শান্তির সৈনিক আইনস্টাইন–অষ্টম অধ্যায়
মেঘ জমে, ঝড় আসে
১৯৩৩ সালে আমেরিকায় অভিবাসন আর ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মধ্যকার ছয় বছরে আইনস্টাইন পূর্ববর্তী সময়ের তুলনায় যুদ্ধ ও শান্তির সমস্যা সম্পর্কে অনেক কম বক্তৃতা ও বিবৃতি দিয়েছেন। বেলজিয়ামের রানী-মা এলিজাবেথকে ফেব্রুয়ারি ১৬, ১৯৩৫ তারিখের চিঠিতে তিনি লেখেন, " … আমার ইউরোপীয় বন্ধুমহলে আমাকে এখন 'মহা পাথুরে মুখ' বলা হয়।" যদিও এ মন্তব্য তিনি মূলতঃ ব্যক্তিগত যোগাযোগ রক্ষা প্রসঙ্গে করেছেন, তাঁর প্রাক্তন সংগ্রামী শান্তিবাদী সাথীরা শান্তির সপক্ষে তাঁর কার্যক্রমের অপ্রতুলতার (নিদেনপক্ষে তাঁদের চোখে) ভিত্তিতেও সে অভিযোগ তুলেছেন।
তাঁর এই অপেক্ষাকৃত নীরবতার কারণ, ইউরোপের রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হেতু আন্তর্জাতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন। তাঁর কোন সন্দেহ ছিল না যে অন্যান্য জাতিসমূহ আগে থেকেই সতর্কতার সাথে প্রস্তুত না হলে জার্মানীতে নাৎসীবাদের অবশ্যম্ভাবী পরিণাম আরেকটি বিশ্বযুদ্ধ। আন্তর্জাতিক রীতিনীতি নির্ধারণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা যেকোন পরিস্থিতিতেই কঠিন, আর হিটলার ও মুসোলিনি ক্ষমতায় থাকলে তা অসম্ভব, একথা আইনস্টাইন জানতেন। তাই স্বাভাবিকভাবেই তিনি কম সোচ্চার ছিলেন।
আইনস্টাইনের তৎকালীন রাজনৈতিক ও মানবতাবাদী কার্যক্রমের কয়েকটি ধারা লক্ষ্য করা যায়। প্রথমত জার্মানী ও ইউরোপের অন্য কোন দেশের ছিন্নমূল বুদ্ধিজীবী ও ইহুদীদের পুনর্বাসনে সাহায্য করা। দ্বিতীয়ত শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর মত ও পথের পরিবর্তন ব্যাখ্যা করা। সমর্থক ও সমালোচক উভয় পক্ষ থেকেই তাঁর ওপরে চাপ অব্যাহত থাকে। যৌথ নিরাপত্তার ধারণা এ সময় তাঁর মনোযোগ আকর্ষণ করে। জার্মানীর ক্রমাগত শক্তি সংগ্রহের সাথে সাথে তাঁর এ ধারণা আরো দৃঢ় হয়ে ওঠে। ভবিষ্যৎ যুদ্ধ এড়ানোর জন্য আন্তর্জাতিক সামরিক শক্তি সংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করতে শুরু করেন। যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্নতাবাদী নীতি পরিহার করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয়ে সংস্থাটিকে আরো শক্তিশালী করে গড়ে তোলার আহ্বান জানান। যুদ্ধবিরোধী সভা-সম্মেলনে মাঝে মাঝে তিনি বাণী পাঠিয়েছেন; এবং প্রায় সর্বত্রই যৌথ নিরাপত্তা ও বিপদের বিরুদ্ধে প্রস্তুতি নেয়ার কথা বলেছেন। আইনস্টাইনের এসব কার্যকলাপের কয়েকটি প্রতিনিধিত্বমূলক দৃষ্টান্ত দেয়া যেতে পারে।
রিফিউজি পুনর্বাসন
নাৎসী জার্মানী যত শক্তিশালী হয়ে ওঠে, ইহুদীদের প্রতি নির্যাতন ও নিপীড়নের মাত্রা ততই বেড়ে যেতে থাকে। সেপ্টেম্বর ১৫, ১৯৩৫ তারিখে নুরেমবার্গ আইন পাশ করে ইহুদীদের নীচু জাতি ও জার্মান নাগরিকত্বের অযোগ্য ঘোষণা করা হয়। এ আইনের বলে ইহুদীদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং অন্যসব নির্যাতন চাপিয়ে দেয়ার পথ প্রশস্ত হয়। অন্যদিকে অক্টোবর ২, ১৯৩৫ তারিখে মুসোলিনির ইতালী ইথিওপিয়া আক্রমণ করে। হিটলার ও মুসোলিনির এসব আগ্রাসনের ফলে ইহুদী ও অন্যসব জাতির রিফিউজিদের যে ঢল নামে, ১৯৩০-দশকের মধ্যভাগে তা আইনস্টাইনকে অনেকটাই ব্যাপৃত রাখে।
