প্রতিবাদের মুখে আলেকজান্ডার ক্যাসেলে প্রাচীর নির্মাণ বাতিল, সংস্কারে বরাদ্দ
১৩৩ বছরের পুরনো এই ‘লোহার প্রাচীর’ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে।
সমালোচনা ও প্রতিবাদের মুখে ময়মনসিংহের ঐতিহাসিক নিদর্শন আলেকজান্ডার ক্যাসেলের পাশে সীমানা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এখন ১৩৩ বছরের পুরনো এই ‘লোহার প্রাচীর’ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ জেলার ১০০ বছর পূর্তি উপলক্ষে ১৮৮৯ সালে নগরীর আদালত পাড়ায় মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী ২৭ একর জমিতে লোহার প্রসাদটি নির্মাণ করেছিলেন।
সেখানে এখন সরকারি ল্যাবরেটরি হাইস্কুল, টিচার্স ট্রেনিং কলেজ, উচ্চমাধ্যমিক ট্রেনিং ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সরকারি ল্যাবরেটরি হাইস্কুল কয়েকদিন আগে অভ্যন্তরীণ সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে।
এ নিয়ে প্রতিবাদী মানববন্ধনের পরদিন মঙ্গলবার আলেকজান্ডা ক্যাসেলের ভেতরের সাতটি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বৈঠকে সীমানা প্রাচীর নির্মাণ বন্ধের সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক বলেন, সীমানা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যাসেল সংস্কারের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।
“বাইরের লোকজন যেন বিনা কারণে আলেকজান্ডা ক্যাসেলে প্রবেশ করে শিক্ষার্থীদের বিরক্ত করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদারে একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ সাত প্রতিষ্ঠানের সাতজন থাকবেন।”
জেলা প্রশাসক আরও বলেন, পর্যটকদের ১০ টাকা টিকেট কেটে ঢুকতে হবে। মোটরসাইকেল চলাচল একেবারে নিষিদ্ধ করা হবে।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন বলেন, সীমানা প্রাচীর বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা চাই না, কোনো কারণে আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলোর সৌন্দর্যের হানি ঘটুক।
সরকারি ল্যাবরেটরি হাইস্কুলের জ্যেষ্ঠ শিক্ষক তাপস মজুমদার বলেন, “আমরা চাই, আমাদের বাচ্চাদের নিরাপত্তা। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। বাচ্চারা যাতে বখাটেদের ইভটিজিংয়ের শিকার না হয়, সেটি নিশ্চিত হলেই আমরা খুশি।
আরও পড়ুন:
