২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির সৈনিক আইনস্টাইন–ষষ্ঠ অধ্যায়

স্বপন কুমার গায়েন

Published : 16 Apr 2022, 11:59 AM

Updated : 22 Jul 2022, 02:49 AM


নাৎসীবাদের অশনি সংকেত
উনিশশ' বত্রিশ সাল ছিল এক বিশেষ সন্ধিক্ষণ, ক্রান্তির কাল। জার্মানীর জাতীয় জীবনে, ইউরোপের রাজনীতিতে, আর বিশেষ করে আইনস্টাইনের জন্য। সেপ্টেম্বর ১৪, ১৯৩০ তারিখের জাতীয় নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে নাৎসী পার্টির উত্থানকে যদি আকাশকোণে খণ্ড কাল মেঘ ধরে নেয়া যায়, তবে জুলাই ৩১, ১৯৩২ তারিখের রাইখস্ট্যাগ নির্বাচনে ৬০৮টি আসনের মধ্যে ২৩০টি দখল করে বৃহত্তম দল হিসেবে নাৎসীদের বিকাশ হল ঘন মেঘে আকাশ ছেয়ে ফেলা। নভেম্বর ৬ তারিখের রাইখস্ট্যাগ নির্বাচনে কয়েকটি আসন হারালেও নাৎসীদের আসন সংখ্যা তখন অন্য যেকোন দলের চেয়ে বেশি ছিল। সংখ্যাগরিষ্ঠ না হয়েও শুধু সেই বেশি আসন-ধারী অবস্থানকে পুঁজি করে আর রাজনৈতিক চাতুর্য, তীব্রতা, প্রতারণা ও সন্ত্রাসের মারাত্মক মিশ্রনের মধ্য দিয়ে নাৎসীরা কার্যকর শাসন ক্ষমতা কুক্ষিগত করার পথে এগিয়ে যাচ্ছিল। নাৎসীদের সংকীর্ণ জাতীয়তাবাদ, তীব্র ইহুদীবিদ্বেষ, স্বৈরতন্ত্রে আস্থা, যুদ্ধংদেহী মনোভাব এবং সমরপ্রীতি সুশীল সমাজ, স্বাধীনতা, গণতন্ত্র ও নৈতিকতার জন্য কত মারাত্মক হবে; এবং সামগ্রিকভাবে ইহুদীদের জন্য এবং ব্যক্তিগতভাবে তাঁর নিজের জন্য কত ভয়ংকর হবে সেকথা আইনস্টাইন অন্য যে-কারো চেয়ে ভালভাবে জানতেন। ব্যক্তিগত নিরাপত্তা ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার জন্য আশঙ্কা থেকে যে কথা তিনি আগে কখনো আমল দেননি, সেই জার্মানী ছেড়ে যাওয়ার কথা ভাবতে শুরু করেন।
তবুও নাৎসীরা ক্ষমতা পুরোপুরি দখল করার আগের বছরটিতে (১৯৩২) আইনস্টাইন যুদ্ধ নির্মূল করা এবং আন্তর্জাতিক সমঝোতা গড়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগে অংশগ্রহণ করেন। জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলনের কথা আগেই বলা হয়েছে; অন্যগুলো ছিল অ্যামস্টার্ডাম শান্তি কংগ্রেস, আন্তর্জাতিক শান্তি কেন্দ্র প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং যুদ্ধ সম্বন্ধে সিগমান্ড ফ্রয়েডের সাথে প্রকাশ্য পত্রালাপ।

অ্যামস্টার্ডাম শান্তি কংগ্রেস

অ্যামস্টার্ডাম শান্তি কংগ্রেসের উদ্যোক্তা ছিলেন ফরাসী লেখক হেনরি বার্বাস। ১৯৩১ সালের সেপ্টেম্বরে জাপানের মাঞ্চুরিয়া দখল এবং জানুয়ারি ১৯৩২ সালের সাংহাই সংঘর্ষ শান্তিবাদী মহলে উদ্বেগের জন্ম দেয়। বার্বাস এবং অনেক বামপন্থী বুদ্ধিজীবী জাপানের আগ্রাসনকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের পাঁয়তারা মনে করতেন। বার্বাসের মূল পরিকল্পনা ছিল জেনেভায় জুন ২৮, ১৯৩২ তারিখে কংগ্রেস শুরু করার। তারিখটি তাৎপর্যপূর্ণ, কারণ ১৮ বছর আগে এই দিনে সারাজেভোয় অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ডের গুপ্তহত্যা ছিল প্রথম বিশ্বযুদ্ধের আশু কারণ। কংগ্রেসের উদ্দেশ্য হবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন শান্তি আন্দোলনগুলোকে সমন্বিত করে, দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে পৃথিবীর নৈতিক ও বুদ্ধিবৃত্তিক শক্তিকে সাম্রাজ্যবাদী যুদ্ধের মূর্খতা ও অসারতার বিরুদ্ধে সংগঠিত করা।

এপ্রিল ১৯, ১৯৩২ তারিখে প্যারিস থেকে পাঠানো তারবার্তায় এবং পরের দিন বিস্তারিত চিঠিতে বার্বাস আইনস্টাইনকে কংগ্রেস উদ্যোক্তা মণ্ডলীতে যোগ দেয়ার আমন্ত্রণ জানান। বার্বাস ও আইনস্টাইন ছাড়া প্রস্তাবিত যুদ্ধবিরোধী কংগ্রেসের উদ্যোক্তাদের মধ্যে থাকবেন মাদাম সান ইয়াত সেন, থিওডোর ড্রেইসার, আপটন সিনক্লেয়ার, জন প্যাসোস, হেনরিখ মান, ম্যাক্সিম গোর্কি, জর্জ বার্নার্ড শ', হার্বার্ট জর্জ ওয়েলস, রোমা রোঁলা এবং পল ল্যাংগেভিন।
আইনস্টাইন এমনি এক বৃহত্তর ও "কার্যকর যুদ্ধবিরোধী আন্দোলনে যথাসম্ভব পূর্ণ অংশগ্রহণ করার" সম্মতি জানিয়ে এপ্রিল ২৬, ১৯৩২ তারিখে বার্বাসের চিঠির জবাব দেন। যুদ্ধবিরোধী কর্মপন্থা কার্যকর করার জন্য আমেরিকাসহ লীগ অব নেশনস এর সদস্য সব দেশের লীগের এবং হেগে অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালতের (International Court of Arbitration) সব সিদ্ধান্ত মেনে নিতে হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

