দুই জেলায় বজ্রপাতে কৃষক ও কৃষি শ্রমিকের মৃত্যু
নিহতদের মধ্যে একজন জমিতে হালচাষ করছিলেন, অপরজন আমন ক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন।
কুড়িগ্রামের উলিপুরে ও লক্ষ্মীপুর সদর উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ও বিকালে এ দুজনের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট থানা দুটির পুলিশ জানায়।
নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর পৌর এলাকার জহুর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও লক্ষ্মীপুরের কমলগঞ্জ উপজেলার কালকিনি এলাকার আবদুল মান্নানের ছেলে মো. হানিফ (৫০)।
স্থানীয়দের বরাত দিয়ে উলিপুর থানার ওসি রুহুল আমিন জানান, শহিদুল দুপুরে বৃষ্টির মধ্যে নিজের জমিতে গরু দিয়ে চাষ করার সময় বজ্রপাতে নিহত হন। বজ্রপাতে তার দুটি গরুও মারা যায়।
স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর থানার ওসি মোস্তফা কামাল বলেন, বিকালে হানিফ ও বেলাল নামের দুই কৃষি শ্রমিক সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের একটি গ্রামের আমন ক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন। বজ্রপাতে হানিফ ক্ষেতেই মারা যান; সঙ্গে থাকা বেলাল আহত হন; তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান লিটন বলেন, কৃষি শ্রমিক হানিফ নদী ভাঙনের কবলে পড়ে পাশের মতিরহাট বাজারে অস্থায়ীভাবে বসবাস করছিলেন।
