১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূর্বাচলে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ

পুলিশ জানায়, গত রাতে তিনি বাসায় না ফেরায় দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বলে স্বজনরা জানিয়েছেন৷

পূর্বাচলে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ

আব্দুল্লাহ আল মামুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 07:15 PM

Updated : 23 Aug 2023, 07:15 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর থেকে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

বুধবার সকাল ১১টার দিকে উপশহরের ২০ নম্বর সেক্টর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান৷

নিহত আব্দুল্লাহ আল মামুন (৩৫) ঢাকার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক ছিলেন বলে জানায় পুলিশ৷

ফেনী সদরের ফগদী এলাকার আবুল কালামের ছেলে মামুন ঢাকার দক্ষিণখানের কাওলা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন৷

জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, পূর্বাচলের ২০ নম্বর সেক্টরের নির্জন একটি সড়কের পাশে মহদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন৷

পুলিশ তা উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় ৷

নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন আব্দুল্লাহ আল মামুন৷ দুপুর ২টার দিকে স্ত্রী মোরশেদা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে তার সবশেষ কথা হয় তার ৷ এরপর থেকে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল৷

পুলিশ কর্মকর্তা আবির হোসেন বলেন, রাতে তিনি বাসায় না ফেরায় দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বলে পরিবারের লোকজন জানিয়েছেন৷

পুলিশ বলছে, ওই শিক্ষকের মরদেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ তার মুখে সার্জিক্যাল মাস্ক পরা ছিল৷ মোবাইল ফোনটিও আশেপাশে পাওয়া যায়নি৷

প্রাথমিক তদন্তে হত্যা বা আত্মহত্যার কোনো আলামত পায়নি পুলিশ৷ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

রূপগঞ্জ থানার পরিদর্শক আতাউর রহমান বলেন, “সবকিছু মাথায় রেখেই বিষয়টি তদন্ত করছে পুলিশ৷ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷”