Published : 20 Apr 2024, 02:29 PM
পাবনার ফরিদপুর উপজেলায় একটি দেশীয় অস্ত্র এবং তিনটি হাত বোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার ভোরে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহল বিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান।
গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার মো. শাকিল, মো. শামীম হোসেন এবং মো. সাদেক হোসেন।
মেজর এহতেশামুল বলেন, গোপন খবর পেয়ে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়।
“বোমা তিনটি নিষ্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে, এর মধ্যেই তারা পাবনার উদ্দেশে রওনা হয়েছে।”
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।