কংগ্রেসের প্রস্তুতি ও অগ্রগতি জানিয়ে বার্বাস আইনস্টাইনের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। মে ১৮, ১৯৩২ তারিখে তিনি আইনস্টাইনকে একটি আবেদনের খসড়া পাঠান। উদ্দেশ্য সব উদ্যোক্তার স্বাক্ষর সম্বলিত আবেদনটি কংগ্রেসের প্রকাশ্য প্রচারণার জন্য ব্যবহার করা। আইনস্টাইনের জবাব পাবার আগেই এবং কংগ্রেস অনুষ্ঠানের প্রকাশ্য ঘোষণা করতে দেরি হচ্ছে বলে বার্বাস তাঁর নিজের ও রোমা রোঁলার স্বাক্ষর নিয়ে ঘোষণাটি প্রকাশ করেন। খসড়ার প্রথম অনুচ্ছেদে সোভিয়েত রাশিয়ার গুণকীর্তন ছিল বলে আইনস্টাইন স্বাক্ষর করতে অস্বীকার করেন।

পরবর্তীতে বার্বাসের সাথে আইনস্টাইনের সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে মতামত বিনিময় হয়। জাপানের দূরপ্রাচ্য অভিযানের মধ্যে পরোক্ষে সোভিয়েত বিরোধিতার বীজ রয়েছে, থিসিসে বিশ্বাস করলেও আইনস্টাইন সেখানে বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও ক্ষমতাসীনদের দায়বদ্ধতার অভাব উপেক্ষা করতে পারেন নি। তাই সোভিয়েত প্রশস্তি বাদ দিয়ে ও নিরপেক্ষতা বজায় রেখে কংগ্রেসের কাজ এগিয়ে নিলে তিনি সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি দৃঢ় মত পোষণ করেন, "রাশিয়ার উন্নয়নের বিরুদ্ধে বাইরের কোন হুমকি প্রতিহত করার জন্য সবকিছু করতে হবে।" রাশিয়ার আভ্যন্তরীণ অবস্থাকে উপেক্ষা করে তার ভাবমূর্তি উজ্জ্বল করায় আইনস্টাইনের আপত্তি ছিল। তাঁর আশঙ্কা ছিল ভাবাদর্শগত বিতর্কে জড়িয়ে পড়লে শান্তিবাদীদের মধ্যে বিভেদ দেখা দেবে, কংগ্রেসের উদ্দেশ্য সিদ্ধ হবে না এবং পরিণামে যুদ্ধবাদীদের সুবিধা হবে।

প্রায় শুরু থেকেই শান্তি কংগ্রেস বিতর্কের মুখোমুখি হয়। অনেক শান্তিবাদী কংগ্রেস রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রভাবাধীন বলে মনে করেছেন। অনেক সংগ্রামী শান্তিবাদী আইনস্টাইনকে অংশগ্রহণ না করার জন্য অনুরোধ করেন। জেনেভায় কর্তৃপক্ষ কংগ্রেস অনুষ্ঠানের অনুমতি দেয়নি। ব্রাসেলসেও কংগ্রেস অনুষ্ঠান সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আগস্ট ২৭, ১৯৩২ তারিখে অ্যামস্টার্ডামে কংগ্রেসের উদ্বোধন হয়। আইনস্টাইনকে সশরীরে উপস্থিত থাকার জন্য বার্বাস সনির্বন্ধ অনুরোধ জানান। আইনস্টাইন অ্যামস্টার্ডাম যান নি, তবে নিচের বার্তা পাঠান ১:
জাপান যখন মাঞ্চুরিয়া আক্রমণ করে, সভ্য জগতের বিবেক সে অবিচার রোধ করার জন্য যথেষ্ট জোরাল ছিল না। একথা প্রমাণিত হয়েছে যে, যুদ্ধ-শিল্প-প্রতিষ্ঠানসমূহের অর্থনৈতিক স্বার্থ সুবিচারের জন্য জনগণের আকাঙ্ক্ষার চেয়ে বেশি শক্তিশালী। এখন সবার কাছে পরিষ্কার হয়েছে যে, জাপানের মাঞ্চুরিয়া অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল সামরিক আক্রমণের মাধ্যমে রাশিয়াকে দুর্বল করা এবং তার অর্থনৈতিক উন্নয়নে ব্যাঘাত ঘটান।

আন্তর্জাতিক আইনী প্রতিষ্ঠানসমূহের সুস্থ বিকাশ যাঁরা সমর্থন করে, তাঁদের সবাইকে, রাজনৈতিক ও অর্থনৈতিক মতাদর্শ নির্বিশেষে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে যাতে সুস্থ ও সহানুভূতিশীল সিদ্ধান্ত নিতে পারে যেসব প্রতিষ্ঠান, সেগুলি যেন পাশব বল ও মুনাফার জন্য অনিয়ন্ত্রিত লালসাকে হটিয়ে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের সংস্কৃতি যখন এমন মারাত্মক হুমকির মুখোমুখি তখন যাঁরা অলসভাবে দাঁড়িয়ে থাকবেন তাঁদের প্রত্যেকে দোষের ভাগী হবেন।
পৃথিবীর শীর্ষস্থানীয় দেশসমূহে ন্যায়বিচারের আকাঙ্ক্ষা যখন যথেষ্ট প্রবল হবে, তখন ন্যায় বিচার অর্জিত হবে। আমি আশা করি, এই কংগ্রেস জনমতকে এমনভাবে গড়ে তুলবে যে সব বড় শক্তির সরকারসমূহ আসন্ন বিপর্যয় এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।
১

সেপ্টেম্বর ১১, ১৯৩২ তারিখে বার্বাস আইনস্টাইনকে জানান যে তাঁর বার্তা উষ্ণ সম্বর্ধনা পেয়েছিল। অবশ্য একটি শান্তিবাদী জার্মান পত্রিকার সমসাময়িক প্রতিবেদন থেকে জানা যায় যে অন্যান্য কমিউনিস্ট বক্তাদের বক্তৃতার সাথে তুলনায় আইনস্টাইনের বার্তাটি "অসাধারণ শীতলতার সাথে" গৃহীত হয়েছিল। পরবর্তীতে অ্যামস্টার্ডাম শান্তি কংগ্রেস একটি ব্যর্থ প্রয়াস বলে পরিগণিত হয়েছে। মূল কংগ্রেস থেকে উদ্ভূত অন্য কোন প্রয়াসে অংশগ্রহণের অনুরোধ আইনস্টাইন সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন।

আন্তর্জাতিক শান্তি সদন প্রতিষ্ঠার প্রয়াস
রেভারেন্ড হুগেনহোল্টজ ছিলেন এক শান্তিবাদী ওলন্দাজ ধর্মযাজক। আইনস্টাইনের সাথে তাঁর পত্র যোগাযোগ ছিল। আইনস্টাইনের গ্রীষ্মকালীন নিবাসে সপ্তাহান্তিক অতিথি হিসেবে থাকার সুযোগ নিয়ে তিনি একটি আন্তর্জাতিক শান্তি সদন প্রতিষ্ঠার প্রস্তাব আইনস্টাইনের বিবেচনার জন্য পেশ করেন। শান্তি সদন প্রতিষ্ঠিত হবে হেগ শহরে, বিদ্যমান কোন শান্তিবাদী প্রতিষ্ঠানের কাছ থেকে কোন রকম আর্থিক সাহায্য না নিয়ে। শান্তি সদন শান্তিবাদী প্রতিষ্ঠানসমূহকে অফিসঘর, লাইব্রেরি ব্যবহারের সুযোগ এবং মিটিং করার জায়গা দেবে। নৈতিক সমর্থনের জন্য যেসব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হবে তার মধ্যে ছিল ওয়ার রেজিস্টার্স ইন্টারন্যাশনাল, দ্য ওমেন্স ইন্টারন্যাশনাল লীগ ফর পীস এন্ড ফ্রিডম, দ্য ইন্টারন্যাশনাল ফেলোশিপ অফ রিকন্সিলিয়েশন এবং দ্য ইন্টারন্যাশনাল এন্টিমিলিটারিস্টিক ব্যুরো।

আইনস্টাইন হুগেনহোল্টজের প্রস্তাব সমর্থন করে এবং প্রচেষ্টার সাফল্য কামনা করে জুলাই ২৫, ১৯৩২ তারিখে জবাব দেন। অবশ্য নির্বাহী কমিটির চেয়ারম্যান হতে অস্বীকার করেন। আর যেসব শান্তিবাদী প্রতিষ্ঠানের নৈতিক সমর্থন চাওয়া হবে, তাদের মতামত জরিপ করে দেখার পরামর্শ দেন। আইনস্টাইনের পরামর্শ মেনে হুগেনহোল্টজ বিভিন্ন শান্তিবাদী প্রতিষ্ঠানের কাছে চিঠি লেখেন। কয়েক মাস পরে তিনি আইনস্টাইনকে জানান যে সম্ভবত শান্তিবাদী প্রতিষ্ঠানগুলো প্রস্তাবটি বুঝতে পারে নি। দু'টি সংগঠন সহায়তা করতে অস্বীকার করেছে, অন্যরা কোন জবাব দেয়নি। তবে তিনি মনে করেন শান্তি সদন প্রতিষ্ঠার কাজ অবিলম্বে শুরু করা প্রয়োজন, এবং আইনস্টাইনকে তহবিল সংগ্রহের অনুরোধ জানান। তিনি আরো জানান অ্যামস্টার্ডাম যুদ্ধবিরোধী কংগ্রেস ব্যর্থ হয়েছে, তাই তিনি "সত্যিকারের যুদ্ধবিরোধী কংগ্রেস" সংগঠনের উদ্যোগ নিয়েছেন।

আইনস্টাইন দু'টি উদ্যোগই প্রত্যাখ্যান করেন। শান্তিসদন প্রতিষ্ঠার ব্যাপারে তিনি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি অন্যান্য শান্তিবাদী সংগঠন প্রচেষ্টাকে সমর্থন করে। সে সমর্থন না মিললে এ উদ্যোগ নেয়া হবে শান্তিবাদীদের নিজেদের মধ্যকার বিভেদ প্রতিপক্ষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার সামিল। অ্যামস্টার্ডাম কংগ্রেসের এত কাছাকাছি সময়ে একই উদ্দেশ্যে আরেকটি কংগ্রেসের আয়োজন করা "মারাত্মক ভুল" হবে। সংগ্রামী শান্তিবাদী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার কাজে নিয়োজিত হওয়ার জন্য তিনি হুগেনহোল্টজকে অনুরোধ করেন।
আইনস্টাইন-ফ্রয়েড পত্রালাপ: যুদ্ধ কেন?

ইতালীতে বেনিটো মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদীদের ক্ষমতা দখল ও সংহতকরণ, আর জার্মানীতে নাৎসীবাদের সদম্ভ উত্থান আইনস্টাইন শঙ্কার সাথে পর্যবেক্ষণ করেছেন। হিংসা ও উগ্র জাতীয়তাবাদ তাদের রাজনৈতিক মন্ত্র, সন্ত্রাস ও ভীতি সঞ্চার তাদের প্রভাব বিস্তারের কৌশল। ফ্যাসিস্ট ও নাৎসীরা ইউরোপকে ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে নিতে পারে, সে আশঙ্কা থেকে আইনস্টাইন শান্তি ও সদ্বিবেচনার পথে সাহায্য ও সহযোগিতা খুঁজে ফিরেছেন।

একটি আন্তর্জাতিক মনীষী সমিতি গড়ার ধারণা সম্ভবত তাঁর সেই সন্ধানের প্রসূন। সমিতির সদস্য হবেন সেই সব মনীষীরা যাঁরা তাঁদের বুদ্ধিবৃত্তিক অবদানের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন, যাঁদের নৈতিক মূল্যবোধ, স্বাতন্ত্র্য, বস্তুনিষ্ঠতা ও সততা অনবদ্য। প্রকাশ্য বিবৃতির মাধ্যমে সমিতির সদস্যরা আন্তর্জাতিক সহযোগিতা, নিরস্ত্রীকরণ এবং নিরাপত্তার লক্ষ্যে গৃহীত গুরুত্বপূর্ণ উদ্যোগকে সমর্থন করবেন অথবা প্রভাবিত করবেন। সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখবেন, সমকালীন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মতবিনিময় করবেন এবং সমস্যা সমাধানের জন্য তাঁদের সুচিন্তিত সমষ্টিগত অভিমত প্রকাশ করবেন। সংকীর্ণ দলীয় ও জাতীয়তাবাদী চিন্তা রাজনীতিবিদদের যেভাবে প্রভাবিত করে, মনীষীরা তার উপরে উঠতে পারবেন বলে তাঁদের দেয়া সমাধান অধিকতর সার্বজনীন ও গ্রহণযোগ্য হবার সম্ভাবনা থাকবে।
প্রস্তাবিত সমিতির সম্ভাব্য সদস্য হিসেবে আমন্ত্রণ জানিয়ে আইনস্টাইন ১৯৩১-র শেষ দিকে অথবা ১৯৩২-র প্রথম দিকে সিগমান্ড ফ্রয়েডকে একটি চিঠি লেখেন। আধুনিক মনঃসমীক্ষণের জনক ফ্রয়েড তৎকালীন বুদ্ধিবৃত্তির আকাশে আরেক উজ্জল নক্ষত্র। মনঃসমীক্ষন সংক্রান্ত ফ্রয়েডের মতবাদসমূহের বৈধতা সম্বন্ধে সুস্পষ্ট মতামত না থাকলেও, আইনস্টাইন ফ্রয়েডের রচনাশৈলী ও মৌলিক চিন্তাধারার অনুরাগী ছিলেন। বিশেষ করে সামাজিক দার্শনিক হিসেবে ফ্রয়েডের বিশ্লেষণী বিচার ক্ষমতা, ব্যগ্রতা, সততা ও শান্তিবাদী দৃষ্টিকোণ আইনস্টাইন শ্রদ্ধার চোখে দেখতেন।

তাই সম্মিলিত জাতিপুঞ্জের ইনস্টিটিউট অফ ইন্টেলেকচুয়াল কো-অপারেশন আইনস্টাইনকে তাঁর পছন্দের অন্য কোন বুদ্ধিজীবীর সাথে মানবজাতির কোন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করার আমন্ত্রণ জানালে, আইনস্টাইন ফ্রয়েডকে বেছে নেন। আলোচনার বিষয়বস্তু হিসেবে তাঁর নির্বাচিত প্রশ্ন ছিল, "যুদ্ধের বিভীষিকা থেকে মানবজাতিকে উদ্ধার করার কোন উপায় আছে কি?" ইনস্টিটিউটের উদ্দেশ্য ছিল খ্যাতনামা বুদ্ধিজীবীদের এ ধরনের আলোচনার একটি সংকলন প্রকাশ করা।

জুলাই ৩০, ১৯৩২ তারিখে ফ্রয়েডকে লেখা এক খোলা চিঠিতে আইনস্টাইন যুদ্ধের কারণ ও যুদ্ধ প্রতিরোধের উপায় সম্বন্ধে আলোচনা শুরু করেন।২ যুদ্ধের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণসমূহের পাশাপাশি মনস্তাত্ত্বিক কারণও থাকতে পারে। মানুষের ইচ্ছা ও অনুভূতির অন্ধকার প্রদেশ সম্বন্ধে তাঁর চিন্তা-ভাবনা কোন অন্তর্দৃষ্টি দেয় না বলে, আইনস্টাইন মন্তব্য করেন যে আলোচনায় তাঁর ভূমিকা হবে প্রশ্ন তোলার ও ব্যাখ্যা করার। ফ্রয়েডের কাছ থেকে প্রত্যাশা থাকবে যুদ্ধের মনস্তাত্ত্বিক ভিত্তির ওপর আলোকপাত করার।

যুদ্ধ নিবারণের প্রশাসনিক দিক সম্বন্ধে আইনস্টাইনের প্রস্তাব ছিল এরকম: জাতিতে জাতিতে বিবাদ মীমাংসার জন্য আন্তর্জাতিক সম্মতির ভিত্তিতে একটি বিধান ও বিচার সংস্থা প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটি জাতি এই সংস্থার নির্দেশ মেনে চলার অঙ্গীকার করবে, প্রতিটি বিবাদে সংস্থার মধ্যস্থতা চাইবে, সংস্থার দেয়া রায় মেনে নেবে এবং সংস্থার দেয়া ডিক্রি কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। বিদ্যমান কোন সংস্থারই জারিকৃত রায় কার্যকর করার শক্তি নেই। তাই আন্তর্জাতিক নিরাপত্তার জন্য প্রথম শর্ত হিসেবে প্রতিটি দেশের আংশিক সার্বভৌমত্ব সংকোচন মেনে নিতে হবে। বিগত দশ বছরে আন্তরিকতা থাকা সত্ত্বেও এ ধরনের কোন প্রচেষ্টা সফল হয়নি। তাই আইনস্টাইনের ধারণা, ব্যর্থতার পেছনে যে জোরাল মনস্তাত্ত্বিক উপাদান রয়েছে, সে সম্বন্ধে কোন সন্দেহ থাকতে পারে না।

কোন কোন উপাদান সহজে শনাক্ত করা যায়। প্রথমত শাসকশ্রেণীর ক্ষমতার মোহ জাতীয় সার্বভৌমত্বের কোনরকম সীমাবদ্ধতার বিরোধী। অস্ত্র নির্মাতা এবং অস্ত্র ব্যবসায়ীদের অর্থনীতিক স্বার্থ মদদ দেয় শাসকশ্রেণীর সেই রাজনৈতিক ক্ষমতার চাহিদায়। যুদ্ধে দুর্ভোগ আর ক্ষয়ক্ষতি হয় সাধারণ মানুষের।

প্রশ্ন হচ্ছে, ছোট একটি কুচক্রের পক্ষে তাদের স্বার্থসিদ্ধির জন্য সংখ্যাগুরু জনসাধারণকে ব্যবহার করা সম্ভব হয় কীভাবে? সেই সংখ্যাগুরুদের মধ্যে প্রতিটি পদমর্যাদার সৈন্যরাও পড়েন, যাঁরা জাতির বৃহত্তর স্বার্থ রক্ষা করছেন বিশ্বাসে তাঁদের পেশা বেছে নিয়েছেন। এ প্রশ্নের একটি সাফ জবাব হতে পারে যে শাসকগোষ্ঠী স্কুল, সংবাদমাধ্যম এবং সাধারণত ধর্ম প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ করে। ফলে তাদের পক্ষে জনসাধারণের) আবেগকে সংগঠিত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। অবশ্য এ উত্তরও পূর্ণ সমাধান দেয় না। বরং নতুন প্রশ্ন তোলে। উপরোক্ত মাধ্যমগুলো মানুষের মধ্যে এমন বন্য উন্মাদনা জাগাতে সক্ষম হয় কী করে যে মানুষ জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে? সম্ভাব্য উত্তর একটাই। মানুষের নিজের মধ্যে ঘৃণা ও ধ্বংসের আসক্তি রয়েছে। স্বাভাবিক সময়ে সে আসক্তি সুপ্ত থাকে, জেগে ওঠে শুধুমাত্র প্রতিকূল পরিস্থিতিতে। তবে তাকে জাগিয়ে দেয়া এবং মনোবিকারের পর্যায়ে তাতিয়ে তোলা অপেক্ষাকৃত সহজ কাজ। আর এখানেই সম্ভবত নিহিত রয়েছে সব জটিল উপাদানের মূল, এক প্রহেলিকা, যার সন্ধান শুধুমাত্র মানব প্রবৃত্তির বিশেষজ্ঞের পক্ষেই করা সম্ভব।
এখন শেষ প্রশ্ন। মানুষের মনের বিবর্তন কি নিয়ন্ত্রণ করা সম্ভব, যাতে সে ঘৃণা ও ধ্বংসের মনোবিকার থেকে মুক্ত হতে পারে? এ ভাবনা শুধু তথাকথিত অসংস্কৃত জনসাধারণের জন্য নয়। অভিজ্ঞতা প্রমাণ করে যে তথাকথিত "বুদ্ধিজীবী সম্প্রদায়ই" বরং এসব সর্বনাশা যৌথ অভিভাবন মেনে নেয়ার ব্যাপারে বেশী পটু। আইনস্টাইন চিঠি শেষ করেন ফ্রয়েডকে তাঁর মনোসমীক্ষামূলক কাজের ভিত্তিতে ওপরের প্রশ্নগুলোর জবাব দেয়ার এবং সামগ্রিকভাবে বিশ্বশান্তির সমস্যা নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়ে।

ভিয়েনা থেকে ১৯৩২ সালের সেপ্টেম্বরে পাঠানো দীর্ঘ ও জটিল চিঠিতে ফ্রয়েড আইনস্টাইনের অনুসিদ্ধান্ত ও প্রশ্নগুলো নিয়ে বিশদ আলোচনা করেন।২ যুদ্ধ নিবারণের জন্য আইনস্টাইন প্রস্তাবিত "আন্তর্জাতিক বিধান ও বিচার সংস্থার প্রতিষ্ঠা" সম্বন্ধে তিনি একমত হন। জোর দেন সংস্থার "পর্যাপ্ত নির্বাহী শক্তি" থাকার ওপর, যাতে সংস্থা তার দেয়া সিদ্ধান্ত কার্যকর করতে পারে।


"মানুষের মধ্যে ঘৃণা ও ধ্বংসের আসক্তি রয়েছে," আইনস্টাইনের এ উপাত্তের সাথেও তিনি "সম্পূর্ণ একমত" হন। তিনি ব্যাখ্যা করেন, "আমরা (মনোসমীক্ষকরা) ধারণা করি মানুষের প্রবৃত্তিসমূহ দুই ধরনের: "যেগুলি সংরক্ষণ ও সমন্বিত করে সেগুলিকে বলি "প্রেমমূলক"….; এবং দ্বিতীয়ত ধ্বংস ও হত্যা করার প্রবৃত্তিসমূহ, যেগুলি কেবলই আগ্রাসী ও ধ্বংসাত্মক।" এগুলি যেন সেই চির-চেনা বিপরীতের জোড় — ঘৃণা ও ভালবাসা; অথবা চিরায়ত দ্বিমেরুর আরেক রূপ — আকর্ষণ ও বিকর্ষণ। ফ্রয়েড বিশেষভাবে সতর্ক করে দেন যে এ দুই ধরনের প্রবৃত্তিসমূহকে "শুভ" আর "অশুভ" আখ্যায়িত করা সমীচীন হবে না। প্রতিটি প্রবৃত্তি, তার বিপরীতের মতো প্রতি কণায় অপরিহার্য। জীবনের সব প্রক্রিয়া দুই বিপরীতের কার্যক্রম থেকে উৎসারিত; সে তারা একত্রে কাজ করুক বা বিরোধিতা করুক। দেখা যায় কোন প্রবৃত্তি একাকী বিচ্ছিন্নভাবে কাজ করতে পারে না, বিপরীতের মিশ্রণ কিছুমাত্রায় হলেও প্রয়োজন হয়। তাই আত্মরক্ষার সহজাত প্রবৃত্তি প্রেমমূলক হলেও সেই লক্ষ্য অর্জনের জন্য আক্রমণাত্মক পদক্ষেপ নেয়া প্রয়োজন হয়। আর এভাবে ফ্রয়েড পৌঁছে যান আইনস্টাইনের শেষ প্রশ্নের এক নেতিবাচক উত্তরে, "বিবিধ পর্যবেক্ষণের ফলাফল এই যে, মানুষের আগ্রাসী প্রবণতা অবদমনে সক্ষম হওয়ার কোন সম্ভাবনা আমাদের নেই।"

