রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে গুলি
প্রাথমিক চিকিৎসা ও এক্স-রে করার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী শহরে প্রকাশ্যে এক ব্যবসায়ী নেতাকে গুলি করা হয়েছে। এতে তার ডান হাতে গুলি লেগেছে।
মঙ্গলবার দুপুরে শহরের পান্না চত্বরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন।
গুলিবিদ্ধ আমির হোসেন লিটন (৩৫) বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আবুল হাশেম মোল্লার ছেলে।
আমির হোসেন লিটন বলেন, দুপুরে রাজবাড়ী আদালত থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন তিনি। পথে পান্না চত্বরে পৌঁছালে একটি অটোরিকশা তার রিকশাকে ওভারটেক করে। এ সময় অটোরিকশায় থাকা মাস্ক পরা দুজন তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়েন। একটি গুলি তার ডান হাতে লাগে।
পরে স্থানীয়রা তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও এক্স-রে করার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, এক্স-রে পরীক্ষায় আমির হোসেন লিটনের হাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তদন্ত চলছে।