রিফিউজিদের সাহায্য করার জন্য গড়ে ওঠা দু'টি সংস্থা তখন "ফ্যাসিবাদের শিকার" শীর্ষক একটি রেডিও প্রোগ্রামের আয়োজন করে। অক্টোবর ২২, ১৯৩৫ তারিখে আইনস্টাইন এবং নিউইয়র্কের প্রাক্তন গভর্নর আলফ্রেড স্মিথ সে প্রোগ্রামে বক্তব্য রাখেন। আইনস্টাইন তাঁর বক্তৃতায় "বিশুদ্ধ আর্য জাতি বলে কিছু নেই" মন্তব্য করে নাৎসীদের "উচ্চতর জাতি" তত্ত্বের মূল থিসিসকে নাকচ করেন। তিনি বলেন, অন্যান্য দেশের ইহুদীরা জার্মানী থেকে বিতাড়িত ইহুদীদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করলেও তা পর্যাপ্ত নয়। সবিশেষ দৃষ্টি আকর্ষণ করেন অন্যসব রিফিউজিদের দুর্ভোগের প্রতি, যাদের মধ্যে ছিলেন উদারনৈতিক, সমাজতান্ত্রিক ও শান্তিবাদী মতাদর্শের মানুষ, আংশিকভাবে ইহুদী বংশোদ্ভূত এবং অন্যান্য জাতির মানুষ। "ফ্যাসিবাদের শিকারদের সাহায্য করা এক মানবিক কর্তব্য, গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণের প্রয়াস এবং প্রভূত রাজনৈতিক তাৎপর্যপূর্ণ …..," বলে তিনি সাহায্যের জন্য জোর আবেদন জানান।
রিফিউজিদের সাহায্য করার জন্য আইনস্টাইন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আরো অনেক উদ্যোগ নিয়েছেন। সাহায্য প্রার্থনা করে কমপক্ষে কয়েক ডজন বক্তৃতা দিয়েছেন, তহবিল সংগ্রহের জন্য তার চেয়েও বেশি সংখ্যক নৈশভোজে যোগ দিয়েছেন। এমনকি মাঝেমাঝে ইউনাইটেড জুইশ আপীল, আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি প্রমুখ প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে ভায়োলিন বাজিয়েছেন। নিউইয়র্ক টাইমস জানুয়ারী ১৮, ১৯৩৪ তারিখে খবর পরিবেশন করে যে, উদ্বাস্তু ইহুদীদের সাহায্যার্থে আইনস্টাইন ম্যানহাটানে ভায়োলিন রিসাইটালে অংশ নিয়েছেন। মাথাপিছু পঁচিশ ডলার প্রবেশ মূল্য দিয়ে ২৬৪ জন শ্রোতা সে রিসাইটাল শোনেন।
এসব রিসাইটালে শ্রোতা সংখ্যা বাড়ানোর জন্য উদ্যোক্তারা এক মজার কৌশল ব্যবহার করতেন। শ্রোতাদের আইনস্টাইনের নামে চেক লিখতে বলা হত। আইনস্টাইন সেসব চেক স্বাক্ষর করে উদ্যোক্তা প্রতিষ্ঠানের একাউন্টে জমা দেয়ার ব্যবস্থা করতেন। শ্রোতা আইনস্টাইন স্বাক্ষরিত চেক স্মরণিকা হিসাবে পেয়ে যেতেন। আর সে স্মরণিকা সংগ্রহের জন্য অনেকে রিসাইটালে আসতেন। ১
আমেরিকায় অভিবাসনের জন্য অর্থনৈতিক সংস্থানের গ্যারান্টি দেখাতে হত। আইনস্টাইন ব্যক্তিগতভাবে সে গ্যারান্টি দিয়ে অনেক ছিন্নমূল উদ্বাস্তুকে আমেরিকান ভিসা পেতে সাহায্য করেছেন।
তাঁর কৈফিয়ত
যুদ্ধ বিরোধিতা সম্বন্ধে আইনস্টাইনের পরিবর্তিত অবস্থান নিয়ে প্রশ্ন, ক্ষোভ ও সমালোচনার ঝড় আমেরিকা পৌঁছানোর পরেও অব্যাহত থাকে। প্রশ্ন আসে যুদ্ধবিরোধী কর্মী থেকে শুরু করে খ্যাতনামা শিক্ষাবিদ ও মনীষীদের কাছ থেকে, স্বতন্ত্র ব্যক্তি থেকে শুরু করে বহু সদস্যের প্রতিষ্ঠান থেকে। বেলজিয়ামে থাকাকালীন সময়ে প্রণীত সাধারণ ব্যাখ্যা অবলম্বন করেই আইনস্টাইন এসব প্রশ্নের জবাব দিয়েছেন।
প্রশ্নকারীদের মধ্যে ছিলেন বিখ্যাত অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর এফ এম হার্ডি। তাঁর নেতৃত্বে সোসাইটি প্রস্তাব পাশ করেছিল যে "কোন অবস্থাতেই এ প্রতিষ্ঠান রাজা ও দেশের জন্য যুদ্ধ করবে না।" প্রফেসর হার্ডির অবস্থান, "সামঞ্জস্যপূর্ণ হওয়ার জন্য একজন শান্তিবাদী বলবেন যে যুদ্ধ করার চেয়ে একজন হিটলারের শাসন মেনে নেওয়া শ্রেয়। " তাঁর প্রশ্ন, "আইনস্টাইন কেন ভিন্ন কথা বলছেন?"
