১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘অবৈধ সম্পদ অর্জন’: সিরাজগঞ্জে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

মামলায় ভূমি কর্মকর্তার সঙ্গে তার স্ত্রীকেও আসামি করা হয়েছে বলে জানায় দুদক।

‘অবৈধ সম্পদ অর্জন’: সিরাজগঞ্জে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সেলিম রেজা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2024, 10:34 PM

Updated : 04 Mar 2024, 10:34 PM

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকসী বাদী হয়ে তাদের নামে আলাদা দুটি মামলা করেন।

আসামিরা হলেন- চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সেলিম রেজা (৪৫) ও তার স্ত্রী আফরোজা বেগম (৪২)।

সেলিম রেজা বেলকুচি উপজেলার চর জোকনালা গ্রামের জহির উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লায় বসবাস করেন।

২০২২ সালে সেলিম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে; যা নিয়ে অনুসন্ধানে নামে দুদক।

মামলায় বলা হয়েছে, সেলিম রেজা তার সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর ৫৩ লাখ ৪৭ হাজার ৯২৪ টাকা মূল্যের সম্পদ গোপন করেন; যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ ছাড়া তিনি ৪৫ লাখ ৭২ হাজার ৪৫০ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন; যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

অপরদিকে, সেলিমের স্ত্রী আফরোজা বেগম তার বিবরণীতে স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ মিলিয়ে ৩৫ লাখ ১১ হাজার ৫৫৫ টাকা মূল্যের সম্পদ গোপন করেছেন। এ ছাড়া তার নামে ৫৬ লাখ ২৬ হাজার ৫৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

মামলার বাদী দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকসী জানান, অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেলে সেলিম রেজা ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে ভূমি কর্মকর্তা সেলিম রেজা বলেন, “আমার সব সম্পদ আয়কর বিবরণীতে উল্লেখ রয়েছে। দুদক কার্যালয়ে সঠিকভাবে সম্পদের বিবরণ জমা দিয়েছি। কোনো কিছু গোপন করা হয়নি।”