২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ স্টেশনে রসদ পাঠালো জাপান

জরুরি রসদ সরবরাহ করতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি রকেট পাঠিয়েছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাপান প্রতিনিধি: এস এম নাদিম মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 09:52 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

বুধবার স্থানীয় সময় রাত ৮ টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৫ টা ৫০) কাগুসিম প্রদেশের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে  একটি এইচ-টুবি রকেট উৎক্ষেপ করা হয়। এর সঙ্গে সংযুক্ত আছে সাড়েপাঁচ টন ওজনের ‘কনুতরী’ নামক  একটি রসদবাহী কার্গো জাহাজ । জাপানের মহাকাশ গবেষণা সংস্থা একথা জানিয়েছে।

এটির মধ্যে দিয়ে জাপান গত ছয় বছরে পঞ্চমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ‘কনুতরী’ পাঠালো যেগুলোর প্রতিটি সফলভাবে মহাকাশ কেন্দ্র পৌঁছেছে।

জাপানের মহাকাশ গবেষণা সংস্থার উদ্ধৃতি দিয়ে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে রাত ১১ টার সংবাদে বলেছে, পৃথিবী থেকে প্রায় চারশ’ কিলোমিটার দূরে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে খাবার, বিশুদ্ধ পানি ও যন্ত্রাংশ পৌঁছে দেবে কনুতরী।  এ কার্গো জাহাজটি পৌঁছতে সময় লাগবে পাঁচদিন।

গত বছর অক্টোবরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দেয়া  বিশুদ্ধ খাবার ও পানি ফুরিয়ে গেছে। গবেষকরা মূত্র পরিশোধন করে পানি ব্যবহার করতেন।

গত জুলাইয়ের শুরুতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জাপানের ‘এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’কে (জাক্সা) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ পাঠানোর অনুরোধ জানায়।

জাক্সার মুখপাত্র ইয়ূসুকি সুজকি বলেন, যুক্তারাষ্ট্রের পাঠানো অনুরোধে আমরা মাত্র এক মাসের কম সময়ে এই রসদবাহী কার্গো রকেটটিকে প্রস্তুত করি। যদিও কাজটি অনেক কঠিন ছিল, তারপরও আমরা  পিছপা হইনি।

জাপান স্পেশ স্টেশনের কিমিয়া ইয়ূ বলেন, আমরা এমন একটি কাজ করেছি যা জাপানিদের জন্য গর্বের বিষয়। আমাদের এ রকেট উৎক্ষেপণের মধ্যে দিয়ে বিশ্ববাসী আমাদের ক্ষমতা দেখল।

‘কনুতরী’ একটি জাপানি পাখির নাম। যার অর্থ উড়ন্ত শুভ্র।