শান্তির সৈনিক আইনস্টাইন–সপ্তম অধ্যায়
পরিবর্তনের স্রোতে
জার্মানীতে নাৎসীদের ক্ষমতা দখল আইনস্টাইনের জীবনে এক গাঢ় ছায়া ফেলে, জীবনে যা কখনো অপসৃত হয়নি। জীবনে তিনি কখনও ভুলতে পারেননি যে তাঁর জন্মভূমি জার্মানীই ছিল বিশ্বগ্রাসী যুদ্ধ, ধ্বংস, মৃত্যু আর নির্যাতনের প্রধান ঋত্বিক। কখনো বিস্মৃত হননি ইহুদীদের চিরতরে নির্মূল করার পৈশাচিক প্রবণতা থেকে জার্মান জাতি বর্বরতা ও পাশবিকতার এমন এক পর্যায়ে উপনীত হয়েছিল, ভয়ঙ্কর দুঃস্বপ্ন বা উন্মাদ কল্পনায়ও যা ধারণা করা যায় না। ইউরোপে নাৎসীবাদ ও ফ্যাসিবাদের বিস্তার, অন্যদিকে শান্তি প্রতিষ্ঠার পথ ও পদ্ধতি সম্বন্ধে আইনস্টাইনের দীর্ঘদিন ধরে লালিত ও অনুসৃত নীতি ও ধ্যান-ধারণাকেই বদলে দেয়। ইউরোপের কেন্দ্রভূমে সব নৈতিক ও মানবিক নিয়ম কানুনের প্রতি শ্রদ্ধাহীন নাৎসী ও ফ্যাসিবাদীদের শক্তি সঞ্চয় ও অস্ত্রসজ্জা আইনস্টাইনকে আরেক বিশ্বযুদ্ধের আশঙ্কায় শঙ্কিত করে তোলে। যুদ্ধের সাথে সম্পর্কিত কোন কাজে অংশগ্রহণ না করার যে নীতি তিনি এতদিন ধরে অনুসরণ ও প্রচার করেছেন, সে সম্বন্ধেও প্রশ্ন দেখা দেয় তাঁর মনে।
লা কক-সুর-মারের বালিয়াড়ি আর সমুদ্রতটে ছয় মাসের চেয়ে সামান্য কিছু বেশী সময়ে আইনস্টাইনের জীবনে পরিবর্তনের যে স্রোত বয়ে যায় তার মধ্যে উপরোক্ত রাজনৈতিক পুনরাভিযোজন ছাড়াও ছিল নীড়সন্ধান এবং পরিযান। পদার্থবিদ্যা গবেষণার ক্ষেত্রে তিনি তখন কাজ করছেন "একীভূত ক্ষেত্র তত্ত্ব"-র (Unified Field Theory) ওপর। উদ্দেশ্য প্রকৃতির সব মৌলিক বলগুলিকে দেশ ও কালে একত্রীকরণ। তাড়া আছে শান্তির জন্য সংগ্রামের পদ্ধতি সম্বন্ধে তাঁর নতুন অবস্থান সহযোদ্ধাদের জানিয়ে দেয়ার। আরো মৌলিক প্রয়োজন জীবন ও জীবিকা সুরক্ষার জন্য নিরাপদ ঠিকানা খুঁজে নেয়ার।
শান্তিবাদ নির্বাসনে
নাৎসীদের নির্যাতনের প্রথম শিকার হয় ইহুদী সম্প্রদায় এবং বামপন্থী রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীবৃন্দ। জার্মান সরকার আইন পাস করে যে কোনো ইহুদী সরকারী কোন পদে, বিশ্ববিদ্যালয়ে অথবা একাডেমিতে নিয়োজিত থাকতে পারবে না। ফলে যাঁরা জার্মানী থেকে পালিয়ে যেতে বাধ্য হন তাঁদের মধ্যে ছিলেন ১৪ জন নোবেল পুরস্কার বিজয়ী এবং দেশের ষাটজন তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপকদের মধ্যে ২৬ জন।
নাৎসী জার্মানী, ফ্যাসিবাদী ইতালী এবং এদের প্রভাব বলয়ের মধ্যকার দেশগুলি থেকে বিজ্ঞানের যেসব উজ্জ্বল জ্যোতিষ্ক বিতাড়িত হন তাঁদের মধ্যে ছিলেন আইনস্টাইন, এডওয়ার্ড টেলার, এনরিকো ফার্মি, ভিক্টর ওয়েইসকফ, লিজ মাইটনার, অটো স্টার্ন, হ্যান্স বেয়টা, ইউজিন উইগনার, লিও জিলার্ড প্রমুখ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা নির্মাণে এঁরা সবাই অবদান রাখেন। বিতাড়িত বন্ধু, সহকর্মী এবং সম্প্রদায় হিসেবে ইহুদীদের সমস্যা এ সময়ে আইনস্টাইনের চিন্তা জুড়ে থাকে এবং তিনি তাঁদের সাহায্য ও পুনর্বাসনের জন্য যথাসাধ্য চেষ্টা করেন।
আরেকটি বিশ্বযুদ্ধের আশঙ্কা আইনস্টাইনকে তাঁর শান্তিবাদী চিন্তাধারা ও কার্যক্রম পুনঃপরীক্ষা করতে বাধ্য করে। তাঁর এই মত পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে, "শান্তি প্রতিষ্ঠার জন্য কোন অবস্থাতেই বল প্রয়োগ করা সমীচীন নয়" নীতির প্রতি তাঁর আস্থায় চিড় ধরতে শুরু করে। বরং শক্তিশালী আন্তর্জাতিক বিধান ও বিচার সংস্থার নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে শক্তিশালী সশস্ত্র পুলিশ বাহিনী গড়ে তোলা বিশ্ব শান্তি নিশ্চিত করার জন্য অধিকতর কার্যকর হবে বলে তাঁর ধারণা দৃঢ় হতে থাকে।
সাম্প্রতিক আমেরিকা সফরের সময় তিনি ওয়ার রেজিস্টার্স ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সাথে এ নিয়ে আলোচনাও করেছিলেন। সংগঠনের প্রধান লর্ড আর্থার পনসনবি ধারণাটিকে "অবাঞ্ছিত" ও "অসম্ভব" আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেন। অবাঞ্ছিত, কারণ তাহলে স্বীকার করে নেয়া হবে যে বলপ্রয়োগই শুধু আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করতে পারে। অসম্ভব, কারণ লীগ অব নেশনস যখন মামুলী সিদ্ধান্ত ও প্রতিবাদের ব্যাপারে একমত হতে পারে না, তখন তার পক্ষে একটি আন্তর্জাতিক পুলিশ বাহিনীর কাজ ও মোতায়নের নীতি সম্বন্ধে কোন রকম চুক্তি সম্পাদন করা অসম্ভব হবে।
পনসনবির নেতিবাচক জবাব আইনস্টাইনের মতামতকে প্রভাবিত করেনি। তিনি অন্যান্য সংগ্রামী শান্তিবাদীদের সাথে এ ব্যাপারে মত বিনিময় করা শুরু করেন। আন্তর্জাতিক কোর্ট এবং শক্তিশালী পুলিশ বাহিনীর প্রতিষ্ঠাকে শান্তি সমস্যা সমাধানের একমাত্র সম্ভাব্য উপায় বলে একটি বিবৃতি তিনি জুলাই ২, ১৯৩৩ তারিখে নিউইয়র্কের স্পিনোজা সেন্টার থেকে প্রকাশিত বায়োসফিক্যাল রিভিউতে প্রকাশের জন্য পাঠান।
সেই বসন্তে ইংল্যান্ড সফরের সময় গ্লাসগোতে আইনস্টাইনের সাথে নিউ কমনওয়েলথ সোসাইটির লর্ড ডেভিসের পরিচয় হয়। সোসাইটির অবস্থান ছিল, "নিরাপত্তা ছাড়া নিরস্ত্রীকরণ নয়। একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক সালিশি আদালত এবং আন্তর্জাতিক স্থায়ী সেনাবাহিনী ছাড়া নিরাপত্তা নয়।" জুলাই ২০, ১৯৩৩ তারিখে ডেভিসকে পাঠানো বিবৃতিতে আইনস্টাইন বলেন, "আমি নিজে এত ভালো করে এবং সম্পূর্ণভাবে আমার অবস্থান প্রকাশ করতে পারতাম না, যেমনটি আপনি করেছেন।" পরবর্তীতে তিনি এ অবস্থানের পক্ষে কাজ করেছেন।
লা কক-সুর-মারের অব্যবস্থিত দিনগুলিতে আইনস্টাইন স্বতন্ত্র এবং ব্যক্তিগত যুদ্ধ প্রতিরোধের পক্ষে তাঁর আগেকার অকুণ্ঠ সমর্থন দেয়ার নীতি নিয়ে চিন্তাভাবনা করেন। এ সম্বন্ধে সিদ্ধান্ত নেয়া জরুরী হয়ে পড়ে ১৯৩৩ সালের জুন মাসে। ব্রাসেলসের জেলে বন্দী দুই বিবেকী যুদ্ধ প্রতিরোধীর বিচার আসন্ন। আলফ্রেড নাহন নামে এক তরুণ শান্তিবাদী আইনস্টাইনকে সনির্বন্ধ অনুরোধ জানান বিবাদীদের সমর্থন করার জন্য। বেলজিয়ামের রাজা অ্যালবার্ট ও রানী এলিজাবেথের সাথে আইনস্টাইনের ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। রাজা এ ব্যাপারে আলোচনা করার জন্য আইনস্টাইনকে আমন্ত্রণ জানান। রাজার উদ্দেশ্য ছিল আইনস্টাইনকে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা। সে আলোচনা সম্ভবত আইনস্টাইনকে এ বিষয়ে সিদ্ধান্ত পৌঁছাতে সাহায্য করে। তিনি হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন, এবং জুলাই ১৪, ১৯৩৩ তারিখে রাজাকে লেখা চিঠিতে তা জানিয়ে দেন। কারণ হিসেবে উল্লেখ করেন:
(১) জার্মানীর সাম্প্রতিক ঘটনাবলী যে বিপজ্জনক পরিস্থিতির জন্ম দিয়েছে তার প্রেক্ষিতে বেলজিয়ামের সেনাবাহিনীকে শুধু প্রতিরক্ষার উপায় হিসেবে বিবেচনা করা যায়, আগ্রাসনের জন্য নয়। এবং এ ধরনের প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন এখন অন্য সব সময়ের চেয়ে বেশী জরুরী।
(২) যদি এক্ষেত্রে কারো হস্তক্ষেপ করতে হয়, সে আপনার দেশের আতিথেয়তা উপভোগ করছে এমন কেউ না হওয়াই সঙ্গত।
ধর্মীয় বা নৈতিক প্রত্যয় থেকে যারা সামরিক কার্যক্রমে অংশগ্রহণ করতে অস্বীকার করে তাদের আসামী গণ্য না করা এবং শাস্তির বদলে অন্য ধরনের কঠিন কাজে নিয়োগ করার জন্য তিনি রাজাকে অনুরোধ করেন।
আলফ্রেড নাহনকে জুলাই ২০, ১৯৩৩ তারিখে লেখা চিঠিতে তিনি আগেকার পরিস্থিতির সাথে সাম্প্রতিক পরিস্থিতির ব্যাপক পার্থক্য ব্যাখ্যা করে, এবং পরিবর্তিত পরিস্থিতিতে বেলজিয়ামের সেনাবাহিনী আত্মরক্ষার জন্য প্রয়োজন উল্লেখ করে তাঁর হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত জানিয়ে দেন। তিনি আরো যোগ করেন, "বর্তমান পরিস্থিতিতে আমি সামরিক চাকরি গ্রহণ করতে অসম্মত হব না; বরং আনন্দের সাথে এই বিশ্বাস নিয়ে যোগ দেব যে এ করেই আমি ইউরোপীয় সভ্যতাকে রক্ষা করতে সাহায্য করছি।"
পরবর্তী কয়েক সপ্তাহ ধরে পৃথিবীর সংবাদমাধ্যমগুলি এ খবর ফলাও করে প্রচার করে। নিউইয়র্ক টাইমস শিরোনাম দেয় "আইনস্টাইন শান্তিবাদী মতামত পরিবর্তন করেছেন, জার্মান ভীতির বিরুদ্ধে অস্ত্র সংগ্রহ করতে বেলজিয়ানদের পরামর্শ দিয়েছেন।"
শান্তিবাদী মহলে, এমনকি যাঁদের সাথে তিনি একসাথে কাজ করেছেন তাঁদের মধ্যেও প্রতিক্রিয়া হয় তীব্র। অনেকে বিশ্বাসই করতে পারেন নি যে আইনস্টাইন এভাবে মত পরিবর্তন করতে পারেন। কেউ কেউ ব্যক্তিগত চিঠি লিখে জানতে চেয়েছেন প্রকাশিত সংবাদ সত্য কিনা। ওয়ার রেজিস্টার্স ইন্টারন্যাশনালের সাথে সংশ্লিষ্ট দ্য ডিফেন্স কমিটি অফ দ্য লীগ অফ কনসিয়েনশাস অবজেক্টরসের ফরাসী সেক্রেটারী লেখেন, এ কি সত্য হতে পারে যে যুদ্ধ প্রতিরোধীদের মহা পুরোহিত তাঁর বিশ্বস্ত অনুগামীদের পরিত্যাগ করেছেন। লর্ড পনসনবি আইনস্টাইনের মনোভাব পরিবর্তনে "গভীর হতাশা" প্রকাশ করেন এবং শান্তিবাদী আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কাজে সমরতন্ত্রী ও অস্ত্র ব্যবসায়ীরা তা কীভাবে ব্যবহার করবে সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন। ইন্টারন্যাশনাল লীগ অফ ফাইটার্স ফর পীস, বেলজিয়ান ওয়ার রেজিস্টার্স কমিটি এবং অন্যান্য শান্তিবাদী প্রতিষ্ঠান থেকেও প্রতিবাদ, হতাশা ও ক্ষোভ জানিয়ে চিঠি আসে। এমনকি স্বয়ং রোমা রোঁলাও ডায়েরিতে তীব্র, তীক্ষ্ণ মন্তব্য লেখেন।
আইনস্টাইন তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। তবে ধৈর্য ও আন্তরিকতা সহকারে তাঁর অবস্থান ও যুক্তি ব্যাখ্যা করে প্রতিটি অভিযোগ ও আক্রমণের জবাব দেন। উদাহরণ হিসেবে উল্লিখিত ডিফেন্স কমিটির ফরাসী সেক্রেটারীকে তিনি লেখেন ১:
কয়েক বছর আগে প্রফেসর হ্যাডামার্ডের সাথে পত্রালাপে আমি সামরিক চাকরি গ্রহণে অসম্মতি জানানকে এভাবে সমর্থন করেছিলাম: "আমি স্বীকার করি আফ্রিকার নিগ্রো উপজাতির ক্ষেত্রে যুদ্ধ প্রতিরোধ করা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। কিন্তু ইউরোপের সভ্য জাতিসমূহের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্নতর। […]" সেই মন্তব্য করার পর থেকে আমার মতামতের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে ইউরোপীয় পরিস্থিতির। আফ্রিকায় বিরাজমান অবস্থার কাছাকাছি এসে দাঁড়িয়েছে তা' (ইউরোপীয় পরিস্থিতি)। যতদিন পর্যন্ত জার্মানী অস্ত্রসজ্জা চালিয়ে যাবে ও তার নাগরিকদের প্রতিরোধের যুদ্ধে অংশ নেয়ার জন্য পরিকল্পিতভাবে প্রস্তুত করতে থাকবে ততদিন পর্যন্ত, দুর্ভাগ্যক্রমে, পশ্চিম ইউরোপীয় দেশগুলিকে সামরিক প্রতিরোধের ওপরেই নির্ভর করতে হবে। […] তাদের অবশ্যই পর্যাপ্তভাবে প্রস্তুত থাকতে হবে।
লক্ষ্য রাখা প্রয়োজন আইনস্টাইন তাঁর এই মত পরিবর্তনকে নিতান্ত প্রতিকূল পরিস্থিতিতে কৌশলগত সাময়িক পশ্চাদপসরণ হিসেবে দেখেছেন। ইন্টারন্যাশনাল লীগ অফ ফাইটার্স ফর পীসের চিঠির জবাবে সেপ্টেম্বর ৭, ১৯৩৩ তারিখে তিনি লেখেন, "আমি ভাবতে পারিনা যে কোন বিচক্ষণ ব্যক্তি ফ্রান্স ও বেলজিয়ামকে অসহায়ভাবে সম্ভাব্য জার্মান আক্রমণের মুখে দেখতে চাইবেন। […] এমনকি আন্তর্জাতিক পরিস্থিতি যদি এক বছর আগেও যেমন ছিল তেমনি অবস্থায় ফিরিয়ে নেয়া যায়, তাহলে আমি আমার আগেকার অবস্থানে ফিরে যাব। তার আগে অবশ্যই নয়।"
