২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির সৈনিক আইনস্টাইন–শেষ পর্ব

স্বপন কুমার গায়েন

Published : 05 May 2022, 11:49 AM

Updated : 22 Jul 2022, 02:49 AM


পারমানবিক বোমা
আইনস্টাইন সম্ভবত বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ ট্রাজিক চরিত্র। কূটাভাস মনে হলেও কথাটি সত্য। সত্য যে মহাবিশ্ব সম্বন্ধে মানুষের জ্ঞানের পরিধিকে প্রসারিত করার সাধনায় তিনি চমকপ্রদ সাফল্য অর্জন করেছেন, জীবনকালেই তাঁর অনেক বিপ্লবাত্মক বৈজ্ঞানিক ধারণার সত্যতা প্রমাণিত হতে দেখেছেন, অপেক্ষাকৃত কম বয়সে স্বীকৃতি পেয়েছেন এবং সারা জীবন জুড়ে বিজ্ঞান জগতেই শুধু নয়, বাইরের পৃথিবীতেও সভ্যতার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ বলে গণ্য হয়েছেন। অথচ দুর্ভাগ্য এই যে তাঁর অন্যতম প্রধান তত্ত্বের ফলাফল প্রথম ব্যবহৃত হয়েছে ধ্বংস ও মৃত্যুর দানবীয় শক্তিসম্পন্ন এক অস্ত্র নির্মাণে, তাঁর বহুল আকাঙ্ক্ষিত মানবকল্যাণে নয়; এবং স্বয়ং আজীবন নিবেদিতপ্রাণ শান্তির সৈনিক হয়েও ইতিহাসের নির্মম পরিহাসে মানুষের অস্তিত্বের প্রতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ পারমাণবিক অস্ত্র ও যুদ্ধযুগের সূচনা লগ্নটিকে নিকটে এনে দিয়েছেন।

আইনস্টাইন পারমাণবিক অস্ত্র গবেষণায় কখনোই প্রত্যক্ষ অংশগ্রহণ করেন নি। তাঁর ভূমিকা ছিল পরোক্ষ এবং দ্বিবিধ। প্রথমত পারমাণবিক বোমা বিস্ফোরণে যে প্রচণ্ড শক্তি নির্গত হয়, তার মূলে রয়েছে বস্তুর শক্তিতে রূপান্তর। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের (Special Theory of Relativity) অন্যতম প্রধান সিদ্ধান্ত বস্তু ও শক্তির সমতুল্যতা, অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে বস্তু শক্তিতে পরিবর্তিত হতে পারে এবং শক্তি বস্তুতে। আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ,
E = mc2, (নির্গত শক্তি বস্তুর ভর এবং আলোর বেগের বর্গের গুণফলের সমান)
ব্যবহার করে ভরের রূপান্তরের যে শক্তি বেরিয়ে আসবে তার পরিমাণ নির্ধারণ করা যায়। অত্যন্ত পরোক্ষভাবে হলেও তাঁর অপূর্ব "ভর-শক্তি সমীকরণের" প্রথম বাস্তব ব্যবহার হয়েছিল মৃত্যু আর ধ্বংসের সবচেয়ে শক্তিশালী ও বিভীষিকাময় অস্ত্র নির্মাণে।

অন্যদিকে আইনস্টাইন প্রেসিডেন্ট রুজভেল্টকে চিঠি লিখেছিলেন পারমাণবিক শক্তি ও অস্ত্র গবেষণার জরুরী প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করে। ফলে সরকারী পর্যায়ে আমেরিকায় যে গবেষণা কর্মসূচী শুরু করা হয়েছিল পারমানবিক বোমা ছিল তার প্রথম ফসল। হিটলারের জার্মানী আগেভাগেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে, এই ভীতি থেকেই মূলতঃ আইনস্টাইন আমেরিকায় বোমা তৈরির সুপারিশ করেন। ভীতির কারণ ছিল। ১
ভীতির কারণ বোঝার জন্য পারমাণবিক বোমার মূলসূত্র "ফিশন বিক্রিয়ার" (Nuclear fission) আবিষ্কার, ইউরোপ-আমেরিকার বিজ্ঞানীদের মধ্যে তৎসংক্রান্ত জ্ঞান ও ফলাফলের বিসরণ, ইউরোপের ফ্যাসিবাদী ও নাৎসীবাদী অঞ্চল থেকে প্রথিতযশা বিজ্ঞানীদের স্থানান্তর, এবং তখনকার আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে বিজ্ঞানীদের আশঙ্কার পর্যালোচনা করা প্রয়োজন।১,২

আইনস্টাইনের ভর-শক্তি সমীকরণ পরমাণু ভেঙে বিপুল পরিমাণ শক্তি পাওয়ার সম্ভাবনা নির্দেশ করলেও লাভজনকভাবে সে শক্তি আহরণের কোন পদ্ধতি জানা ছিলনা। জার্মানীর কাইজার উইলহেল্ম ইনস্টিটিউটের দুই বিজ্ঞানী, অটো হান ও ফ্রিটজ স্ট্রাসমান, ১৯৩৮ সালের ডিসেম্বরে ধীর-গতি নিউট্রন দিয়ে তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়ামকে আঘাত করার ফলাফল পর্যবেক্ষণ করছিলেন। ইউরেনিয়াম ও নিউট্রনের মিথস্ক্রিয়ায় উৎপন্ন পদার্থের মধ্যে তাঁরা বেরিয়াম মৌল সনাক্ত করেন। বেরিয়াম পরমাণুর ভর ইউরেনিয়াম পরমাণুর ভরের অর্ধেকের কাছাকাছি। হান এই চমকপ্রদ ফলাফল তার দীর্ঘদিনের সহযোগী লিজ মাইটনারকে জানান। ইহুদী-বংশোদ্ভূত মাইটনার তখন জার্মানী থেকে পালিয়ে সুইডেনে আশ্রয় নিয়েছেন। তাঁর বোন-পো অটো ফ্রিসচের সাথে কাজ করে মাইটনার সিদ্ধান্তে পৌঁছান যে ধীর-গতি নিউট্রনের আঘাতে ইউরেনিয়াম ভেঙে দু'টি কাছাকাছি ভরের অপেক্ষাকৃত হালকা পরমাণু সৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে শক্তি বেরিয়ে আসে। মিথস্ক্রিয়াটির নাম দেয়া হয় "ফিশন বিক্রিয়া।"

ফ্রিসচ কাজ করতেন প্রথিতযশা পদার্থবিজ্ঞানী নীলস বোরের সাথে। মাইটনার ও ফ্রিসচের প্রবন্ধ জার্নালে প্রকাশের আগেই বোরকে দেয়া হয়। বোর গবেষণার সুদুরপ্রসারী তাৎপর্য সাথে সাথে অনুধাবন করেন। ওয়াশিংটনে ১৯৩৯ সালের জানুয়ারী মাসের শেষদিকে অনুষ্ঠিত এক বিজ্ঞান সম্মেলনে তিনি ফিশন বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করেন। সম্মেলনে সাড়া পড়ে যায়। কয়েকজন বিজ্ঞানী সম্মেলন শেষ হবার আগেই নিজ নিজ ল্যাবে ফিরে গিয়ে পরীক্ষার পুনরাবৃত্তি করে ফলাফল যাচাই করতে সক্ষম হন। ফিশন বিক্রিয়া সংক্রান্ত গবেষণা জোরেসোরে এগোতে থাকে।