আইনস্টাইন জবাব দেন ১৯৩৩ সালের নভেম্বর মাসে২:
…… আমি আপনার সাথে একমত যে যুদ্ধ পরিহার করা আজকে মানুষের জন্য সবচেয়ে বড় কর্তব্য। তবে যুদ্ধ পরিহার করার আশায় আমাদের বুদ্ধিবৃত্তিসঞ্জাত এবং রাজনৈতিক সব ঐতিহ্য চিরতরে ধ্বংস হতে দেয়া আমি মেনে নিতে পারি না। হিটলারের শাসন ব্যবস্থা চালু হবার আগে পর্যন্ত আমার মত ছিল এই যে, সামরিক চাকরী করতে অস্বীকার করা যুদ্ধবিরোধী সংগ্রামের এক সমর্থনযোগ্য ও কার্যকর উপায়। সেই সময়ে কোন দেশ অন্য কোন দেশের ওপর নিজ কর্তৃত্ব জোর করে চাপিয়ে দেয়ার চেষ্টা করেনি। দুর্ভাগ্যজনক যে পরিস্থিতি বদলে গেছে। আজকের জার্মানীতে সমগ্র জনসাধারণকে সমরতন্ত্র ও যুদ্ধের চেতনায় পদ্ধতিগতভাবে শিক্ষা দেয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিরোধের যুদ্ধকে যারা যুক্তিযুক্ত মনে করেন তাঁদের সঙ্গে তীব্র মতবিরোধ পোষণ করলেও, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, যেসব দেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে বজায় রেখেছে তাদের সর্তকতা ও আলোচনার মাধ্যমে এই বিপজ্জনক প্রবণতা বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। সে ধরনের একটি চেষ্টা তখনি সফল হবে যখন জার্মান দখলদারদের মনে তাদের সশস্ত্র অভিযানের অসারতা সম্বন্ধে কোন সন্দেহ থাকবে না। জার্মানী এ সত্য স্বীকার করবে না, যদি বাকী ইউরোপ সামরিকভাবে শক্তিশালী এবং একজোট না হয়। তাই বর্তমান পরিস্থিতিতে ইউরোপের গণতান্ত্রিক দেশসমূহের সামরিক শক্তিকে দুর্বল করতে পারে তেমন কোন নীতি অনুসরণ করা ইউরোপের জন্য লাভজনক হবে বা শান্তির উদ্দেশ্যকে এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি না।২
অবশ্য শান্তিবাদীদের মধ্যে আইনস্টাইনের অবস্থান পরিবর্তন নিয়ে অসন্তোষ অব্যাহত থাকে। ওমেন্স ইন্টারন্যাশনাল লীগ ফর পীস এন্ড ফ্রীডমের ফিলাডেলফিয়া শাখার প্রশ্নের জবাবে ডিসেম্বর ৩, ১৯৩৩ তারিখে তিনি আবার তাঁর অবস্থান তুলে ধরেন। বিবাদ মীমাংসার জন্য কার্যকর আন্তর্জাতিক সালিশি সংস্থা প্রয়োজন। সিদ্ধান্ত কার্যকর করার জন্য সে আন্তর্জাতিক সংস্থার শক্তিশালী আন্তর্জাতিক পুলিশ বাহিনী থাকতে হবে। আর সে ধরনের সংস্থা গড়ার জন্য প্রতিটি সদস্য দেশের জাতীয় সার্বভৌমত্ব সীমিত করা প্রয়োজন হবে। যুদ্ধ সংক্রান্ত কাজে অংশগ্রহণ না করে যুদ্ধ প্রতিরোধের কৌশল হিটলারের সন্ত্রাসের প্রেক্ষিতে ভুল হবে। ইউরোপের গণতান্ত্রিক দেশসমূহের সামরিক প্রস্তুতিই বরং বিদ্যমান পরিস্থিতিতে শান্তির লক্ষ্য অর্জনে সহায়ক হবে। প্রতিটি দেশের স্বতন্ত্রভাবে অস্ত্রসংগ্রহ করার চেয়ে সম্মিলিতভাবে পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী সেনাবাহিনী ও পুলিশ বাহিনী তথা যৌথ নিরাপত্তা গড়ে তোলা অনেক বেশী কার্যকর হবে।
