ময়মনসিংহে ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন, অগ্নিসংযোগ-হামলা
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা চালানো হয়।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী খুন হয়েছে।
উপজেলা শহরে এ ঘটনার পর মঙ্গলবার রাতে জনতা বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গেলে তাদের ওপর হামলা চালানো হয় বলে জানান গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার।
নিহত জহিরুল ইসলাম মিঠু (২৪) উপজেলার বোকাইনগর ইউনিয়নের চরপাড়া গ্রামের মাস্টার বাড়ি এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, সন্ধ্যার পর পৌর শহরের পাট বাজারের টিপু সুলতান জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করতে আসেন অ্যালবার্ট সেন্টু নামের এক ব্যক্তি।
স্বর্ণ ওজন দেওয়ার পর দাম নিয়ে দোকানের মালিক টিপুর সঙ্গে সেন্টুর কথা কাটাকাটি হয়। এরপর সেন্টু চলে যায়।
কিছুক্ষণ পর তিনি তার বড় ভাই ডেবিড রকিকে নিয়ে আবারও সেই স্বর্ণের দোকানে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়।
তখন জহিরুল ইসলাম মিঠু ফেরাতে গেলে ডেবিড রকি তাকে ছুরিকাঘাত করে। মিঠুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মিঠুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করেন। পৌর শহরের মধ্যবাজারে কয়েকটি দোকানে তারা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গেই হামলা চালায় লোকজন। হামলায় ফায়ার সার্ভিসের চার কর্মী আহত হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়।
জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোস্তাকিম হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা চালায়।
এ সময় আহত ফায়ার সার্ভিসের চার কর্মীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ ঘটনাস্থলে যেতেই স্থানীয়রা হামলা চালায়।
হামলায় পুলিশের দুই-তিন সদস্য এবং ফায়ার সার্ভিসের কয়েকজন আহত হয়েছে। আগুনে চারটি দোকান পুড়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পরিস্থিতি শান্ত আছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