মানুষের আগ্রাসী প্রবৃত্তি পরিবর্তনের সম্ভাবনা নাকচ করলেও শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনায় আশা হারান না ফ্রয়েড। স্মরণাতীত কাল থেকে মানব জাতির সাংস্কৃতিক অগ্রগতির দুই মনস্তাত্ত্বিক বিকাশের দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। প্রথমটি বুদ্ধিমত্তার ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা। বুদ্ধিমত্তা মানুষের প্রবৃত্তিগত কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়টি আগ্রাসী প্রবৃত্তির অবদমন। সংস্কৃতির অগ্রযাত্রা আমাদের মনোজগতকে যেভাবে বিকশিত করে, যুদ্ধের যাত্রা তার বিপরীতে। সংস্কৃতিবান মানুষ সহজাতভাবেই যুদ্ধ বিরোধিতা করবে। যুদ্ধের ধ্বংস ক্ষমতা ও ভয়াবহতা প্রযুক্তির অগ্রগতির সাথে বেড়ে চলেছে। ধ্বংসের আশঙ্কা ও বিভীষিকা মানুষকে যুদ্ধ থেকে নিবৃত্ত করবে।

প্রশ্ন তোলেন ফ্রয়েড, "সবাই শান্তিবাদী হয়ে ওঠার জন্য আমাদের কতকাল অপেক্ষা করতে হবে?" জবাব দেন নিজেই, "বলা সম্ভব নয়।" তবে মানুষের সাংস্কৃতিক চরিত্র ও ভবিষ্যতের যুদ্ধ কী মারাত্মক রূপ নেবে সে আশঙ্কা যে "অদূর ভবিষ্যতে যুদ্ধ নির্মূল করতে পারে, সে আশা অলীক নয়" বলে মন্তব্য করেন। ২

আইনস্টাইন যুদ্ধের মনস্তাত্ত্বিক কারণ সম্বন্ধে সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ জানিয়ে ডিসেম্বর ৩, ১৯৩২ তারিখে ফ্রয়েডকে লেখেন, "আপনার অনবদ্য উত্তরের মাধ্যমে আপনি সম্মিলিত জাতিপুঞ্জ ও আমাকে এক পরম সন্তোষজনক উপহার দিয়েছেন।"
১৯৩৩ সালে "যুদ্ধ কেন?" (Why War?) শিরোনামে আইনস্টাইন ও ফ্রয়েডের পত্রালাপ পুস্তিকা হিসেবে প্রকাশিত হয়। ততদিনে হিটলার জার্মানীতে ক্ষমতা দখল করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে পুস্তিকাটি কাঙ্ক্ষিত ব্যাপক প্রচার পায়নি। প্রথম জার্মান এবং ইংরেজি সংস্করণ মাত্র দুই হাজার কপি করে ছাপা হয়েছিল। জার্মান সংস্করণ জার্মানীতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। নাৎসীরা পুস্তিকাটির বিজ্ঞাপন দেয়ার অনুমতি পর্যন্ত দেয়নি।

আইনস্টাইন-ফ্রয়েড পত্রালাপ এবং শান্তি ও নিরস্ত্রীকরণ সংক্রান্ত আইনস্টাইনের অন্যসব প্রচেষ্টা ইতিহাসের গতিধারা বদলে দিতে পারেনি। শুধু আইনস্টাইন নন, তৎকালীন বিশ্বের প্রগতিশীল শান্তিবাদী অনেক মনীষীই আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিরোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, বহুবিধ উদ্যোগ নিয়েছেন। দুর্ভাগ্য সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।

আবার আমেরিকায়
পূর্ববর্তী দুইবারের মত ১৯৩২ – ১৯৩৩ সালের শীতেও আইনস্টাইন আবার প্যাসাডোনা যান। অবশ্য সে যাত্রায় প্রথমেই তিনি বিরোধিতার মুখোমুখি হন। এক 'দেশপ্রেমিক আমেরিকান রমণীকূল' (Patriotic American Women) আইনস্টাইনের মত একজন "কমিউনিস্ট ও ওয়ার রেসিস্টার্স ইন্টারন্যাশনালের সদস্যকে" ভিসা দেয়ার বিরুদ্ধে স্টেট ডিপার্টমেন্টের কাছে প্রতিবাদ জানায়। আইনস্টাইন জবাব দেন নীচের সরস মন্তব্যে, "আগে কখনও আমি রমনীদের দ্বারা এমন নির্মমভাবে প্রত্যাখ্যাত হইনি; নিদেনপক্ষে একসাথে এতজন দ্বারা! এসব সজাগ নাগরিক চেতনার ভদ্রমহিলারা কত নির্ভুল! ক্রেটান মিনোটার যে ক্ষুধা ও আগ্রহ নিয়ে সুন্দরী গ্রীক কুমারীদের গ্রাস করত, সেইভাবে যে ঝানু পুঁজিবাদীদের গিলে খেতে চায়, তার জন্য ঘরের দরজা খোলা রাখা কেন? সে আবার এত খারাপ যে একমাত্র নিজের স্ত্রীর সাথে অনিবার্য যুদ্ধ ছাড়া আর কোন ধরনের যুদ্ধ করতে নারাজ। তাই আপনারা আপনাদের বিচক্ষণ ও অনুগত রমণীকূলের কথা খেয়াল করে শুনুন। মনে রাখবেন, শক্তিশালী রোমের ক্যাপিটল একবার তার বিশ্বস্ত রাজহংসীদের প্যাঁকপ্যাকানির জন্য রক্ষা পেয়েছিল।"

ধারণা করা যায়, স্টেট ডিপার্টমেন্ট রমনীকূলের প্রতিবাদে কান দেন নি। আইনস্টাইন ডিসেম্বর ১০, ১৯৩২ তারিখে আমেরিকার উদ্দেশে রওনা হন। পূর্ববর্তী দুইবারের তুলনায় সেবার তাঁর প্রকাশ্য বক্তৃতা-বিবৃতি ও জনসংযোগের সংখ্যা অনেক কম ছিল। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রদের উদ্দেশে জানুয়ারি ২২, ১৯৩৩ তারিখে দেয়া বক্তৃতায় তিনি "শান্তি রক্ষা ও দৃঢ় করার" কাজে ছাত্রদের "গভীর আগ্রহে" সন্তোষ প্রকাশ করেন। শান্তি রক্ষা ও বিবাদ মীমাংসার জন্য শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার আবশ্যকতার এবং সে লক্ষ্যে আমেরিকার অপরিহার্য অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ছাত্রদের প্রভাব ফেলার ওপর জোর দেন। কাছাকাছি সময়ে শান্তিবাদী তরুণদের একটি সভায় তিনি "যুদ্ধ প্রতিরোধের চেতনা বিস্তারের প্রতিশ্রুতি নেয়ার" জন্য আহ্বান জানান। পূর্ব পরিচিত এক মার্কিন শিক্ষাবিদকে ফেব্রুয়ারি ১, ১৯৩৩ তারিখে লেখা চিঠিতে টেকনোলজি কীভাবে মারণাস্ত্রের ভয়াবহতা বাড়িয়ে যুদ্ধে মানব জাতির অস্তিত্ব সংকটাপন্ন করে তুলেছে এবং সামরিক-শিল্প জোট কীভাবে নিরস্ত্রীকরণের প্রচেষ্টাকে ব্যাহত করছে, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন।