অনেকের মধ্যেই অভিযোগ ও অসন্তোষ থেকে যায়। আগে রক্ষণশীল ও ডানপন্থীরা তাঁকে বিজ্ঞান জগতের বাইরে সাদাসিধে ও অনভিজ্ঞ মনে করতেন। শান্তি সংগ্রামের কৌশল সম্বন্ধে মত পরিবর্তনের পরে বামপন্থী এবং উদারনৈতিক অনেকে, বিজ্ঞান বলয়ের বাইরে তাঁকে "দুর্বল, দ্বিধাজড়িত ও অসংলগ্ন" ভাবতে শুরু করেন। অসঙ্গতির অভিযোগের জবাবে বলা যায়, সত্যিকারের বিজ্ঞানী তথ্য ও উপাত্তের প্রেক্ষিতে অনুমান ও তত্ত্বের পরিমার্জনা করেন।
১৯৩৩ সালে আইনস্টাইন দুইবার ইংল্যান্ড যান। প্রথমবার মে মাসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হার্বাট স্পেন্সার বক্তৃতা দেন। বিষয়বস্তু ছিল, বিজ্ঞানের দর্শন। পরে গ্লাসগোতে বক্তৃতা দেন, কীভাবে তিনি আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে উপনীত হয়েছেন তার ওপর। এ সময়েই তাঁর লর্ড ডেভিসের সাথে পরিচয় এবং আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক পুলিশ বাহিনী সম্বন্ধে মত বিনিময় হয়।
সেসময় তিনি নিউইয়র্কে তাঁর ইহুদীবাদী বন্ধু ৱ্যাবাই স্টিফেন ওয়াইসের সাথে যোগাযোগ করেন। জার্মানীর যুদ্ধাস্ত্র ও যুদ্ধের উপকরণ সংগ্রহ এবং ব্যাপকহারে সৈন্য প্রশিক্ষণের ব্যাপারে আমেরিকান সরকার ও রাজনৈতিক নেতাদের সতর্ক করে দেয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে তিনি ৱ্যাবাই ওয়াইসকে লেখেন।
আইনস্টাইন দ্বিতীয়বার ইংল্যান্ডে পৌঁছান সেপ্টেম্বর ৩, ১৯৩৩ তারিখে ব্রিটিশ কমান্ডার অলিভার লকার-ল্যাম্পসনের আমন্ত্রণে। প্রথম বিশ্বযুদ্ধে বিমানচালক, সাঁজোয়া বিভাগের অধিনায়ক লকার-ল্যাম্পসন তখন সাংবাদিক এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য। তিনি উইনস্টন চার্চিল, অস্টেন চেম্বারলেইন এবং ভূতপূর্ব প্রধানমন্ত্রী লয়েড জর্জের সঙ্গে আইনস্টাইনের সাক্ষাৎকারের ব্যবস্থা করেন। জার্মানীর অস্ত্রসজ্জা কী বিপদ ডেকে আনতে পারে, সেদিকে নেতৃস্থানীয় ব্রিটিশ রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন আইনস্টাইন। লয়েড জর্জের সঙ্গে দেখা করার পরের দিন দর্শনার্থীদের গ্যালারিতে আইনস্টাইনের উপস্থিতিতে লয়েড জর্জ "ইহুদীদের জন্য নাগরিকত্বের সুযোগ প্রসারের" একটি বিল পার্লামেন্টে উত্থাপন করেন।
নাৎসীরা ক্ষমতায় আসার পর রিফিউজি জীবনের প্রথম প্রকাশ্য বক্তৃতা দেন আইনস্টাইন অক্টোবর ৩, ১৯৩৩ তারিখে। লন্ডনের অ্যালবার্ট হলে সে জনসভার উদ্যোক্তা ছিল রিফিউজি অ্যাসিস্ট্যান্স ফান্ড। উদ্দেশ্য ছিল জার্মানী থেকে বিতাড়িত এবং শীঘ্রই নির্বাসিত হতে যাচ্ছেন এমন সব বিদ্বজনদের পুনর্বাসন ও সাহায্যের জন্য তহবিল সংগ্রহ করা। আইনস্টাইনের জীবনের ওপর হামলা হতে পারে ইঙ্গিত পেয়ে স্কটল্যান্ড ইয়ার্ড কড়া নিরাপত্তার ব্যবস্থা করে। সভায় দশহাজার শ্রোতার সামনে বক্তব্য রাখেন আইনস্টাইন, অস্টেন চেম্বারলেইন, জ্যোতির্বিজ্ঞানী স্যার জেমস জিনস, পদার্থবিজ্ঞানী লর্ড রাদারফোর্ড, এবং অর্থনীতিবিদ স্যার উইলিয়ান বেভাবীজ।
