটেবল (২০ দশমিক ৯৮ শতাংশ), ওশান কনটেইনারস লিমিটেড (২০ দশমিক ৬৩ শতাংশ), মেঘনা লাইফ ইন্সুরেন্স (১৭ দশমিক ২১ শতাংশ), সন্ধানী লাইফ ইন্সুরেন্স (১৭ দশমিক ০৭ শতাংশ), ফার্মা এইডস (১৬ দশমিক ৮৯ শতাংশ), জেমিনি সি ফুডস (১৬ দশমিক ৭৫ শতাংশ), মুন্নু স্টাফলারস (১৬ দশমিক ৪৫ শতাংশ), সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (১৬ দশমিক ২৮ শতাংশ) এবং কাসেম ড্রাইসেলস (১৬ দশমিক ০৭ শতাংশ)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/ ১৮৩৯ ঘ.
bdnews24