২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নদীতীর সংরক্ষণ এলাকায় আবার ধস

এর আগে মে মাসে ৮০ মিটার এলাকা নদীতে বিলীন হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 01:15 PM

Updated : 22 Jul 2022, 03:13 PM

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতীর সংরক্ষণ এলাকায় দ্বিতীয়বারের মতো ধস দেখা দিয়েছে। এতে এলাকার মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।

বুধবার থেকে এ ধস শুরু হয়; ইতোমধ্যে ১০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হায়দার আলী জানান।

তিনি বলেন, “শুষ্ক মৌসুমে নদীতীর সংরক্ষণ প্রকল্প এলাকার কাছ থেকে বালু উত্তোলন করে সিসি বক্লের উপর দিয়ে ট্রাকে করে বহন করেছে স্থানীয়রা। এতে করে নদীর মূল স্রোত এখন ডান তীরে সরাসরি আঘাত করায় ধস শুরু হয়েছে।”

স্থানীয়রা জানান, গত ১৫ দিন ধরে যমুনা নদীতে পানি কমছে। এতে করে যমুনার ডান তীর রক্ষা বাঁধের দিকে তীব্র স্রোত দেখা দিয়েছে। তীর সংলগ্ন সিসি ব্লকের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ধস দেখা দিয়েছে।

এর আগে গত মে মাসে ৮০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। এতে কাজিপুরের ঐতিহ্যবাহী ঢেকুরিয়া হাট ও শহীদ এম মনসুর আলী ইকোপার্ক ভাঙন ঝুঁকিতে পড়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া স্থানে বালুভর্তি জিওব্যাগ ফেলা হবে। সংস্কার কাজ শুরু হলে ভাঙন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।