স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শেরপুর হাসপাতালে রোগীর আত্মহত্যা
তিনি পেশায় ধান-চাল ব্যবসায়ী হলেও এক বছর ধরে বেকার ছিলেন।
স্ত্রীর সঙ্গে অভিমান করে হাসপাতালের বারান্দা থেকে লাফিয়ে এক রোগী আত্মহত্যা করেছেন।
শনিবার রাত ১টার দিকে শেরপুর সদর হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দেওয়া ওই ব্যক্তির নাম মধু চক্রবর্তী।
৪৫ বছর বয়সী মধু নেত্রকোণা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে।
শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. খাইরুল কবির সুমন বলেন, “মধু চক্রবর্তী আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে ছয়তলা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন।”
নিহতের স্ত্রী পপি ভৌমিক বলেন, তার স্বামী গত বৃহস্পতিবার শ্বাসকষ্ট, বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি পেশায় ধান-চাল ব্যবসায়ী হলেও এক বছর ধরে বেকার ছিলেন। শনিবার রাতে তার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দেন মধু।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