আইনস্টাইন তাঁর বক্তৃতায় রিফিউজি বিদ্বজনদের সাহায্যার্থে সুসংহত উদ্যোগ নেয়ার জন্য উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশ্ন তোলেন, "কীভাবে আমরা মানব জাতি ও তার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে পারি? কীভাবে আমরা ইউরোপকে অধিকতর বিপর্যয় থেকে আগলে রাখতে পারি?" নিরাপত্তা ও সুরক্ষার জন্য শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়কদের গুরুদায়িত্ব বলে উল্লেখ করেন। ব্যক্তি মানুষের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেন। জার্মানীতে ক্ষমতাসীনদের সরাসরি আক্রমণ না করে তিনি বলেন, "যেসব শক্তি ব্যক্তির ও বুদ্ধিবৃত্তির স্বাধীনতা দমিয়ে রাখতে চায় তাদের প্রতিহত করতে হলে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে স্বাধীনতাই এখন ঝুঁকির মুখোমুখি। […] এই স্বাধীনতা ছাড়া কোন শেক্সপিয়ার, গ্যেটে, নিউটন, ফ্যারাডে, পাস্তুর বা লিস্টার সম্ভব হতনা। […] কেবলমাত্র স্বাধীন সমাজেই মানুষ সেসব আবিষ্কার ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে সক্ষম হয় যা আধুনিক মানুষের জীবনকে সমৃদ্ধ করে।"২
নীড়সন্ধানী
১৯৩৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে আইনস্টাইনের ইংল্যান্ড সফরের সময় একটি মর্মস্পর্শী ঘটনা ঘটে। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জের বাড়ীতে দেখা করতে গেলে আইনস্টাইনকে "অতিথি বই" স্বাক্ষর করতে দেয়া হয়। বাড়ীর ঠিকানা লেখার জায়গাটিতে পৌঁছে আইনস্টাইন কয়েক মুহূর্তের জন্য থেমে যান। তারপরে লেখেন, ohne; [৩] জার্মান থেকে যার বাংলা তর্জমা দাঁড়ায় "নেই কোন।" ১৯৩৩ তাই অনিকেত আইনস্টাইনের নীড় সন্ধানের বছর।
বছরের শুরুতে আমেরিকা ভ্রমণের সময় তিনি প্রিন্সটনে নিউ ইনস্টিটিউট অফ এডভান্সড স্টাডিসের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তখন তাঁর ধারণা ছিল বছরের অর্ধেকটা সময় তিনি আমেরিকায় কাটাবেন, বাকি অর্ধেক ইউরোপে। অক্সফোর্ডে প্রতি বছর কিছু সময় কাজ করার জন্য তাঁর আগ্রহ ছিল। ইউরোপের অনেক নামী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার জন্য আমন্ত্রণ আসতে থাকে। অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চ কলেজ পরবর্তী পাঁচ বছরের জন্য বছরে একমাস করে কাটানোর প্রস্তাব দেয়। স্পেনের ইউনিভার্সিটি অফ মাদ্রিদ অধ্যাপক পদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। তেমনি আমন্ত্রণ আসে কলেজ দ্য ফ্রান্স থেকে। ব্রাসেলসের ফ্র্যাংকুই ফাউন্ডেশনের একটি বক্তৃতামালা দেয়ার আমন্ত্রণ তিনি গ্রহণ করেন। বন্ধু সোলোভাইনকে তিনি লেখেন, "আমার মাথায় যে ক'টা যৌক্তিক ধারণা আছে তার চেয়ে বেশি অধ্যাপক পদের আমন্ত্রণ পেয়েছি।"
