২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক লেনদেন বাড়লেও 'অস্থিতিশীল' পুঁজিবাজার

নানা উদ্যোগের পর গত সপ্তাহে সূচক ও লেনদেন বাড়লেও পুঁজিবাজার 'অস্থিতিশীল' ছিল বলে মনে করছেন বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ নানা উদ্যোগের পর গত সপ্তাহে সূচক ও লেনদেন বাড়লেও পুঁজিবাজার 'অস্থিতিশীল' ছিল বলে মনে করছেন বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। তবে চলতি সপ্তাহে পুঁজিবাজার 'আরো' স্থিতিশীলতার দিকে যেতে পারে বলেও মনে করছেন তারা। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২৫৭ দশমিক ৮৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয়েছে ৫৯১০ দশমিক ২০ পয়েন্ট। তার আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৩১৪ দশমিক ১৯ পয়েন্ট বা ৫ দশমিক ২৭ শতাংশ কমেছিল। গত সপ্তাহে ডিএসই বাজার মূলধন প্রায় ১০ হাজার কোটি টাকা বেড়ে হয়েছে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৩২১ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৪৮টির, কমেছে ১৬টির এবং বদলায়নি ২টির দাম। পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে সূচক ও লেনদেন বাড়লেও বাজার ছিল অস্থিতিশীল। গত সপ্তাহেও বাজারে আস্থার ঘাটতি দেখা গেছে।" গত সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। তার আগের সপ্তাহে প্রতিদিন গড় লেনদেন হয়েছিল ৩৪৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। ওসমান ইমাম বলেন, "পুঁজিবাজারে আকার অনুযায়ী এ লেনদেন খুবই কম। প্রতিদিন গড়ে ১ হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হলে বাজার স্থিতিশীল হয়েছে বলা যাবে।" ডিএসই সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে সূচক ও লেনদেন বেড়েছে। নানা ধরণের পদক্ষেপের কারণেই গত সপ্তাহে সূচক বেড়েছে। আবার গত সপ্তাহে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর প্রভাব চলতি সপ্তাহে পড়বে।" "আমরা আশা করছি গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বাজারের সূচক ও লেনদেন বাড়বে," বলেন তিনি। গত সপ্তাহে সংশোধিত বুক বিল্ডিং পদ্ধতি নীতিমালা চূড়ান্ত অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গত বৃহস্পতিবার পুঁজিবাজারের অস্থিতিশীলতা ঠেকাতে এবং মার্জিন ঋণ নিয়ে অচলাবস্থা নিরসনে বেসরকারি খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণে 'বাজার স্থিতিশীলকরণ তহবিল' নামে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এ তহবিল গঠনের ঘোষণার ইতিবাচক প্রভাব বাজারে পড়তে পারে বলে মনে করেন মাহমুদ ওসমান ইমাম। তিনি বলেন, "এর ফলে সপ্তাহের শুরুতেই বাজার ভালো যেতে পারে। বিনিয়োগকারীরা যদি মনে করেন, এ পদক্ষেপ থেকে ভালো ফল আসবে তাহলে তাদের আস্থা ফিরবে। আর যদি মনে করেন তারা উপকৃত হবেন না, তাহলে আস্থায় ঘাটতি দেখা দেবে।" এর আগে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয় এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগ সীমা স্থগিত করেছে এসইসি। এছাড়া কোনো কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা এবং কোনো কোম্পানির পাঁচ শতাংশ বা এর বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদেরও ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭৩৫ ঘ.