আমেরিকায় তখন বিজ্ঞানের উজ্জ্বল সব জ্যোতিষ্কের এক মহা সমাবেশ। ইউরোপ-ছেড়ে-আসা প্রথিতযশা বিজ্ঞানীদের মধ্যে আইনস্টাইন ছাড়াও রয়েছেন এনরিকো ফার্মি, ইউজিন উইগনার, এডওয়ার্ড টেলার, লিও জিলার্ড, ভিক্টর ওইসকফ প্রমুখ। আমেরিকান বিজ্ঞানীদের মধ্যে আছেন আর্থার কম্পটন, আর্নেস্ট লরেন্স, রবার্ট ওপেনহাইমার ও অন্যান্য। রিফিউজি বিজ্ঞানীরাই ফিশন বিক্রিয়ার বিপুল সম্ভাবনা এবং জার্মানী সে সম্ভাবনাকে আগেভাগে অস্ত্র তৈরীর কাজে ব্যবহার করলে কী ভয়াবহ বিপদ দেখা দেবে সে সম্বন্ধে বেশি সচেতন ও উদ্বিগ্ন ছিলেন।

চলমান গবেষণা থেকে ফিশন বিক্রিয়া সম্বন্ধে তখনকার জানা তথ্যগুলি ছিল নিম্নরূপ: ইউরেনিয়ামের একটিমাত্র আইসোটোপ ইউরেনিয়াম-২৩৫ ফিশন বিক্রিয়ায় অংশ নেয়। বিক্রিয়ার ফলে একটি ইউরেনিয়াম-২৩৫ পরমাণু ভেঙে তৈরি হয় মাঝারি ভরের দু'টি পরমাণু (যেমন বেরিয়াম ও ক্রিপ্টন), দুই থেকে তিনটি দ্রুতগতি নিউট্রন এবং প্রায় ২০০ মিলিয়ন ইলেক্ট্রন ভোল্ট শক্তি। সবসময় যে এই দুই পরমাণু তৈরি হবে এমন কোন নিশ্চয়তা নেই, কাছাকাছি ভরের অন্য দু'টি পরমাণুও তৈরি হতে পারে। দ্রুতগতিসম্পন্ন যে নিউট্রনগুলি বেরিয়ে আসে তারা অন্য ইউরেনিয়াম-২৩৫ পরমাণুদের আঘাত করে ফিশন বিক্রিয়া ঘটাতে পারে না। তবে তাদের বেগ কমিয়ে যদি ফিশন ঘটাতে পারার মত ধীরগতিসম্পন্ন করে তোলা যায় তবে একটি "শৃঙ্খল বিক্রিয়া" (চেইন রিঅ্যাকশন) শুরু করা যায়। হিসেবটি এরকম। একটি ইউরেনিয়াম-২৩৫ পরমাণুর ফিশনে কমপক্ষে দু'টি (দুই এবং তিনের মধ্যে ছোট সংখ্যাটিকে ধরে নিয়ে) নিউট্রন মেলে। সেই দু'টি নিউট্রনকে যথেষ্ট ধীরগতিসম্পন্ন করে আরো দু'টি ইউরেনিয়াম-২৩৫ পরমাণুর ফিশন ঘটিয়ে শক্তি এবং কমপক্ষে আরো চারটি নিউট্রন পাওয়া যায়। সেই চারটি নিউট্রনকে ধীরগতিসম্পন্ন করে চারটি ইউরেনিয়াম-২৩৫ পরমাণুতে ফিশন ঘটিয়ে আরো শক্তি এবং কমপক্ষে আরো আটটি নিউট্রন পাওয়া যায়। এভাবে বিক্রিয়ার প্রতিটি ধাপে অংশগ্রহণকারী ইউরেনিয়াম-২৩৫ পরমাণু সংখ্যা পূর্ববর্তী ধাপের দ্বিগুণ হবে, বেরিয়ে আসা শক্তির পরিমাণও দ্বিগুণ হবে। আর এভাবে একটি স্বনির্ভর শৃংখল বিক্রিয়ার মাধ্যমে ইউরেনিয়ামের ফিশন চলতেই থাকবে, যতক্ষন পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক ইউরেনিয়াম-২৩৫ পরমাণু মজুত থাকে।

শৃংখল বিক্রিয়া ঘটানোর জন্য ওপরে দেয়া বর্ণনা অতিমাত্রায় সরল। মূল ধারণা এরকম হলেও, তা কার্যকর করার পথে অনেক জটিল প্রযুক্তিগত সমস্যা ছিল। শৃংখল বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় ধীর-গতি নিউট্রনের সরবরাহ একটি আবশ্যক পূর্ব শর্ত। ফিশন বিক্রিয়ায় নিউট্রন নির্গত হলেও, শৃংখল বিক্রিয়ার জন্য তাদের পর্যাপ্ত সময়ের জন্য ধরে রাখা একটি চ্যালেঞ্জ। দ্বিতীয়ত তাদের বেগ কমানো যাবে কী করে? দেখা গেল গ্রাফাইটের (কার্বনের এক রূপ) সাথে সংঘর্ষে দ্রুত নিউট্রন গতিশক্তি হারিয়ে ধীরগতি নিউট্রনে পরিণত হয়। আরো বাস্তবসম্মত (এবং জটিলতর) হিসেব করে দেখা গেল ইউরেনিয়াম ও গ্রাফাইটের স্তর পরপর সাজিয়ে পর্যাপ্ত মাপের চুল্লি তৈরি করলে স্বনির্ভর ফিশন বিক্রিয়া অর্জন করা সম্ভব। ১৯৩৯ সালের মার্চ মাস নাগাদ ফার্মি, জিলার্ড এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণারত বিজ্ঞানীরা শৃংখল বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক শক্তি ও অস্ত্র তৈরির সম্ভাবনা ও সমস্যা সম্বন্ধে যুক্তিসম্মত ধারণায় উপনীত হন।

ফিশন বিক্রিয়ার আবিষ্কার হয়েছিল জার্মানীতে। সেখানে তাঁদের অনেক প্রাক্তন সহকর্মীই যে বড় মাপের বিজ্ঞানী সে কথা রিফিউজি বিজ্ঞানীরা খুব ভালো করে জানতেন। জার্মান প্রকৌশল ও প্রযুক্তি সবসময় ছিল উঁচু মানের। জার্মান সরকার অস্ত্র সংগ্রহ ও নতুন অস্ত্র উদ্ভাবনে খরচ করতে কুণ্ঠিত ছিলনা। এক পর্যায়ে জার্মানী ইউরেনিয়াম রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তাছাড়া ফিশন বিক্রিয়ার জন্যে প্রয়োজনীয় উঁচুমানের ইউরেনিয়াম আকরিক জার্মানী সহজেই বেলজিয়ামের মধ্য আফ্রিকার উপনিবেশ বেলজিয়ান কঙ্গো থেকে সংগ্রহ করতে পারত। এসব কারণে জিলার্ড, ফার্মি, উইগনার, টেলার প্রমুখ বিজ্ঞানীরা সঙ্গতভাবেই আশঙ্কা করেছিলেন জার্মানী পারমাণবিক অস্ত্র নির্মাণের উদ্যোগ নিতে পারে। ফ্যাসিবাদী ও নাৎসীদের হিংস্রতা সম্পর্কে এসব বিজ্ঞানী তাঁদের আমেরিকান সহকর্মীদের চেয়ে অনেক ভালোভাবে জানতেন। আমেরিকায় ফিশন গবেষণা তখনো বিশ্ববিদ্যালয় গবেষণাগারে সীমিত বাজেটে মৌলিক জ্ঞান অর্জনে নিয়োজিত ছিল।