আমেরিকা পৌঁছানোর পরেও আইনস্টাইনের ওপর ঈর্ষাপরায়ণ, সহিংস আক্রমন অব্যাহত থাকে। সম্ভবতঃ সেসব আক্রমণের সবচেয়ে জোরালো প্রতিরোধ এসেছিল স্টেট অফ নিউজার্সির বিধানসভায় গৃহীত সহগামী সিদ্ধান্তে। লক্ষণীয় সিদ্ধান্তটি গৃহীত হয় জানুয়ারি ৩০, ১৯৩৩ তারিখে, যেদিন জার্মানীতে হিটলার চ্যাঞ্চেলর নিযুক্ত হন। নিউজার্সিতে অবস্থিত ইনস্টিটিউট অফ এডভান্সড স্টাডিজ "খ্যাতনামা বিজ্ঞানী প্রফেসর অ্যালবার্ট আইনস্টাইনকে তার অনুষদের সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে এবং প্রফেসর আইনস্টাইন সে আমন্ত্রণ গ্রহণ করেছেন" লক্ষ্য করে সহগামী সিদ্ধান্তটির মূল বয়ান ছিল এরকম: "সিদ্ধান্ত গৃহীত হোক যে, নিউজার্সি স্টেটের লেজিসলেচার (বিধানসভা) প্রফেসর অ্যালবার্ট আইনস্টাইনকে নিউজার্সি স্টেটে, তাঁর বিজ্ঞান সাধনার কেন্দ্রভূমে স্বাগত জানায়, […] ।"
নিউজার্সি বিধানসভা এ প্রভূত সম্মান প্রদান করলেও আইনস্টাইনের ওপর তাঁর "কমিউনিজম ঘেঁষা শান্তিবাদী দৃষ্টিভঙ্গীর" জন্য আক্রমন অব্যাহত থাকে।

জার্মানীতে রাজনৈতিক পট পরিবর্তন আইনস্টাইনকে রাতারাতি উদ্বাস্তুতে পরিণত করে। জার্মানীতে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ফেব্রুয়ারী ২৭, ১৯৩৩ তারিখে এক বন্ধুকে তিনি লেখেন, "হিটলারের কারণে আমার জার্মানীতে ফেরার সাহস নেই।" ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে তখনও তাঁর সুস্পষ্ট কোন ধারণা ছিল না। প্যাসাডোনা থেকে প্রত্যাবর্তনের প্রাক্কালে এক সাক্ষাৎকারে ঘোষণা করেন, "আমি ঘরে ফিরছি না।" দ্য নিউইয়র্ক ওয়ার্ল্ড টেলিগ্রামে মার্চ ১১, ১৯৩৩ তারিখে প্রকাশিত রিপোর্টে তাঁর সিদ্ধান্ত, "যতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে আমার কোন পছন্দ থাকবে, আমি এমন কোন দেশে বসবাস করতে চাইব যেখানে নাগরিক স্বাধীনতা, সহিষ্ণুতা ও আইনের চোখে সব নাগরিকের জন্য সমতার নীতি অনুসৃত। […] আজকের জার্মানীতে এসব নীতির কোন অস্তিত্ব নেই। যেসব মানুষ, যাঁদের মধ্যে শীর্ষস্থানীয় শিল্পীরাও রয়েছেন, আন্তর্জাতিক সমঝোতা সৃষ্টির ক্ষেত্রে অবদান রেখেছেন, তাঁরা আজ সেখানে নির্যাতিত হচ্ছেন। […]"

ফেরার পথে শিকাগোতে মার্চ ১৪, ১৯৩৩ তারিখে তিনি তাঁর চুয়ান্নতম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক মধ্যাহ্নভোজন অনুষ্ঠানে যোগ দেন। প্রথিতযশা পদার্থবিজ্ঞানী আর্থার হোলি কম্পটন এবং ইলিনয়ের গভর্নরসহ অনেক খ্যাতনামা ব্যক্তি সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইনস্টাইন বক্তব্য রাখেন "উৎপাদন ব্যবস্থার মতো ভালোভাবে কাজ করবে তেমন এক বন্টন ব্যবস্থার উদ্ভাবন" এবং "আন্তর্জাতিক বিষয়সমূহকে কীভাবে সংঘটিত করলে যুদ্ধ রোধ করা যাবে" সে সম্বন্ধে। পরে নিউইয়র্কেও তাঁর ব্যস্তসমস্ত কয়েকটি দিন কাটে। নিউইয়র্কের ওয়ালডর্ফ-এস্টোরিয়া হোটেলে তাঁর সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করেন রোজিকা সুইমার ও আলফ্রেড লিফ। বিভিন্ন বিষয়ে আইনস্টাইনের মতামত জানতে চাওয়া হয়; যার মধ্যে ছিল আমেরিকান বাজেটে শান্তি খাতে বরাদ্দ থাকবে কিনা, নিরস্ত্রীকরণ এবং ইউরোপের রাজনৈতিক উত্তেজনা নিরসনে আমেরিকায় কিছু করা সম্ভব কিনা, ইত্যাদি।

