২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা বোর্ড: পুনর্নিরীক্ষণে ৮৭৯ এসএসসি পরীক্ষার্থীর ফলে পরিবর্তন

এতে নতুন করে ৯৪ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

কুমিল্লা বোর্ড: পুনর্নিরীক্ষণে ৮৭৯ এসএসসি পরীক্ষার্থীর ফলে পরিবর্তন

cumilla-bord-ssc-re-result-280823-01

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 03:25 PM

Updated : 28 Aug 2023, 03:25 PM

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষিত ফল প্রকাশ হয়েছে; যেখানে ৮৭৯ এসএসসি পরীক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে।

সোমবার সকালে বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশিত হয়।

দুপুরে কুমিল্লা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষার ২৪টি বিষয়ে ২৭ হাজার ৬০ জন শিক্ষার্থী ৬৫ হাজার ৪০ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৮৭৯ জনের ফলে পরিবর্তন আসে। তাদের ৯৪ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া ১৮০ জন ফেল থেকে পাস করে এবং ৬০৫ জনের গ্রেডে পরিবর্তন এসেছে।

কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা গঠিত।

বোর্ডটির অধীনে এ বছর ১ হাজার ৭৭৬টি প্রতিষ্ঠানের ১ লাখ ৮২ হাজার ৬৩৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে  ছাত্র ৭৭ হাজার ১০০ এবং ছাত্রী ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।

গত ২৮ জুলাই সারা দেশে এক যোগে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

এতে কুমিল্লা বোর্ডে উত্তীর্ণ হয় ১ লাখ ৪৩ হাজার ২১৬ জন শিক্ষার্থী। যাদের ৬০ হাজার ৭৪৭ ছাত্র ও ৮২ হাজার ৪৬৯ ছাত্রী।

আর জিপিএ-৫ পায় ১১ হাজার ৬২৩ পরীক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৪২ ভাগ।

এরপর ২৯ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, আবেদন করা উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে আজ এ ফল প্রকাশিত হয়েছে।

ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ অগাস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানান বোর্ড চেয়ারম্যান।