প্রথমদিকে আইনস্টাইন কোন রকম বাছ-বিচার ছাড়াই এসব পদ গ্রহণ করেছেন। আইনস্টাইনকে অধ্যাপক পদে বরণ করে নেয়ার পেছনে বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম উদ্দেশ্য ছিল জার্মানীতে শিক্ষাবিদদের সাথে যে ব্যবহার করা হচ্ছিল তার প্রতিবাদ করা। আইনস্টাইন সে পরোক্ষ প্রতিবাদ পছন্দ করেছেন, তাই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে "অন্তর্নিহিত রাজনৈতিক বক্তব্যকে" খর্ব করতে চান নি। আরেকটি কারণ ছিল সহযোগী ওয়ালথার মেয়ারের জন্য একটি ভালো পদের ব্যবস্থা করা।
শেষ পর্যন্ত তিনি প্রিন্সটন যাওয়ার সিদ্ধান্ত নেন। সমুদ্রগামী জাহাজ ওয়েস্টমোরল্যান্ড বেলজিয়াম থেকে এলসা ও হেলেন ডুকাসকে যাত্রীদের মধ্যে নিয়ে রওনা হয়। পথে ইংল্যান্ড থেকে আইনস্টাইন ও মেয়ারকে তুলে নেয় অক্টোবর ৭, ১৯৩৩ তারিখে। আইনস্টাইন তখনো ভেবেছেন মাঝে মাঝে ইউরোপে ফিরে যাবেন। নিদেনপক্ষে পরবর্তী বছরে অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চ কলেজে কাজ করবেন। ভাগ্যের পরিহাস, আরো বাইশ বছর বেঁচে থাকলেও জীবনে তাঁর আর কখনো ইউরোপে ফেরা হয়নি।
ওয়েষ্টমোরল্যান্ড নিউইয়র্ক পোতাশ্রয়ে পৌঁছায় অক্টোবর ১৭, ১৯৩৩ তারিখে। ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও সাংবাদিকদের ভীড় ও প্রচার প্রাবল্য এড়ানোর জন্য ইনস্টিটিউটের পরিচালক আব্রাহাম ফ্লেক্সনার আইনস্টাইন ও তাঁর পরিজনদের টাগবোটে করে সরাসরি জাহাজ থেকে নামিয়ে নিউজার্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
আইনস্টাইন ও এলসা নিরিবিলি, ছিমছাম ক্যাম্পাস শহর প্রিন্সটনকে সহজেই ভালবেসে ফেলেন। বেলজিয়ামের রানী এলিজাবেথকে আইনস্টাইন লেখেন, "প্রিন্সটন একটি অপূর্ব সুন্দর ছোট্ট জায়গা। মাটিতে-পা-না-পড়া ক্ষুদে উপদেবতাদের রমণীয় আচার-অনুষ্ঠানে ভরপুর এক গ্রাম। কিছু সামাজিক রীতিনীতি উপেক্ষা করে আমি নিজের কাজের জন্য কোনরকম উপদ্রবমুক্ত নিরিবিলি পরিবেশ গড়ে নিতে পেরেছি।"
"পুরো প্রিন্সটন সুন্দর গাছগাছালিতে ভরা এক বড় পার্ক," এলসা লেখেন তাঁর বান্ধবীকে, "আমরা এখানে খুব সুখী।"
তথ্যসূত্র
[১] প্রফেসর হ্যাডামার্ডের সাথে পত্রালাপ পঞ্চম অধ্যায়ে দ্রষ্টব্য। আইনস্টাইনের এ জবাবের সূত্র: Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), p.230.
[২] আইনস্টাইনের এ ভাষণের বিশদ বিবরণের জন্য দ্রষ্টব্য: Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), pp.236-240.
[৩] Einstein, by Walter Isaacson, (Simon and Schuster, New York, 2007), pp.419-420.