নাৎসীরা মার্চ ২০, ১৯৩৩ তারিখে বার্লিনের পাশে ক্যাপাথে আইনস্টাইনের গ্রীষ্মকালীন নিবাসে হানা দেয়। অজুহাত ছিল সেখানে অস্ত্রশস্ত্র লুকানো থাকতে পারে। অবশ্য কোন অস্ত্র ছিলনা। পরে ফিরে এসে তারা আইনস্টাইনের প্রিয় নৌকাটি বাজেয়াপ্ত করে। এবারের অজুহাত ছিল নৌকাটি চোরাচালানের কাজে ব্যবহৃত হতে পারে।
ইউরোপে ফেরার পথে মাঝ সমুদ্র থেকে আইনস্টাইন বিবৃতি দেন তাঁর স্ত্রী ও বাড়ির ওপর হামলাকে "সারা জার্মানী জুড়ে কীভাবে সন্ত্রাস চলছে" তার একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে। বেলজিয়ামের এন্টওয়ার্পে জাহাজ পৌঁছায় মার্চ ২৮, ১৯৩৩ তারিখে। আইনস্টাইন সাথে সাথে গাড়ি নিয়ে জার্মান কনস্যুলেটে গিয়ে তাঁর পাসপোর্ট ফেরত দেন এবং জার্মান নাগরিকত্ব ত্যাগ করার ঘোষণা দেন। ৩

প্রুশিয়ান একাডেমিকে তাঁর পদত্যাগপত্রও তিনি সেসময় পাঠিয়ে দেন। ম্যাক্স প্লাঙ্কসহ আইনস্টাইনের প্রতি সহানুভূতিশীল সদস্যরা আইনস্টাইনের পদত্যাগে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কারণ, তা না হলে আইনের বিরুদ্ধে শাস্তিমূলক শুনানির আয়োজন করা হত এবং সে প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ করতে হত। অধিকাংশ সদস্য আইনস্টাইনের পদত্যাগের প্রেক্ষিতে আর কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেন।৩

নাৎসীদের উদ্দেশ্য ছিল তাঁর নাগরিকত্ব ও একাডেমির সদস্যপদ ছিনিয়ে নিয়ে আইনস্টাইনকে অপমান করা। আইনস্টাইন আগেভাগে দু'টিই পরিত্যাগ করায় এবং সংবাদ মাধ্যমসমূহ সে খবর ফলাও করে প্রচার করায় নাৎসীরা অপদস্থ হয় এবং ক্ষিপ্ত হয়ে ওঠে। নাৎসী সংবাদমাধ্যমসমূহ আইনস্টাইনের তীব্র সমালোচনা শুরু করে। একাডেমির এক নাৎসীবাদী সেক্রেটারী আর্নস্ট হেম্যান আইনস্টাইনের বিরুদ্ধে দেশের নামে কুৎসা রটানো এবং বিদেশে জার্মানীর ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনে আইনস্টাইনের পদত্যাগে একাডেমির "দুঃখ প্রকাশ করার কিছু নেই" বলে একটি বিবৃতি দেন। আইনস্টাইনের বন্ধু ও সহকর্মী নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী ম্যাক্স ভন ল্যাউই শুধু সেই বিবৃতির তীব্র প্রতিবাদ করেন। তবে বিবৃতি প্রত্যাহার করার জন্য তাঁর প্রচেষ্টা সদস্যদের সমর্থনের অভাবে ব্যর্থ হয়। আইনস্টাইন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং জার্মানীতে বিদ্যমান বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন বলে বিবৃতি দেন। আইনস্টাইন ব্যাভারিয়ান একাডেমি অফ সায়েন্সের সংশ্লিষ্ট সদস্য ছিলেন। প্রুশিয়ান একাডেমির সাথে সংহতি ঘোষণা করায় আইনস্টাইন এপ্রিল ২১, ১৯৩৩ তারিখে ব্যাভারিয়ান একাডেমি থেকেও পদত্যাগ করেন।

জার্মানীতে ফেরার পথ রুদ্ধ হয়ে গেলে আইনস্টাইন সুইজারল্যান্ডে যাবার কথা ভেবেছিলেন। সেখানে তাঁর শেকড় ছিল, নাগরিকত্ব ছিল। শেষ পর্যন্ত তিনি বেলজিয়ামে থেকে যান। পরবর্তী কয়েক মাসের জন্য আইনস্টাইন, তাঁর স্ত্রী এলসা, সেক্রেটারি হেলেন ডুকাস এবং গবেষণা সহযোগী গণিতবিদ ওয়ালথার মেয়ার বেলজিয়ামের সমুদ্র উপকূলে ছোট্ট রেসর্ট শহর লা কক-সুর-মারে একটি ভাড়াটে বাড়িতে ওঠেন। সেখানে নিভৃত অবকাশে গবেষণার সাথে সাথে চলে বিবেকের সাথে তাঁর বোঝাপড়ার পালা। যে বোঝাপড়া তাঁর মত অনেক শান্তিবাদীকেই সে সময়ে করতে হয়েছে।
শান্তির আশা তখন সুদূর পরাহত। খবরের কাগজে রিপোর্ট বের হয় যে নাৎসীদের গুপ্ত হত্যার জন্য চিহ্নিতদের তালিকায় তাঁর নাম আছে। আরো শোনা যায়, তাঁর মাথার মূল্য ধার্য করা হয়েছে ৫০০০ ডলার।

পরিবর্তিত পরিস্থিতিতে সংগ্রামের পদ্ধতি ও কৌশল নতুন করে নির্ধারণ করা প্রয়োজন হয়ে পড়ে। বিবেকের সে গুরুতর সমস্যা সমাধানে এবং নতুন বাস্তবতার সাথে তাঁর মতামতের অভিযোজনের জন্য আইনস্টাইন সময় নিয়েছেন। নিষ্ঠাবান বিজ্ঞানী যেমন নতুন তথ্যের ভিত্তিতে তাঁর উপাত্তের পরিমার্জনা করেন গভীর অভিনিবেশ নিয়ে।
 
তথ্যসূত্র
[১] From Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), pp.180-181.
[২] আইনস্টাইন ও ফ্রয়েডের পত্রালাপের বিস্তারিত বর্ণনা ও মূল চিঠিগুলি মুদ্রিত হয়েছে Einstein on Peace, Edited by Otto Nathan and Heinz Norden, (Avenel 1981 Edition), pp.188-203.
[৩] Einstein, by Walter Isaacson, (Simon and Schuster, New York, 2007), pp.405-407.