এ ধরনের কৈফিয়ৎ আইনস্টাইনকে বহুবার বিভিন্ন পাদপীঠ থেকে দিতে হয়েছে। যুদ্ধ প্রতিরোধ সম্বন্ধে তাঁর পরিবর্তিত অবস্থান এবং আন্তর্জাতিক নিরাপত্তা সমস্যার সমাধান সম্বন্ধে তাঁর চিন্তা-ভাবনার এক বিশেষ বিস্তারিত বর্ণনা মেলে "শান্তিবাদের পুনঃপরীক্ষা" শীর্ষক নিবন্ধে।৩ পলিটি (Polity) নামে এক লিটল ম্যাগাজিনের জানুয়ারি ১৯৩৫ সংখ্যায় নিবন্ধটি প্রকাশিত হয়, ঐ পত্রিকার নভেম্বর, ১৯৩৪ সংখ্যায় প্রকাশিত সক্রিয় শান্তিবাদী ব্রেন্ট এলিনসনের "বলুন আইনস্টাইন, ইউরোপের শান্তির জন্য" প্রবন্ধের জবাবে। প্রফেসর হার্ডি এবং ওমেন্স ইন্টারন্যাশনাল লীগকে দেয়া উত্তরগুলি আইনস্টাইন বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এ প্রবন্ধে।৩ তবুও অনেক শান্তিবাদীর মনে সংশয় থেকে যায়।
আমেরিকার সংক্রিয় অংশগ্রহণ প্রসঙ্গে
আইনস্টাইন এ সময়ে আন্তর্জাতিক সমস্যা সমাধান এবং ফ্যাসিবাদী ও নাৎসীবাদী আগ্রাসন প্রতিহত করার জন্য আমেরিকার সংক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করতে শুরু করেন। আমেরিকাকে বিচ্ছিন্নতাবাদী, একলা-চলো নীতি পরিহার করে যৌথ নিরাপত্তা ব্যবস্থা সুসংগঠিত করার নেতৃত্ব দেয়ার আহ্বান জানান। আমেরিকার বিভিন্ন ছাত্র সংগঠন, শান্তিবাদী ও মানবতাবাদী প্রতিষ্ঠান আয়োজিত সভায় দেয়া বক্তৃতা বিবৃতিতে তিনি বারবার তাঁর অনুরোধের পুনরাবৃত্তি করেন এবং উদ্যোক্তাদের রাজনীতিবিদদের ওপর জনমতের চাপ সৃষ্টি করার আহ্বান জানান। আমেরিকান লীগ এগেইনস্ট ওয়ার এন্ড ফ্যাসিজম আয়োজিত মে ২৪, ১৯৩৬ তারিখের এক যুদ্ধবিরোধী সভায় তিনি আমেরিকান বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানান, "যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্নতাবাদী নীতি পরিহার করে কার্যকর আন্তর্জাতিক সংস্থা গঠনে সাহায্য করতে" রাজী করানোর জন্য।
আমেরিকার লীগ অফ নেশনসে যোগ না দেয়া নিয়ে আইনস্টাইন গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। নেওয়ার্কে (নিউজার্সি) এক শান্তিবাদী সংস্থা আয়োজিত সভায় বক্তৃতা করার অপারগতা জানিয়ে ফেব্রুয়ারি ২৬, ১৯৩৬ তারিখে লেখা চিঠিতে সে উদ্বেগ প্রকাশ পায়৪:
আন্তর্জাতিক বিষয়সমূহ যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ না করা লীগ অব নেশনসের প্রভাব আরো ক্ষুন্ন করবে এবং একটি নতুন বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দেবে। যুদ্ধ যদি সত্যিই আসে, তবে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময়ের জন্য নিরপেক্ষ থাকতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি লীগে যোগ দেয়ার যথাযথ উপায় বের করতে পারে, তবে নতুন বিশ্বযুদ্ধের বিপদ অনেক কমে যাবে। তাই আমার বিশ্বাস, বিচ্ছিন্ন থাকার নীতি বর্তমানে এদেশে জনপ্রিয় হলেও তা শান্তিবাদী আদর্শ অর্জনের লক্ষ্যে কাজ করে না, বা আমেরিকার নিরাপত্তাও বাড়ায় না।
একই মনোভাব এবং সতর্কবাণী প্রকাশ পায় এপ্রিল ৫, ১৯৩৮ তারিখে নিউইয়র্কে অনুষ্ঠিত এক শান্তিসভায় প্রেরিত বার্তায়। বিচ্ছিন্নতাবাদী অবস্থানকে "অদূরদর্শী" আখ্যায়িত করে তিনি বলেন, "বর্বরতা ও অমানবিকতার বিজয় পৃথিবীতে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করতে পারে, যখন আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হবে; এবং তা করতে হবে এমন প্রতিকূল পরিস্থিতিতে যা বেশীরভাগ মানুষ আজ সম্ভবতঃ অনুমান করতে পারবেনা।" দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাস্তবতা এবং শেষ পর্যন্ত আমেরিকার সে যুদ্ধে অংশগ্রহণ প্রমাণ করে আইনস্টাইনের ভবিষ্যদ্বাণী কতটা সঠিক ছিল।
