সুন্দরবনে এক জালে উঠল লাখ টাকার মেদ মাছ
খানিকটা কাইন মাছের আকৃতির মেদ মাছ খেতে অত্যন্ত সুস্বাদু।
সুন্দরবন উপকূলে এক জেলের জালে ২৭টি মেদ মাছ ধরা পড়েছে। পরে সেগুলো তিনি বাজারে লাখ টাকায় বিক্রি করেছেন।
বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলার নীলডুমুর ঘাটে ১৭০ কেজি মাছ ৬০০ টাকা কেজি দরে মোট এক লাখ টাকায় বিক্রি করেন বলে জেলে বাবলু কয়াল জানান।
উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের নেছার উদ্দিন মালীর ছেলে বাবলু সাংবাদিকদের বলেন, বনবিভাগের অনুমতি নিয়ে তিনি কয়েকদিন আগে সুন্দরবনে মাছ ধরতে যান। বুধবার রাতে তিনি মাহমুদা নদীতে জাল ফেলেন। এক টানেই ২৭টি মেদ মাছ উঠে আসে।
স্থানীয় মাছ ব্যবসায়ী আবু বক্কার গাজী বলেন, খানিকটা কাইন মাছের আকৃতির মেদ মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এরা নদীতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে এই মাছ ধরা পড়ে না।
গত বছর এক জেলে একসঙ্গে প্রায় ৩০০টি মেদ মাছ পেয়েছিলেন বলে জানান ব্যবসায়ী আবু বক্কার।
