২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যকে ইইউ’য়ে থাকার আহ্বান হকিংয়ের

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থেকে যাওয়ার পক্ষে মত দেওয়া দেড়শর বেশি  শীর্ষ বিজ্ঞানীর দলে এবার যোগ দিয়েছেন স্টিফেন হকিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 07:31 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

পদার্থ বিজ্ঞানের জীবন্ত কিংবদন্তী হকিং বলেন, “ইইউ ত্যাগ যুক্তরাজ্যের বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বিপর্যয়কর হবে।”

বৃহস্পতিবার ‘দ্য টাইমস’ এ এক চিঠিতে হকিং ও দ্য রয়্যাল সোসাইটির অন্যান্য সদস্যরা (যাদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী তিন বিজ্ঞানীও রয়েছেন) যুক্তরাজ্যের ইইউ ত্যাগের বিরোধিতা করেন।

তাদের যুক্তি, ইইউ সংযোগ কেটে যাওয়া বিজ্ঞান গবেষণার জন্য দুইদিক থেকে বিধ্বংসী হবে।

“প্রথমত,তহবিল বৃদ্ধির কারণে সামগ্রিকভাবে ইউরোপে বিজ্ঞান চর্চার মাত্রা অনেকখানি বেড়েছে, বিশেষত যুক্তরাজ্যে। কারণ, আমরা এখন তীব্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে রয়েছি।”

“দ্বিতীয়ত, এখন আমরা ইউরোপ মহাদেশ থেকে অনেক সেরা গবেষককে নিয়োগ দিতে পারি। তাদের মধ্যে ওই সব তরুণও আছে যারা ইইউ থেকে অনুদান পেয়েছে এবং তা নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পথ বেছে নিয়েছে।”

“আমরা ইউরোপের সবচেয়ে মেধাবী মানুষদের এখানে এনে এবং তাদের গবেষণায় তহবিল সরবরাহের মাধ্যমে যুক্তরাজ্যের বিজ্ঞানের ভবিষ্যত নিশ্চিত করতে সক্ষম হব। সেইসঙ্গে অন্যান্য জায়গার সেরা বিজ্ঞানীদের এখানে এসে কাজ করতে উৎসাহিত করতে পারব।”

উদাহরণ হিসেবে  বিজ্ঞানীরা সুইজারল্যান্ডের প্রসঙ্গ টেনে বলেছেন, দেশটি শ্রমিকদের অবাধ চলাচলে বাধা সৃষ্টির পক্ষে ভোট দেওয়ার পর তরুণ মেধাবীরা এখন আর সেদেশে যেতে চাইছে না।

ইইউ’তে থাকা বা না থাকা বিষয়ে জুনে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।