কার্ল ভন ওসিয়েটজকির নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রচারণা
প্রখ্যাত জার্মান শান্তিবাদী কার্ল ভন ওসিয়েটজকিকে যেন নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় সে লক্ষ্যে কাজ করা আইনস্টাইনের আরেকটি কৃতিত্ব। ওসিয়েটজকি ছিলেন ডি ওয়েল্টবুহনে (Die Weltbuhne) (বাংলায় "বিশ্বমঞ্চ") পত্রিকার সম্পাদক। প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই জার্মান সমরতন্ত্র ও উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য তিনি কর্তৃপক্ষের বিরাগভাজন ছিলেন। জার্মান সামরিক বাজেট সমালোচনা করে তাঁর পত্রিকায় প্রবন্ধ প্রকাশ করার জন্য সম্পাদক হিসাবে ওসিয়েটজকি এবং রিপোর্টার ওয়াল্টার কাইজারের বিরুদ্ধে "দেশদ্রোহিতা এবং গুপ্তচরবৃত্তির" অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। বিচারে তাঁদের আঠার মাসের কারাদণ্ড দেয়া হয়। ১৯৩২ সালের শেষ দিকে ওসিয়েটজকি মুক্তি পান।
ওসিয়েটজকি নাৎসীবাদ ও যুদ্ধবাদের কঠোর সমালোচক ছিলেন। নাৎসীদের ইহুদী নির্যাতন এবং নুরেমবার্গ আইনেরও তিনি সমালোচনা করেন। নাৎসীরা ১৯৩৩ সালের আঠাশে ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করে প্রথমে স্প্যান্ডাউ কারাগারে তথাকথিত "নিরাপত্তামূলক হেফাজতে" রাখে, এবং পরে এস্টারউইগেন কনসেনট্রেশন ক্যাম্পে পাঠায়। এভাবে তিনি নাৎসীবাদের বিরুদ্ধে সংগ্রামের এক প্রতীকে পরিণত হন।
আইনস্টাইনের অনুরোধে আমেরিকান সমাজকর্মী, শান্তিবাদী এবং নোবেল পুরস্কার বিজয়ী জেইন অ্যাডামস ১৯৩৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ওসিয়েটজকির নাম প্রস্তাব করেন। টমাস মান, হেনরিখ মান, রোমা রোঁলা, উইকহ্যাম স্টিড, আর্নল্ড জোয়েইগ প্রমুখ ইউরোপীয় বুদ্ধিজীবীগণ সে প্রস্তাব সমর্থন করেন। আইনস্টাইন ওসিয়েটজকির পক্ষে নেপথ্য প্রচারণা চালান এবং স্বয়ং নোবেল শান্তি কমিটিকে একটি চিঠি লেখেন।
তাঁদের প্রচেষ্টা সফল হয়। নোবেল কমিটি ১৯৩৫ সালে কোন শান্তি পুরস্কার না দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে জার্মানীর প্রবল প্রতিবাদ সত্ত্বেও ১৯৩৬ সালের পুরস্কার দেয় ওসিয়েটজকিকে। বিব্রত জার্মান সরকার আইন পাশ করে যাতে ভবিষ্যতে কোন জার্মানের পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করা সম্ভব না হয়।
কনসেন্ট্রেশন ক্যাম্পে নির্যাতন, অতিরিক্ত খাটুনি এবং খাদ্য বঞ্চনার জন্য ওসিয়েটজকির শরীর ভেঙে পড়ে। যক্ষায় আক্রান্ত হয়ে মে ৪, ১৯৩৮ তারিখে নরডেন্ড হাসপাতালে পুলিশ হেফাজতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আট বছর পরে ডিসেম্বর ১০, ১৯৪৬ তারিখে নোবেল ফাউন্ডেশন আয়োজিত এক নৈশভোজে আইনস্টাইন তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।৫
বর্ণবাদ বিরোধিতা এবং ম্যারিয়ান অ্যান্ডারসন
