২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যায় এসব এলাকার অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বন্যা কবলিত ইউনিয়নগুলো হচ্ছে- ইসলামপুরের কুলকান্দি, সাপধরি, নোয়ারপাড়া, বেলগাছা, পাথশী, চিনাডুলি এবং দেওয়ানগঞ্জের চিকাজানী, চুকাইবাড়ি, বাহাদুরাবাদ ও হাতিবান্ধা।

নিম্নাঞ্চলের লোকজন বিভিন্ন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে রোপা-আমনসহ বিভিন্ন ফসলি ক্ষেত। ডুবে গেছে নিচু এলাকার সড়ক।

এদিকে পানি বাড়ছে পুরাতন ব্রহ্মপুত্র, জিনজিরাম, ঝিনাইসহ শাখা নদ-নদীগুলোরও।

ইসলামপুরের উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী মণ্ডল জানান, বন্যায় ৬টি ইউনিয়নের নিচু এলাকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে বন্যা কবলিতরা।

রোপা-আমনসহ উঠতি বিভিন্ন ফসলি জমি ডুবে গেছে। এখনো পর্যন্ত সরকারিভাবে কোন ত্রাণ সহায়তা করতে পারেন নাই বলেও জানান তিনি।

চিনাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, তার ইউনিয়নের পুরোটাই বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে শুকনো খাবারসহ ত্রাণ তৎপরতার দাবি জানান তিনি।

দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, উপজেলার ৪টি ইউনিয়নের নিচু এলাকায় বাড়ি-ঘরে বন্যার পানি ঢুকেছে। তবে এখনো তা ভয়াবহ কিছু না।

নিচু এলাকায় পানি উঠায় রোপা আমনসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।