গবেষণা খাতে সরকারী অনুদান বাড়ানোর জন্যে ফার্মি ইউনাইটেড স্টেটস নেভির অ্যাডমিরাল স্ট্যানফোর্ড হুপারের সাথে দেখা করার ব্যবস্থা করেন। পারমানবিক বোমা তৈরি করা সম্ভব হবে কিনা সে সম্পর্কে ফার্মির নিজের সংশয় ছিল। ফলে হুপারের কাছ থেকে তাকে অবগত রাখার অনুরোধ ছাড়া আর কোনো প্রতিশ্রুতি বা সাহায্য ফার্মি পাননি। তেমনি একটি বৈজ্ঞানিক মিটিঙে নেভির প্রতিনিধিদের সাথে জিলার্ডের আলোচনাও ফলপ্রসূ হয়নি।

ফিশন গবেষণায় নিয়োজিত বিজ্ঞানীদের মধ্যে জিলার্ডই সম্ভবতঃ পারমানবিক বোমা তৈরীর প্রযুক্তিগত সম্ভাবনা সম্পর্কে সবচেয়ে কম সন্দিহান এবং জার্মানীর সাফল্য সম্বন্ধে বেশী শঙ্কিত ছিলেন। বসন্তকালীন সেমিস্টার শেষে গ্রীষ্মকালীন বিরতিতে ফার্মি নিউইয়র্কের বাইরে। হেমন্তকালীন সেমিস্টার শুরু হবার আগে তাঁর ফেরার সম্ভাবনা নেই। জিলার্ড তাঁর বন্ধু, হাঙ্গেরিয়ান পদার্থবিজ্ঞানী ইউজিন উইগনারের সাথে আলোচনা করেন। জিলার্ডের মত উইগনারও জার্মান পারমানবিক বোমা তৈরীর সম্ভাবনায় উদ্বিগ্ন হয়ে ওঠেন। জিলার্ড বেলজিয়ামের রাজমাতা এলিজাবেথের সাথে আইনস্টাইনের বন্ধুত্বের কথা জানতেন। স্বামীর মৃত্যুর পর এলিজাবেথ তখন রানী থেকে রাজমাতা। জিলার্ডের প্রাথমিক পরিকল্পনা ছিল আইনস্টাইনের মাধ্যমে বেলজিয়ামকে সতর্ক করে দেয়া যাতে জার্মানীকে ইউরেনিয়াম আকরিক বিক্রি করা না হয়।
আইনস্টাইন তখন লং আয়ল্যান্ডে গ্রীষ্মকালীন অবকাশ কাটাচ্ছেন। জিলার্ড ও উইগনার জুলাই ১৬, ১৯৩৯ তারিখে সেখানে তাঁর সাথে দেখা করতে যান। পরমাণু থেকে কার্যকর শক্তি আহরণ করা সম্ভব হবে বলে আইনস্টাইনের কোন প্রত্যয় ছিলনা। জিলার্ড ইউরেনিয়ামের ফিশন এবং শৃংখল বিক্রিয়া ব্যাখ্যা করার পর তিনি বলেন, "আমি এটা কখনো চিন্তা করিনি।" আরো কিছু প্রশ্ন তুলে এবং মিনিট পনের চিন্তা করার পরে আইনস্টাইন সমস্যার গভীরতা বোঝেন। রাণীমাকে না লিখে, তাঁর পরিচিত এক বেলজিয়ান মন্ত্রীকে লেখার প্রস্তাব করেন। তিনজন রিফিউজি বিজ্ঞানীর পক্ষে নিরাপত্তা সংক্রান্ত কোন ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টকে না জানিয়ে সরাসরি কোনো বিদেশী সরকারের সাথে যোগাযোগ করা সমীচীন হবে না বলে উইগনার সতর্ক করেন। তখন তাঁরা সিদ্ধান্ত নেন আইনস্টাইন বেলজিয়ান রাষ্ট্রদূতকে লিখবেন এবং স্টেট ডিপার্টমেন্টকে একটি কভার লেটারে জানিয়ে দেয়া হবে। আইনস্টাইন জার্মান ভাষায় মৌখিকভাবে চিঠির মুসাবিদা করেন, উইগনার ইংরেজি অনুবাদ করে তাঁর সেক্রেটারিকে দিয়ে টাইপ করিয়ে সে চিঠি জিলার্ডকে পাঠান।

ফিশন গবেষণা ব্যয়সাপেক্ষ। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বাজেটের পক্ষে সে ব্যয় সংকুলান করা সম্ভব হবে না বুঝে, জিলার্ড সমস্যাটি নিউইয়র্কের আর্থিক জগতে কর্মরত এক বন্ধুর সাথে আলোচনা করেন। এই বন্ধু জিলার্ডের পরিচয় করিয়ে দেন নিউইয়র্কের ব্যাংকিং হাউস লেহম্যান ব্রাদার্সের সাথে সংশ্লিষ্ট সুপরিচিত অর্থনীতিবিদ আলেকজান্ডার শ্যাকসের সাথে। শ্যাকস প্রেসিডেন্টের অন্যতম বেসরকারী উপদেষ্টা ছিলেন। শ্যাকস সমস্যার গুরুত্ব অনুধাবন করেন। সত্যিকারের ফলাফল পেতে হলে বেলজিয়ামের রানীমাতা বা রাষ্ট্রদূত নয়, সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করা প্রয়োজন হবে বলে জোর দেন। তিনি নিজে সে চিঠি প্রেসিডেন্টের হাতে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।


জিলার্ড আবার আইনস্টাইনের সাথে দেখা করেন। উইগনার তখন ক্যালিফোর্নিয়ায়। তাই সেবার তাঁর সঙ্গী হন এডওয়ার্ড টেলার। আবার আইনস্টাইনের জার্মান শ্রুতিলিপি থেকে টেলারের লেখা সংস্করণ ব্যবহার করে জিলার্ড চিঠির একটি বড় এবং একটি অপেক্ষাকৃত ছোট ইংরেজি সংস্করণ আইনস্টাইনকে পাঠান। আইনস্টাইন দু'টি চিঠিই স্বাক্ষর করে জিলার্ডকে ফেরত পাঠান। শেষ পর্যন্ত দীর্ঘ চিঠিটি প্রেসিডেন্ট রুজভেল্টকে পাঠানো হয়। চিঠির ভাষ্য ছিল এরকম। ৪

মহোদয়,
পাণ্ডুলিপি আকারে আমার কাছে প্রেরিত ই ফার্মি ও এল জিলার্ডের সাম্প্রতিক কিছু কাজের বিবরণ আমাকে আশান্বিত করে তুলছে যে অদূর ভবিষ্যতে ইউরেনিয়াম মৌলকে এক নতুন ও গুরুত্বপূর্ণ শক্তি উৎসে পরিণত করা যাবে। পরিস্থিতির কতিপয় দিকে প্রশাসনের সতর্ক দৃষ্টি এবং প্রয়োজনবোধে দ্রুত সক্রিয়তা প্রয়োজন। তাই নিম্নলিখিত তথ্য ও সুপারিশসমূহ আপনার গোচরীভূত করা আমি আমার দায়িত্ব মনে করছি।

