অ্যানোনিমাস সংশ্লিষ্টতা অস্বীকার করলেন কিস
হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন অ্যানোনিমাসকে সহযোগিতার কথা অস্বীকার করেছেন বার্তা সংস্থা রয়টার্সের সোশ্যাল মিডিয়া বিষয়ক উপ সম্পাদক ম্যাথু কিইস। সম্প্রতি অভিযোগ উঠেছে, মার্কিন সংবাদপত্র লস এঞ্জেলস টাইমসের মালিক ট্রিবিউন কোম্পানির লগ ইন আইডি এবং পাসওয়ার্ড অ্যানোনিমাস হ্যাকারদের সরবরাহ করেছিলেন কিস। সিনেট জানিয়েছে ফেইসবুক ফ্যান পেইজে লেখা এক পোস্টে সব অভিযোগই অস্বীকার করেছেন তিনি।
একসময় ওয়েব প্রোডিউসার হিসেবে ট্রিবিউন কোম্পানিতে কাজ করতেন কিস। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইন্টারনেট চ্যাট ফোরামে অ্যানোনিমাস হ্যাকারদের সঙ্গে ট্রিবিউন কর্মী পরিচয়ে চ্যাট করেন এবং হ্যাকারদের ট্রিবিউনের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লস এঞ্জেলস টাইমসের ওয়েবপেইজটি হ্যাক করতে উৎসাহিত করেন।
লস এঞ্জেলস টাইমসের ওপর চালানো ওই সাইবার আক্রমণে সাইটটির একাধিক সংবাদ শিরোনাম পাল্টে দিয়েছিলো অ্যানোনিমাস। তবে ওই ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন কিস।
নিজের ফেইসবুক ফ্যান পেইজে কিস তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগের কথা আলাদাভাবে উল্লেখ করে বলেন, ‘আমি কাউকে কোনো ইউজার নেইম এবং পাসওয়ার্ড দেইনি, প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে ক্ষতি করতে কোনো ষড়যন্ত্র আমি করিনি এবং কোনো ধরনের ক্ষতিকর কোড ট্রান্সফার করা অথবা ট্রান্সফার করতে সহযোগিতাও করিনি।’।
১২ এপ্রিল থেকে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর আদালতে বিচার শুরু হবে কিসের বিরুদ্ধে আনা অভিযোগের। অভিযোগ প্রমাণিত হলে ২৫ বছরের কারাদ- এবং সাড়ে সাত লাখ ডলার জরিমানা হতে পারে তার।
