কুড়িগ্রামে ধানের বস্তায় ‘২৯৪ বোতল ফেনসিডিল’, যুবক আটক
পুলিশ জানায়, ইজিবাইকে থাকা তিনটি ধানের বস্তায় করে ফেনসিডিলগুলো পাচার করা হচ্ছিল।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ইজিবাইকে থাকা ধানের বস্তা থেকে ২৯৪ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, দুপুরে উপজেলার খামারপত্র নাবিস ঘাটের পার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক যুবক মোহাম্মদ নাদিম (৩০) ভূরুঙ্গামারী পশ্চিম ভোটহাট এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পুলিশের একটি দল শুক্রবার দুপুরের ওই এলাকায় অভিযান চালায়। তখন একটি ইজিবাইকে রাখা তিনটি ধানের বস্তায় অভিনব কায়দায় রাখা ২৯৪ বোতল ফেনসিডিলসহ নাদিমকে আটক করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, “গ্রেপ্তার যুবক ধানের বস্তার আড়ালে ফেনসিডিল পরিবহনের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