আইনস্টাইন সে সময়ে ব্যক্তিগত আচরণের মধ্য দিয়ে বর্ণবাদের বিরুদ্ধে এবং বর্ণগত সহনশীলতার পক্ষে দৃষ্টান্ত স্থাপন করেন। ক্লাসিক্যাল ও আধ্যাত্মিক সংগীতের প্রখ্যাত আফ্রিকান আমেরিকান গায়িকা ম্যারিয়ান অ্যান্ডারসন ১৯৩৭ সালে প্রিন্সটন কনসার্ট পরিবেশনের জন্য গেলে বর্ণবৈষম্যের শিকার হন। তখনকার প্রিন্সটনের একমাত্র হোটেল নাসাউ ইন তাঁকে থাকার জন্য জায়গা দিতে অস্বীকার করে। আইনস্টাইন সঙ্গীতশিল্পীকে তাঁর মার্সার স্ট্রিটের বাড়িতে থাকার আমন্ত্রণ জানান।
১৯৩৯ সালে ডটার্স অফ আমেরিকান রিভলিউশন ওয়াশিংটন ডিসির কনস্টিটিউশন হলে মিশ্র শ্রোতাদের সামনে অ্যান্ডারসনকে সঙ্গীত পরিবেশন করতে দিতে অস্বীকার করে। পরে প্রেসিডেন্ট রুজভেল্ট ও তাঁর পত্নী এলেনোর রুজভেল্টের সহযোগিতায় অ্যান্ডারসন লিঙ্কন মেমেরিয়ালের সিঁড়ির ওপর থেকে ইস্টার রোববার, এপ্রিল ৯, ১৯৩৯ তারিখে মুক্ত-মঞ্চ কনসার্ট পরিবেশন করেন। জাতি-বর্ণ নির্বিশেষে ৭৫০০০ শ্রোতা সে ঐতিহাসিক কনসার্ট সরাসরি উপভোগ করেন। রেডিও সম্প্রচার শোনেন কয়েক মিলিয়ন শ্রোতা। প্রসঙ্গত উল্লেখ্য ডটার্স অফ আমেরিকান রিভলিউশনই সেই সংগঠন যার সদস্যরা আইনস্টাইনকে ভিসা না দেয়ার জন্য স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
পরবর্তীতে ম্যারিয়ান অ্যান্ডারসন যখনি প্রিন্সটন গিয়েছেন, আইনস্টাইনের আতিথ্য গ্রহণ করেছেন। আইনস্টাইনের মৃত্যুর দুই মাস আগে তিনি শেষবারের মত দেখা করেন।৬
"পৃথিবী, আমি যেমন দেখি"
আইনস্টাইন তাঁর "বিশ্বদৃষ্টি" (জার্মান weltanschauung) সম্বন্ধে লিখেছিলেন ১৯৩০ সালের অক্টোবরে প্রকাশিত "পৃথিবী, আমি যেমন দেখি" (The world As I See It) শীর্ষক প্রবন্ধে। পরবর্তীতে সেই মূল প্রবন্ধের সাথে তাঁর নির্বাচিত রাজনৈতিক ও শান্তিবাদী বক্তৃতা ও বিবৃতি নিয়ে একই শিরোনামে একটি বই প্রকাশিত হয়। ১৯৩৯ সালে বিশিষ্ট মনীষীদের জীবনদৃষ্টি সংক্রান্ত একটি প্রকাশনা "আমি যা বিশ্বাস করি"-র (What I Believe) জন্য তিনি সেই প্রবন্ধের সাথে যে ক্রোড়পত্র সংযোজন করেন তা থেকে তাঁর তৎকালীন রাজনৈতিক ও শান্তিবাদী মতামত পরিবর্তনের কারণ বোঝা যায়।৭
তাঁর দৃষ্টিতে, এই দশ বছরেরও কম সময়ে সভ্য সমাজের স্থায়িত্ব ও কার্যকারিতা সম্বন্ধে বিদ্যমান আস্থা অনেকটাই অপসৃত হয়েছে। সত্য যে, প্রথম বিশ্বযুদ্ধ মানুষের নিরাপত্তার বোধকে নাড়িয়ে দিয়েছিল। তবে সাধারণভাবে সে যুদ্ধকে ধরে নেয়া হয়েছিল বাহ্যিক ঘটনা হিসেবে; আংশিকভাবে হলেও, কখনোই পুরোপুরি মানুষের সচেতন পরিকল্পিত কার্যক্রম থেকে উদ্ভূত নয় বলে। সে যুদ্ধকে দেখা হয়েছিল মানুষের স্বাভাবিক জীবনে বাইরে থেকে আরোপিত "প্রতিবন্ধকতা" হিসেবে, "অশুভ এবং দুর্ভাগ্যজনক" বলে। মানুষের লক্ষ্য ও মূল্যবোধ সংক্রান্ত নিরাপত্তার অনুভূতি অবিচলিত ছিল। পরবর্তীতে ফ্যাসিবাদী রাষ্ট্রসমূহের উত্থান, বিদ্যমান চুক্তি লঙ্ঘন, এবং ব্যক্তি মানুষের ও সামরিকভাবে দুর্বল রাষ্ট্রসমূহের ওপর চাপিয়ে দেয়া সন্ত্রাস যে পরিস্থিতির সৃষ্টি করেছে, কোন গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন নৈরাশ্যবাদীও তা উচ্চারণ করার সাহস করত না। ইউরোপে রাইন নদীর পূর্বদিকে মুক্তবুদ্ধির চর্চা বস্তুত অনুপস্থিত, ক্ষমতা দখলকারী দুর্বৃত্তরা জনসাধারণকে সন্ত্রস্ত করে রাখছে, আর পদ্ধতিগত মিথ্যাচারের বিষ প্রয়োগ করা হচ্ছে যুব সমাজের ওপর। বর্তমান প্রজন্মের সেই শক্তি ও সাহস নেই যা পূর্ববর্তী প্রজন্মসমূহকে বেদনাদায়ক সংগ্রামের মাধ্যমে ও মহান ত্যাগের বিনিময়ে মানুষের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বাধীনতা অর্জনে সাহায্য করেছিল। বিদ্যমান পরিস্থিতি সম্বন্ধে এই সচেতনতা "আমার বর্তমান অস্তিত্বের প্রতিটি মুহূর্তকে আচ্ছন্ন করে রাখে; অথচ দশ বছর আগেও তা আমার চিন্তায় আসেনি।" ৭