গত চার মাসে ফ্রান্সে জুলিও এবং আমেরিকায় ফার্মি ও জিলার্ডের কাজের মধ্য দিয়ে সম্ভাবনা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ইউরেনিয়ামের কোন সঞ্চয়ের মধ্যে শৃংখল বিক্রিয়া ঘটানো সম্ভব হতে পারে, যার ফলে বিপুল শক্তি ও প্রচুর পরিমাণে রেডিয়াম জাতীয় পদার্থ তৈরি হবে। অদূর ভবিষ্যতেই যে তা করা যাবে তা এখন প্রায় অবধারিত মনে হচ্ছে।
এই নতুন প্রক্রিয়া বোমা তৈরীর কাজে আসবে; এবং যদিও অনেক কম নিশ্চিত, তবুও ধারণা করা যায় এক নতুন ধরনের অতীব শক্তিশালী বোমা তৈরি করা সম্ভব হবে। এ ধরনের একটি বোমা কোন জলযানে থাকলে বা কোন পোতাশ্রয়ে বিস্ফোরিত হলে পুরো প্রোতাশ্রয়সহ আশেপাশের কিছু জায়গা খুব ভালোভাবে ধ্বংস করে ফেলতে পারবে। অবশ্য বিমানযোগে স্থানান্তর করার জন্য এ বোমা বেশি ভারী প্রমাণিত হতে পারে।

যুক্তরাষ্ট্রে শুধুমাত্র নিকৃষ্টমানের ইউরেনিয়াম আকরিকের মাঝারি গোছের সঞ্চয় আছে। কানাডা ও ভূতপূর্ব চেকোস্লোভাকিয়ায় কিছু ভালো আকরিক আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বেলজিয়ান কঙ্গো।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি শৃংখল বিক্রিয়া নিয়ে আমেরিকায় কর্মরত পদার্থবিজ্ঞানীদের সাথে প্রশাসনের স্থায়ী যোগাযোগ থাকার প্রয়োজনীয়তা বিবেচনা করতে পারেন। এই যোগাযোগ রক্ষার একটি সম্ভাব্য উপায় হচ্ছে, আপনি এমন কাউকে একাজে নিয়োগ করতে পারেন যার ওপর আপনার আস্থা আছে এবং যিনি সম্ভবতঃ বেসরকারীভাবে কাজ করতে পারবেন। তার কাজ নিম্নরূপ হতে পারে:
(ক) সরকারের বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করা, কাজের অগ্রগতি সম্বন্ধে তাদের অবহিত রাখা এবং যুক্তরাষ্ট্রের জন্য ইউরেনিয়াম আকরিক সংগ্রহের সমস্যার দিকে বিশেষ লক্ষ্য রেখে সরকারকে কখন কী পদক্ষেপ নিতে হবে তা সুপারিশ করা।
(খ) প্রয়োজনে অর্থ সরবরাহ করে, যাঁরা এ কাজে অংশগ্রহণ করতে চান তাঁদের সাথে যোগাযোগ রক্ষা করে এবং যেসব শিল্প গবেষণাগারের প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে তাদের সাথে সহযোগিতা গড়ে তুলে, বর্তমান বিশ্ববিদ্যালয় গবেষণাগার সমূহের বাজেট সীমার মধ্যে আবদ্ধ পরীক্ষামূলক কাজকে দ্রুততর করা।
আমি জানতে পেরেছি যে জার্মানী তার অধিকৃত চেকোস্লোভাকিয়ান খনিসমূহ থেকে ইউরেনিয়াম বিক্রি করা প্রকৃতপক্ষে বন্ধ করে দিয়েছে। জার্মানীর এত তাড়াতাড়ি এই ব্যবস্থা গ্রহণকে সম্ভবত এই প্রেক্ষিতে দেখা যেতে পারে যে জার্মান আন্ডার সেক্রেটারি অফ স্টেটের পুত্র ভন ভাইজেকার বার্লিনের কাইজার উইলহেলম ইনস্টিটিউটের সাথে সংশ্লিষ্ট, যেখানে বর্তমানে ইউরেনিয়াম সংক্রান্ত আমেরিকান কাজগুলির পুনরাবৃত্তি চলছে।
আপনার অতীব বিশ্বস্ত
অ্যালবার্ট আইনস্টাইন

আগস্ট ২, ১৯৩৯ তারিখে লেখা আইনস্টাইনের চিঠি প্রেসিডেন্টের কাছে পৌঁছাতে দু' মাসেরও বেশি সময় নেয়। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালের পয়লা সেপ্টেম্বর। যুদ্ধের শুরুতে আমেরিকা নিরপেক্ষ ছিল। তবে অস্ত্রশস্ত্র সংগ্রহ করা শুরু করে; এবং ভবিষ্যতে দরকার হতে পারে এমন সব নতুন অস্ত্র তৈরির কার্যক্রম গ্রহণ করে। জিলার্ড ও উইগনার যখন শ্যাকসের ওপর আস্থা হারাতে বসেছেন, তখন অক্টোবর ১১, ১৯৩৯ তারিখে তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টের সাথে দেখা করেন। আইনস্টাইনের চিঠি ছাড়াও শ্যাকসের সাথে ছিল জিলার্ডের লেখা একটি বৈজ্ঞানিক স্মারকলিপি, আর সমস্যা সম্বন্ধে তাঁর নিজের লেখা একটি সারসংক্ষেপ।

গুরুত্বপূর্ণ বিষয়টি যুদ্ধ শুরু হওয়ার পরে জরুরী বিষয়ে পরিণত হয়েছে। বিষয়টির বিবেচনা যাতে বিলম্বিত না হয় বা চাপা না পড়ে যায় তা সুনিশ্চিত করার জন্য শ্যাকস প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার সময় আইনস্টাইনের চিঠি ও অন্য নথিগুলি নিজে পড়ে শোনান। প্রেসিডেন্ট সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন। গঠিত হয় ইউরেনিয়াম সংক্রান্ত উপদেষ্টা কমিটি (Advisory Committee on Uranium)। তিন সদস্যের সে কমিটিতে ছিলেন ব্যুরো অফ স্ট্যান্ডার্ডসের প্রধান ড: লাইম্যান ব্রিগস (কমিটির চেয়ারম্যান), আর্মি অর্ডন্যান্স ডিপার্টমেন্টের প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল কিথ এডামসন এবং নেভি ব্যুরো অফ অর্ডন্যান্সের কমান্ডার গিলবার্ট হুভার।১
প্রেসিডেন্ট কয়েকদিন পরে আইনস্টাইনকে নীচের চিঠিটি লেখেন:
দ্য হোয়াইট হাউস
ওয়াশিংটন
অক্টোবর ১৯, ১৯৩৯
প্রিয় প্রফেসর,
আপনার সাম্প্রতিক চিঠি এবং তার সাথে প্রেরিত অতীব আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই।
আমার কাছে এসব উপাত্ত এত বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ইউরেনিয়াম মৌলের সম্ভাবনা সম্বন্ধে আপনার পরামর্শ পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে দেখার জন্য আমি ব্যুরো অফ স্ট্যান্ডার্ডসের প্রধান এবং আর্মি ও নেভি থেকে একজন করে প্রতিনিধি নিয়ে একটি বোর্ড গঠন করেছি।
আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, ডঃ শ্যাকস এই কমিটির সাথে সহযোগিতা করবেন। আমি মনে করি এ বিষয় নিয়ে কাজ করার জন্য এই হবে সবচেয়ে বাস্তব ও কার্যকর উপায়।
অনুগ্রহ করে আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন।

