১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলাপ

বক্তারা বলেন, কিশোর বয়সে শিশুদের শরীর ও মনে পরিবর্তন আসে। এ সময় তাদের প্রতি অভিভাবকদের নজর দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 09:20 PM

Updated : 16 Nov 2026, 09:20 PM

কুমিল্লায় কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ বিকাশে পরিবার ও সমাজের ভূমিকা নিয়ে সচেতনতামূলক সংলাপ হয়েছে।

সোমবার বিকালে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ‘কিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এ সংলাপ হয়।

এতে অভিভাবক, চিকিৎসক, শিক্ষক, সংবাদকর্মী ও সমাজকর্মীরা অংশ নেন। আলোচনায় কিশোরদের মানসিক সমস্যা, পারিবারিক যত্ন এবং তাদের সুস্থভাবে বড় করে তোলার নানা দিক উঠে আসে।

বক্তারা বলেন, কিশোর বয়সে শিশুদের শরীর ও মনে নানা পরিবর্তন আসে। এ সময় তাদের প্রতি অভিভাবকদের বাড়তি নজর দিতে হবে। সন্তানদের আচরণ ও মনের অবস্থা বুঝতে হবে। পাশাপাশি পরিবারে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে।

তারা আরও বলেন, কিশোরদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। মোবাইল ও ইন্টারনেটের ভালো ব্যবহার শেখানোর পাশাপাশি শিশু-কিশোররা যেন অতিরিক্ত সময় মোবাইল বা অন্য ডিভাইসে ব্যস্ত না থাকে, সেদিকেও অভিভাবকদের খেয়াল রাখতে হবে।

এতে সভাপতিত্ব করেন নজরুল গবেষক ও নীলাভ্র ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আলী হোসেন চৌধুরী।

আলোচনায় অংশ নেন কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক মো. মেহেদী হাসান রাজিব, কথাসাহিত্যিক ও শিক্ষক মেহেদী ধ্রুব এবং সংবাদকর্মী তানভীর দিপু।

মো. মেহেদী হাসান রাজিব বলেন, কিশোরদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। এ বয়সের নানা সমস্যা কাটিয়ে তাদের ভালো দিকগুলো বিকশিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রয়োজনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পরামর্শ নিতে পারেন তারা।

কথাসাহিত্যিক মেহেদী ধ্রুব বলেন, কিশোরদের বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে তাদের অংশ নেওয়ার সুযোগ বাড়াতে হবে। মোবাইল ব্যবহার করলেও তা যেন ভালো কাজে লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সংবাদকর্মী তানভীর দিপু বলেন, সম্প্রতি কুমিল্লায় কিশোর-কিশোরী অপ্রতিম ও তানজিম হত্যাকাণ্ডের মতো ঘটনা কিশোরদের নানা সমস্যার বিষয়টি সামনে এনেছে। এসব সমস্যা মোকাবিলায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।

সংলাপের উন্মুক্ত আলোচনায় অংশ নেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যাপক শমীর মজুমদার, বাদ্যযন্ত্রশিল্পী অভিজিৎ সিনহা মিঠু ও বাচিকশিল্পী রুবেল কুদ্দুস।