বক্তৃতা, বিবৃতি, ব্যক্তিগত যোগাযোগ ও যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে আইনস্টাইন সমস্যার প্রতি, আরেক বিশ্বযুদ্ধের আশঙ্কার প্রতি রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। ভবিষ্যতের প্রতিভূ ছাত্র ও তরুণ সমাজের কাছেও তিনি পৌঁছাতে চেয়েছেন।
১৯৩৫ সালের বসন্তকালে ন্যাশনাল স্টুডেন্ট স্ট্রাইক কমিটির নেতৃত্বে আমেরিকার অনেক কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফিলাডেলফিয়ার টেম্পল ইউনিভার্সিটিতে তেমনি এক বিক্ষোভ অনুষ্ঠানে এপ্রিল ৯, ১৯৩৫ তারিখে আইনস্টাইন একটি বিবৃতি পাঠান। বিবৃতিটি পরে প্রিন্সটন ইউনিভার্সিটির অনুষ্ঠানেও পড়া হয়। সে সময়ের "সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, শান্তিরক্ষায়" ছাত্রদের আগ্রহকে "আশাপ্রদ" আখ্যায়িত করে, সে লক্ষ্য অর্জনের প্রকৃষ্ট উপায় সম্বন্ধে ছাত্রদের অবহিত হতে বলেন। আন্তর্জাতিক সালিশি আদালত এবং সে আদালতের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক পুলিশ বাহিনীর ধারণা সম্বন্ধে জানার জন্য তিনি ছাত্রদের লর্ড ডেভিস পরিচালিত নিউ কমনওয়েলথ সোসাইটি প্রকাশিত বইগুলি পড়ার অনুরোধ জানান। যে শান্তিবাদী সংস্থার সমস্যা সমূহ সম্বন্ধে সবচেয়ে পরিষ্কার ধারণা আছে এবং সমাধানের উপায় জানা আছে বলে প্রতীয়মান হয়, সেই সংস্থাকে সমর্থন করার জন্য তিনি ছাত্রদের অনুরোধ করেন।
আমেরিকান স্টুডেন্টস ইউনিয়নের হান্টার কলেজ (নিউইয়র্ক) শাখার অনুষ্ঠানে মার্চ ৩১, ১৯৩৭ তারিখে তিনি বক্তব্য রাখেন: "তিনিই সত্যিকারের শান্তিবাদী যিনি আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলার জন্য কাজ করেন। যখন কোন বড় শক্তি নিরপেক্ষতা ও বিচ্ছিন্ন থাকার নীতি অবলম্বন করে, তখন তা' শুধু আন্তর্জাতিক নৈরাজ্য সৃষ্টিতে অবদান রাখে এবং (পরোক্ষভাবে) এমন সব পরিস্থিতির বিকাশে সাহায্য করে যা কেবল যুদ্ধের দিকে এগিয়ে নেয়।"
ইয়ং মেন্স ক্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন অক্টোবর ১১, ১৯৩৭ তারিখে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠাতা দিবস উদযাপন করে। সে উপলক্ষ্যে প্রেরিত বাণীতে৮ আইনস্টাইন "বিগত কয়েক দশকের রাজনৈতিক ও অর্থনৈতিক মতভেদ ও সংঘাত" সঞ্জাত নৈতিক অবক্ষয়কে তৎকালীন বিপজ্জনক পরিস্থিতির জন্য দায়ী করেন। "ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রাথমিক প্রতিক্রিয়া আজ একান্তভাবে অনুপস্থিত। অথচ শেষ বিচারে সেই প্রতিক্রিয়াই মানুষের পুনরায় বর্বরতায় অধঃপতন থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায়ের জন্য মানুষের প্রগাঢ় অভীপ্সা সামাজিক ও রাজনৈতিক অবস্থার উন্নয়নে রাজনৈতিক চাতুর্যের চেয়ে অনেক বেশী অবদান রাখে। মোজেস (মুসা নবী) যে ম্যাকিয়াভেলীর চেয়ে মানবতার বড় নেতা ছিলেন, সে সম্বন্ধে কি কোন সন্দেহ থাকতে পারে?"৮