খুব আন্তরিকভাবে আপনার
ফ্র্যাংকলিন ডি রুজভেল্ট

কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হয় অক্টোবর ২১, ১৯৩৯ তারিখে। শ্যাকস, জিলার্ড, ফার্মি, উইগনার ও টেলার সে মিটিঙে উপস্থিত ছিলেন। কমিটি নভেম্বর ১, ১৯৩৯ তারিখে প্রেসিডেন্টের কাছে রিপোর্ট পেশ করে। রিপোর্টে শৃংখল বিক্রিয়া ঘটানো এবং তাকে পারমাণবিক শক্তির বড় উৎস হিসেবে ব্যবহার করার সম্ভাবনা উল্লেখ করা হয়। আরো উল্লেখ করা হয় এতে করে এমন শক্তিশালী বোমা তৈরি করা সম্ভব হতে পারে "যার ধ্বংস ক্ষমতা এখনকার জানা কোন কিছুর চেয়ে অনেক বেশি হবে।" এসব প্রযুক্তিগত সম্ভাবনার গুরুত্ব এবং সম্ভাব্য সামরিক মূল্য বিবেচনা করে রিপোর্টে এতদসংক্রান্ত গবেষণা "সরকারের প্রত্যক্ষ আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য" বলে সুপারিশ করা হয়।

উপদেষ্টা কমিটির সমর্থন সত্ত্বেও ইউরেনিয়াম ফিশন গবেষণায় প্রথম বছরের (নভেম্বর ১, ১৯৩৯ থেকে অক্টোবর ৩১, ১৯৪০) সরকারী অনুদান ছিল মাত্র ছয় হাজার ডলার। অথচ কার্নেগী ফাউন্ডেশন দিয়েছিল ২০,০০০ ডলার। সে সময়ে অস্ত্র সংগ্রহ ও অস্ত্র গবেষণায় যে পরিমাণ ব্যয় করা হচ্ছিল, সে তুলনায় সরকারী অনুদানের পরিমাণ এত সামান্য ছিল যে পারমাণবিক অস্ত্র গবেষণার কোন অগ্রাধিকার ছিল বলে মনে হয় না।

গবেষণার কাজ চলছিল মন্থর গতিতে। জিলার্ড এবং শ্যাকস খানিকটা ক্ষুব্ধ ও বিচলিত হয়েই আবার আইনস্টাইনকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেন। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আইনস্টাইন শ্যাকসকে একটি চিঠি লেখেন মার্চ ৭, ১৯৪০ তারিখে। শ্যাকসকে সম্বোধন করে লেখা হলেও চিঠির লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট রুজভেল্ট। জার্মানীতে ইউরেনিয়াম সংক্রান্ত গবেষণা কত জোরেসোরে চলছে বলে জানা যায় তার একটা ধারণা দিয়ে, আমেরিকান গবেষণা কীভাবে এগোচ্ছে সেদিকে প্রচ্ছন্ন ইঙ্গিত করা হয় চিঠিতে। আরো বলা হয়, শ্যাকস যদি চিঠিতে দেয়া তথ্য "প্রেসিডেন্টের গোচরে আনা যুক্তিযুক্ত মনে করেন, তবে নিঃসংকোচে তা করতে পারেন।"

শ্যাকস আইনস্টাইনের দ্বিতীয় চিঠির প্রতি প্রেসিডেন্টের মনোযোগ আকর্ষণ করেন মার্চ ১৫, ১৯৪০ তারিখে। প্রেসিডেন্ট এপ্রিল ৫ তারিখে উপদেষ্টা কমিটির একটি বর্ধিত সভা অনুষ্ঠানের নির্দেশ দেন। সভায় আইনস্টাইন এবং তাঁর নির্দেশিত বিজ্ঞানীরা অংশগ্রহণ করবেন। কমিটির চেয়ারম্যান ব্রিগস আইনস্টাইনকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। অসুস্থতার অজুহাতে আইনস্টাইন সভায় অংশগ্রহণ করেন নি। তবে এপ্রিল ২৫, ১৯৪০ তারিখে ব্রিগসকে লেখা চিঠিতে ফার্মি ও জিলার্ডের কাজ এবং সেই সংক্রান্ত অন্যান্য কাজ যাতে আরো দ্রুত এবং বড় মাত্রায় অগ্রসর হতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রেসিডেন্ট রুজভেল্ট ১৯৪০ সালের জুন মাসে আমেরিকার যুদ্ধ প্রস্তুতি সংক্রান্ত গবেষণা সমন্বিত করার জন্য ন্যাশনাল ডিফেন্স রিসার্চ কমিটি গঠন করেন। ইউরেনিয়াম সংক্রান্ত উপদেষ্টা কমিটিকে ব্রিগসের পরিচালনায় ন্যাশনাল ডিফেন্স রিসার্চ কমিটির একটি সাব-কমিটি হিসেবে সংগঠিত করা হয়। প্রেসিডেন্ট এই নতুন কমিটিকে পারমাণবিক সমস্যার ওপর কাজ করার বিশেষ দায়িত্ব দেন। ন্যাশনাল ডিফেন্স রিসার্চ কমিটি গঠিত হওয়ার পরেও পারমাণবিক শক্তি গবেষণা জোরেসোরে শুরু হতে সময় নেয়। জাপানের পার্ল হারবার আক্রমণের আগের দিন ডিসেম্বর ৫, ১৯৪১ তারিখে গবেষণা খাতে বিশাল সরকারী অনুদানের সিদ্ধান্ত নেয়া হয়।

পারমাণবিক শক্তি ও অস্ত্র গবেষণা কার্যক্রমের নাম দেয়া হয় ম্যানহাটান প্রজেক্ট। মাত্র ছয় হাজার ডলার অনুদান নিয়ে যে কাজ শুরু হয়েছিল পরিণত পর্যায় সে বিরাট কর্মকাণ্ডে ১৩০,০০০ কর্মচারী নিয়োজিত হন এবং দুই বিলিয়ন ডলার (২০১৮ সালের মাপে ২৩ বিলিয়ন ডলার) খরচ হয়। অবশ্য শতকরা ৯০ ভাগেরও বেশি খরচ হয় গবেষণা প্রতিষ্ঠান নির্মাণে, এবং ইউরেনিয়ামের আইসোটোপসমূহের মিশ্রনে ইউরেনিয়াম-২৩৫ আইসোটোপের আপেক্ষিক পরিমাণ বাড়িয়ে ফিশনযোগ্য বস্তু তৈরিতে। পারমানবিক বোমা উদ্ভাবন ও উৎপাদনে ব্যয় হয় অবশিষ্ট পরিমাণ।

ইংল্যান্ড ও কানাডায় পরিচালিত গবেষণাও ম্যানহাটান প্রজেক্টের আওতায় আনা হয়। গবেষণা ও উৎপাদনের কাজ চলে এই তিন দেশের ত্রিশটি অবস্থানে। ইউনিভার্সিটি অফ শিকাগোতে ডিসেম্বর ২, ১৯৪২ তারিখে ফার্মি ও তাঁর সহযোগীরা প্রথম স্বনির্ভর শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক শক্তির নিয়ন্ত্রিত নির্গমন প্রদর্শন করেন।[২,৩] পারমানবিক বোমা তৈরির কাজ চলে নিউ মেক্সিকোর লস আলামোস ল্যাবরেটরিতে। নিউ মেক্সিকোর মরুভূমির মধ্যে আলামোগোর্ডে জুলাই ১৬, ১৯৪৫ তারিখে পারমাণবিক বোমার প্রথম সফল ও নিশ্চিত পরীক্ষা সম্পন্ন হয়।

পারমাণবিক শক্তি গবেষণা ও পারমাণবিক বোমা উৎপাদনের এই বিশাল উদ্যোগে প্রবীণ-নবীন, প্রতিষ্ঠিত-প্রতিশ্রুতিশীল, বিশ্ব বিখ্যাত-সম্ভাবনাময়, অধ্যাপক-ছাত্র, শরণার্থী-ভূমিসন্তান সব ধরনের বিজ্ঞানী ও বিজ্ঞানকর্মী অংশগ্রহণ করেছেন। আগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা ছাড়াও তৎকালীন উজ্জ্বল জ্যোতিস্ক অথবা পরবর্তী সময়ে শীর্ষ স্পর্শ করেছেন এমনি ধারা বিজ্ঞানীদের মধ্যে ছিলেন হ্যান্স ব্যয়টা, জন ভ্যান ব্লেক, এমিলিও সেগ্রে, ফেলিক্স ব্লক, ফ্রাঙ্কো রাসেটি, গ্রেগরী ব্রাইট, রিচার্ড ফাইনম্যান, এমিল কোনপিনস্কি, জন হেনরি ম্যানলি, এডউইন ম্যাকমিলান, রবার্ট সারবার, ফিলিপ এবেলসন, রুডলফ পিয়ের্লস, ভ্যানেবার বুশ প্রমূখ। মেজর জেনারেল লেসলি গ্রোভসের নেতৃত্বে প্রজেক্ট পরিচালনা, নিরাপত্তা বিধান করা, গোপনীয়তা বজায় রাখা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল ইউএস আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্স।

বিশেষভাবে অনুপস্থিত ছিলেন আইনস্টাইন। সমকালীন রেকর্ডপত্র পর্যালোচনা করে যতদূর জানা যায় ম্যানহাটান প্রজেক্টর সাথে আইনস্টাইনের আর কোন সরাসরি যোগাযোগ ছিল না। তবে নেভির ব্যুরো অব অর্ডন্যান্সের বিশেষজ্ঞ হিসেবে ১৯৪৩ সালে তিনি যুদ্ধাস্ত্র সংক্রান্ত কিছু কাজ করেন। পারমানবিক বোমা তৈরীর সাথে সে কাজের কোন সম্পর্ক ছিল না। আইনস্টাইন পরমাণুবিজ্ঞানী ছিলেন না, পারমাণবিক অস্ত্র সংক্রান্ত গবেষণায় তাঁর আগ্রহ না থাকা অস্বাভাবিক নয়। তবে তাঁর আগ্রহ থাকলেও প্রোজেক্টের সামরিক কর্মকর্তাদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা সম্বন্ধে সংশয় ছিল।

পরিহাস এই যে পারমানবিক বোমা সংক্রান্ত গবেষণার সূচনা হয়েছিল যাঁর চিঠিতে, গোপনীয়তা রক্ষার যুক্তিতে তাঁকে গবেষণার অগ্রগতি সম্বন্ধে কিছুই জানতে দেয়া হয় নি। শুধু তাই নয়, ফেডারেল ব্যুরো অফ ইন্টেলিজেন্সের (এফবিআই) ভান্ডারে অর্ধসত্য, অপ্রমাণিত তথ্য এবং মিথ্যা মিলিয়ে একটি "আইনস্টাইন ফাইল" ছিল।৫ জার্মানীতে থাকাকালীন তাঁর শান্তিবাদী ধ্যান-ধারণা ও কার্যকলাপ, যুদ্ধ বিরোধিতা এবং বামপন্থী শান্তিবাদী সংগঠনের পক্ষে বিবৃতি দেয়ার রেকর্ড তাঁকে এফবিআইয়ের চোখে "বিপজ্জনক ব্যক্তিত্বে" পরিণত করেছিল। সোভিয়েত রাশিয়াকে "মহিমান্বিত করার জন্য" তিনি ১৯৩২ সালের ওয়ার্ল্ড এন্টি-ওয়ার কংগ্রেসে যোগ দিতে অস্বীকার করেন, "ব্যক্তি স্বাধীনতা ও বাক স্বাধীনতা রোধ করার" জন্য রাশিয়ার সমালোচনা করেন। অথচ সেই সম্মেলনের কমিটিতে কয়েকজন কমিউনিস্ট সদস্য ছিলেন বলে এফবিআই ফাইলে তাঁকে "প্রো-সোভিয়েত" এবং "কমিউনিস্ট-দরদী" বলে চিহ্নিত করা হয়। ফলে গোপনীয় অস্ত্র গবেষণা সংক্রান্ত কোন কাজে অংশগ্রহণ করার পূর্বশর্ত নিরাপত্তা ছাড়পত্র পাওয়া আইনস্টাইনের পক্ষে সম্ভব নাও হতে পারত।


অন্যদিকে বোমা তৈরি হয়ে যাবার পরে যুদ্ধে তার ব্যবহার করা বা না করা সম্বন্ধে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের মতামতের সামান্যই মূল্য দেয়া হয়েছে। বোমা তৈরি করতে পারার সম্ভাবনা যখন নিশ্চিত হয়ে এসেছে তখন তার ধ্বংস ক্ষমতা এবং যুদ্ধে তার ব্যবহারের ভয়াবহ পরিণাম সম্বন্ধে সচেতন অনেক বিজ্ঞানী বোমার ব্যবহার রোধ করতে চেয়েছেন। ম্যানহাটান প্রজেক্টে কর্মরত পদার্থবিজ্ঞানী অটো স্টার্ন বোমা তৈরি হবার আগেই ১৯৪৪ সালের ডিসেম্বর মাসে প্রিন্সটনে আইনস্টাইনের সাথে দেখা করেন। ম্যানহাটান প্রজেক্টের সাথে যুক্ত কর্মকর্তাদের কঠোর গোপনীয়তা রক্ষা করতে হত। স্টার্ন যেটুকু আভাস দেন তা' থেকেই আইনস্টাইন অনুধাবন করেন যে ব্যবহার করা হোক বা না হোক, পারমানবিক অস্ত্রের অস্তিত্ব যুদ্ধ ও শান্তির সমীকরণ চিরতরে বদলে দেবে। রাজনীতিবিদদের এ সম্বন্ধে সচেতন করে দেয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে তাঁরা একমত হন।

আইনস্টাইন জানতেন নীলস বোরকে জন বেকার ছদ্মনামে আমেরিকায় নিয়ে আসা হয়েছে এবং তিনি গোপনে লস আলামসে ম্যানহাটান প্রজেক্টে কাজ করছেন। বোরের বিচক্ষণতার ওপর আইনস্টাইনের গভীর আস্থা ছিল। এই গুরুত্বপূর্ণ ব্যাপারে পরামর্শ করার জন্য ওয়াশিংটনে ডেনমার্কের দূতাবাসের ঠিকানায় বোরকে একটি চিঠি লেখেন। আইনস্টাইন জানতেন না যে পারমাণবিক শক্তির সুদূরপ্রসারী সমস্যা ও জটিলতা অনুধাবন করে বোর ইতিমধ্যে প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সাথে যোগাযোগ করেছিলেন। সুপারিশ করেছিলেন পারমাণবিক শক্তির আন্তর্জাতিকীকরণের।