স্পেনের গৃহযুদ্ধ শুরু হয় জুলাই ২৭, ১৯৩৬ তারিখে। বিপন্ন স্প্যানিশ রিপাবলিকের সমর্থনে এপ্রিল ১৮, ১৯৩৭ তারিখে নিউইয়র্কে একটি জনসভা অনুষ্ঠিত হয়। ১৯২৯ সালের নোবেল পুরস্কার বিজয়ী প্রখ্যাত সাহিত্যিক ও সমাজ সমালোচক টমাস মান সে সভায় বক্তৃতা করেন। শারীরিক অসুস্থতার কারণে আইনস্টাইন উপস্থিত থাকতে পারেননি, তবে প্রেরিত বাণীতে "স্পেনে স্বাধীনতা রক্ষার জন্য সবল কর্মোদ্যোগ নেয়া প্রতিটি গণতন্ত্রীর অপরিহার্য কর্তব্য" বলে উল্লেখ করেন।
দুই বিশ্বযুদ্ধের মধ্যকার সময়ে আইনস্টাইনসহ ইউরোপ ও আমেরিকার অনেক উদারনৈতিক ও আন্তর্জাতিকতাবাদী বিজ্ঞানী, সাহিত্যিক, দার্শনিক, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী আরেকটি বিশ্বযুদ্ধ রোধ করার আপ্রাণ চেষ্টা করেছেন। চূড়ান্ত বিচারে দেখা যায়, তাঁদের সেসব প্রচেষ্টা ব্যর্থ হয়। ১৯৩৫ সালের অক্টোবরে ইথিওপিয়া আক্রমণ ক'রে, ১৯৩৬ সালের মে মাসে দখল সম্পূর্ণ করেন মুসোলিনি। ১৯৩৬ সালের মার্চে রাইনল্যান্ড দখল ক'রে, ১৯৩৮ সালের মার্চে অস্ট্রিয়ায় অভিযান চালান হিটলার। জুলাই ১৭, ১৯৩৬ তারিখে শুরু হয়ে এপ্রিল ১, ১৯৩৯ তারিখে স্পেনের গৃহযুদ্ধ শেষ হয়। ফ্রান্সিস্কো ফ্রাঙ্কোর নেতৃত্বে ন্যাশনালিস্টরা ক্ষমতায় আসে। স্পেনের গৃহযুদ্ধ হিটলারের জার্মানী ও মুসোলিনির ইতালীকে কাছাকাছি এনে দেয়। গৃহযুদ্ধে সাহায্য করার জন্য ফ্রাঙ্কোর আনুগত্য ছিল হিটলার ও মুসোলিনির প্রতি। মার্চ ১৫, ১৯৩৯ তারিখে জার্মানী চেকোস্লোভাকিয়া আক্রমণ করে। জার্মানী বোহেমিয়াও দখল করে নেয়। ইউরোপ দ্রুত এগিয়ে যেতে থাকে আরেকটি বিশ্বযুদ্ধের কৃষ্ণ বিবর অভিমুখে।
তথ্যসূত্র
[১] Einstein in America: The Scientist's Conscience in the Age of Hitler and Hiroshima, by Jamie Sayen (Crown, New York, 1985) p.344.
[২] হার্ডি ও আইনস্টাইনের এ পত্রালাপের বিস্তারিত বিবরণ আছে Einstein on Peace, edited by Otto Nathan and Heinz Norden (Avenel, 1981 Edition; pp. 246-247) পুস্তকে।
[৩] "A Reexamination of Pacifism," by Albert Einstein, reprinted in Einstein on Politics, Edited by David E. Rowe and Robert Schulmann (Princeton Uiversity Press, 2007) pp. 284-286.
[৪] Einstein on Peace, edited by Otto Nathan and Heinz Norden (Avenel, 1981 Edition) pp. 267-268.
[৫] "Carl Von Ossietzky" in Out of My Later Years, by Albert Einstein (The Citadel Press, Secaucus, 1956), p. 241.
[৬] Einstein on race and Racism, by Fred Jerome and Rodger Taylor (Rutgers University Press, New Brunswick, NJ, 2005) p. 77.
[৭] Reprinted in Einstein on Politics, Edited by David E. Rowe and Robert Schulmann (Princeton Uiversity Press, 2007) pp. 284-286.
[৮] Reprinted in Einstein on Peace, edited by Otto Nathan and Heinz Norden (Avenel, 1981 Edition) pp. 274-275.