চার্চিল এবং রুজভেল্ট বোরের সুপারিশ শুধু যে মেনে নেন নি তাই নয়, তাঁদের গোয়েন্দা সংস্থাদের নির্দেশ দেন বোরের ওপর নজর রাখার জন্য যাতে তিনি কোনো তথ্য "ফাঁস করে দিতে না পারেন, বিশেষ করে রাশিয়ানদের কাছে।" আইনস্টাইনের চিঠি পেয়ে বোর তাড়াতাড়ি প্রিন্সটনে আসেন আইনস্টাইনকে সতর্ক করে দেয়ার জন্য। পারমাণবিক বোমার কাজের অগ্রগতি সম্বন্ধে ওয়াকিবহাল কেউ যদি কোন তথ্য ফাঁস করে তাহলে তার সবচেয়ে শোচনীয় পরিণতি হবে বলেও তিনি জানান। তিনি আইনস্টাইনকে আরো আশ্বস্ত করেন ওয়াশিংটন ও লন্ডনে উচ্চপর্যায়ের রাজনীতিবিদরা পারমানবিক বোমা কী ক্ষতি করতে পারে সে সম্বন্ধে জানেন। আইনস্টাইন নিরস্ত হন। এ ব্যাপারে এ মুহূর্তে কথা না বলা এবং জনসাধারনকে না জানানোই সমীচীন হবে বলে তিনি স্টার্নকে লেখেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে আইনস্টাইন আরেকবার পারমাণবিক বোমার ব্যাপারে হস্তক্ষেপ করার উদ্যোগ নেন। আবারো জিলার্ডের অনুরোধে। পারমানবিক বোমা কীভাবে ব্যবহার করা হবে সে সম্বন্ধে উদ্বিগ্ন জিলার্ড ১৯৪৫ সালের মার্চ মাসে আইনস্টাইনের সাথে দেখা করেন। জার্মানীর পরাজয় তখন অবধারিত। জার্মানী যে পারমাণবিক বোমা তৈরি করছে না সেও সুস্পষ্ট। তাহলে আমেরিকার বোমা তৈরীর তাড়া কেন? পারমাণবিক বোমা ব্যবহার না করেও যখন জাপানকে পরাজিত করা সম্ভব তখন তা ব্যবহার করার আগে গভীরভাবে ভেবে দেখা দরকার।

জিলার্ডের আরো আশঙ্কা ছিল, পারমানবিক বোমা একবার ব্যবহৃত হলে অন্য অনেক দেশেই বিপন্ন বোধ করবে। নিজেদের নিরাপত্তা ও শক্তির ভারসাম্য রক্ষার জন্য তারাও পারমাণবিক অস্ত্র সংগ্রহ করতে চাইবে। ফলে যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে তা রোধ করা কঠিন হবে, আর এসব মারাত্মক অস্ত্র ভবিষ্যতের কোন যুদ্ধে ব্যবহৃত হলে মানুষ ও তার সভ্যতার অস্তিত্বের সংকট দেখা দেবে। আইনস্টাইন প্রেসিডেন্ট রুজভেল্টকে আরেকটি চিঠি লিখতে সম্মত হন। উদ্দেশ্য জিলার্ডকে প্রেসিডেন্টের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং জিলার্ড ও তাঁর সহযোগী বিজ্ঞানীদের সাথে দেখা করে তাদের বক্তব্য পেশ করার সুযোগ দেয়া।

প্রেসিডেন্টকে লেখা ১৯৩৯ সালের চিঠির প্রসঙ্গ এবং ইউরেনিয়ামের গবেষণায় জিলার্ডের অবদান উল্লেখ করে আইনস্টাইন মূল বক্তব্যে উপনীত হন।
যেসব গোপনীয়তার শর্ত মেনে ডঃ জিলার্ডকে বর্তমানে কাজ করতে হয়, সেগুলি তাঁর কাজ সম্বন্ধে আমাকে কোন তথ্য দেয়ার অনুমতি দেয় না। তবে আমার মনে হয় যেসব বিজ্ঞানী এ কাজ করছেন এবং আপনার কেবিনেটের যেসব সদস্য নীতিনির্ধারণের দায়িত্বে রয়েছেন তাঁদের মধ্যে যথাযথ যোগাযোগের অভাব তাঁকে (জিলার্ডকে) গভীর উৎকণ্ঠায় ফেলেছে। এই পরিস্থিতিতে ডঃ জিলার্ডকে এই পরিচয়পত্র দেয়া আমি আমার দায়িত্ব মনে করি। আমি আশা করি, এ ব্যাপারে তাঁর বক্তব্যের প্রতি আপনি ব্যক্তিগত মনোযোগ দিতে সক্ষম হবেন।

মার্চ ২৫, ১৯৪৫ তারিখে লেখা আইনস্টাইনের সে চিঠি প্রেসিডেন্ট রুজভেল্টের হাতে পৌঁছায়নি। এপ্রিল ১২ তারিখে তাঁর মৃত্যুর পর চিঠি যায় প্রেসিডেন্ট ট্রুম্যানের হাতে। প্রেসিডেন্ট সে চিঠি দেন তাঁর সেক্রেটারি অফ স্টেট হিসেবে মনোনীত জেমস বার্নসকে। ফলে জিলার্ড ও তাঁর দুই সহযোগী বিজ্ঞানী মে ২৮, ১৯৪৫ তারিখে বার্নসের সাথে বৈঠকে মিলিত হওয়ার সুযোগ পান। বোমা ব্যবহার করা সম্বন্ধে জিলার্ডের প্রস্তাব বার্নসের ওপর কোন প্রভাব ফেলেনি। জিলার্ডের বিশ্বাস ছিল শান্তির স্বার্থে এবং ভবিষ্যৎ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এড়ানোর জন্য জাপানের বিরুদ্ধে পারমানবিক বোমা ব্যবহার করা উচিত হবে না। বার্নস সে বৈঠকে এ বক্তব্য নিয়ে আলোচনা করার সময় করতে পারেন নি। তিনি বিজ্ঞানীদের জানান যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্বন্ধে পরামর্শ দেয়ার জন্য প্রেসিডেন্ট একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছেন এবং সে কমিটির একটি মিটিং শীগগির অনুষ্ঠিত হতে যাচ্ছে।


কমিটির সদস্য ছিলেন সেক্রেটারি অফ ওয়ার হেনরি স্টিমসন, নিউইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রেসিডেন্ট জর্জ হ্যারিসন, প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে জেমস বার্নস, নেভির আন্ডার সেক্রেটারি বার্ড, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ক্লেটন, ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রেসিডেন্ট কার্ল কম্পটন, এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কোনান্ট। আর্থার কম্পটন, এনরিকো ফার্মি, আর্নেস্ট লরেন্স এবং জুলিয়াস রবার্ট ওপেনহাইমার ছিলেন অন্তর্বর্তীকালীন কমিটিকে সাহায্য করার জন্য গঠিত বৈজ্ঞানিক প্যানেলের সদস্য। কমিটি জুন ১, ১৯৪৫ তারিখের মিটিঙে সর্বসম্মতভাবে কোন প্রকার পূর্ব সতর্কীকরণ ছাড়া যত তাড়াতাড়ি সম্ভব জাপানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করার সুপারিশ করে।

জিলার্ড এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের আরো ছ'জন পরমাণু বিজ্ঞানী বিকল্প অনেক প্রস্তাব উত্থাপন করেন। সেগুলোর মধ্যে ছিল বোমা একেবারেই ব্যবহার না করা। কোন মরুভূমিতে বা জনবসতিহীন দ্বীপে বোমার ধ্বংস ক্ষমতা প্রদর্শন করে জাপানকে আত্মসমর্পণ করার সুযোগ দেয়া। আগে থেকে সতর্ক করে, হয় আত্মসমর্পণ করা অথবা লক্ষ্য এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার চরমপত্র দেয়া। এসব বিকল্পের কোনটাই গৃহীত হয়নি।

জিলার্ড দৃঢ়ভাবে বিশ্বাস করতেন নৈতিক এবং মানবিক কারণে যুদ্ধে পারমানবিক বোমা ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়া প্রয়োজন। তাই শেষ চেষ্টা হিসেবে ষাটজন বিজ্ঞানীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন সরাসরি প্রেসিডেন্টকে পাঠানো হয় জুলাই ১৭, ১৯৪৫ তারিখে, আলমোগর্ডোতে পারমাণবিক বোমার সফল পরীক্ষার পরের দিন। প্রেসিডেন্ট ততক্ষণে জার্মানীর পটসডামে এলাইড পীস কনফারেন্সে যোগ দেয়ার জন্য রওনা হয়ে গেছেন।

কোন সতর্কীকরণ ছাড়াই আগস্ট ৬, ১৯৪৫ তারিখে জাপানের হিরোশিমার ওপর প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়। হেলেন ডুকাস আইনস্টাইনকে খবরটি জানালে তিনি দুঃখের সাথে শুধু বলেন, "ওহ, হায়!" তিনদিন পরে আগস্ট ৯ তারিখে বোমা ফেলা হয় নাগাসাকিতে। বোমা বর্ষণের প্রথম দিনেই হিরোশিমায় প্রায় ৮০,০০০ এবং নাগাসাকিতে ৪০,০০০ মানুষ প্রাণ হারান।

পরবর্তী চার মাসে পারমানবিক বিকিরণের শিকার হয়ে মৃতের সংখ্যা দুই শহরেই দ্বিগুণ হয়।
পারমানবিক বোমা গবেষণা ও তৈরিতে আইনস্টাইনের প্রত্যক্ষ ভূমিকা সামান্য হলেও জনমানসে, এমনকি কোন কোন সরকারী প্রতিবেদনে পারমাণবিক শক্তি ও অস্ত্রের সাথে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। নাগাসাকিতে বোমা ফেলার পর দিন ওয়াশিংটনে সরকারি কর্মকর্তারা পারমানবিক বোমা তৈরীর পেছনে গোপন কর্মকাণ্ডের এক দীর্ঘ ইতিহাস প্রকাশ করেন। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক হেনরি স্মাইথ প্রণীত সে রিপোর্টে ১৯৩৯ সালে প্রেসিডেন্ট রুজভেল্টকে লেখা আইনস্টাইনের চিঠির বড় মাপের ঐতিহাসিক গুরুত্ব দেয়া হয়।৬

টাইম ম্যাগাজিনের জুলাই ১, ১৯৪৬ সংখ্যার প্রচ্ছদে আইনস্টাইনের প্রতিকৃতির পেছনে E = mc2 সমীকরণসহ "ব্যাঙের ছাতা মেঘ" বিস্ফোরণের ছবি ব্যবহার করা হয়। ভেতরে এক প্রতিবেদনে সরাসরি বোমা তৈরীতে কাজ না করলেও আইনস্টাইনকে "বোমার জনক" আখ্যা দেয়া হয়। নিউজউইক পত্রিকা মার্চ ১০, ১৯৪৭ সংখ্যায় আইনস্টাইনের ছবিসহ "আইনস্টাইন, পারমাণবিক যুগের ধর্মপিতা" শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। মূল কাহিনীতে তাঁকে "যে মানুষটি এসব শুরু করেছিলেন" বলে পরিচয় করিয়ে দেয়া হয়। এসব প্রচারের প্রেক্ষিতে আইনস্টাইনের স্মরণীয় বিলাপ, "যদি জানতাম জার্মানী বোমা তৈরী করতে পারবে না, তাহলে আমি কখনও একটি আঙ্গুল পর্যন্ত তুলতাম না।"

পরোক্ষভাবে হলেও পারমানবিক বোমা সৃষ্ট বর্তমানকালের বৃহত্তম ট্রাজেডির অন্যতম নেপথ্য নায়ক ছিলেন আইনস্টাইন। তাঁর এ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সমালোচনায় মুখর হয়েছে কোন কোন মহল। শান্তিবাদী হিসেবে তাঁর ভূমিকার সাথে পারমাণবিক বোমা তৈরিতে সহায়তা দানকে স্ববিরোধী মনে হতে পারে। তবে ফ্যাসিবাদ ও নাৎসীবাদের প্রতি অবিশ্বাস ও ঘৃণা তাঁকে সাময়িকভাবে হলেও "বল দিয়ে বল প্রতিরোধ করার" নীতিতে আস্থাবান করে তুলেছিল। শেষ জীবনে লাইনাস পলিংকে তিনি বলেছেন, "জীবনে আমি একটা বড় ভুল করেছি — প্রেসিডেন্ট রুজভেল্টকে লেখা চিঠিতে যখন আমি পারমাণবিক বোমা তৈরীর সুপারিশ করি। তবে তার পেছনে যুক্তি ছিল, জার্মানরা তা আগেভাগেই তৈরি করে ফেলে সেই আশঙ্কা।" পরবর্তী জীবনে বহুবার বহুভাবে একথা তিনি বলেছেন। সফররত জাপানী পদার্থবিদ হিদেকি ইউকাওয়ার কাছে অশ্রুসজল চোখে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন। আর জীবনের পরবর্তী দশ বছর পারমাণবিক অস্ত্র মুক্ত পৃথিবী গড়ে তোলার সংগ্রাম করে গেছেন।

 
তথ্যসূত্র
[১] পারমানবিক বোমা নির্মাণের (অন্তর্নিহিত বিজ্ঞান, ফিশন বিক্রিয়া, প্রযুক্তিগত সমস্যা, রাজনীতি, সম্পদ সংগ্রহ, গোপনীয়তা রক্ষা এবং অন্যান্য দিক) ওপর অসংখ্য বই লেখা হয়েছ। একটি বিশেষ প্রামাণ্য গ্রন্থ: The Making of the Atomic Bomb, by Richard Rhodes (Simon and Schuster, New York, 1986).
[২] Atoms in the Family: My Life with Enrico Fermi, by Laura Fermi (The University of Chicago Press, 1954). লরা ফার্মির এই আত্মজীবনীমূলক বিবরণে পারমানবিক যুগের সূচনার এক অন্তরঙ্গ চিত্র মেলে।
[৩] "পারমানবিক যুগের জন্মকথা," প্রবন্ধ, বিচিত্র বিজ্ঞান ও পরমাণু জগৎ, স্বপন কুমার গায়েন (মুক্তধারা, ঢাকা, ১৯৮৪) পৃষ্ঠা ২২-৩৫।
[৪] আইনস্টাইনের এই বিখ্যাত চিঠি, যা পারমানবিক অস্ত্রযুগের সূচনা করেছিল, সংকলিত হয়েছে অসংখ্য পুস্তক, প্রবন্ধ ও রচনায়। উদাহরণ: Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition); pp. 294-296.
[৫] The Einstein File: J. Edgar Hoover's Secret War against the World's Most Famous Scientist, by Fred Jerome (St. Martin's Press, New York, 2002).
[৬] Atomic Energy for Military Purposes, by Henry DeWolf Smyth (Princeton University Press, Princeton, 1945).