২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এ সময় তিন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জে ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 04:26 PM

Updated : 22 Sep 2026, 04:26 PM

হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা ও জেলা প্রশাসন। এ সময় তিন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চালানো এ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী।

অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ।

পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল একদল লোক। এর মধ্যে রয়েছে- ফলের দোকান, টং দোকান, চায়ের দোকানসহ ভ্রাম্যমাণ দোকান।

শহরের শায়েস্তানগর থেকে শুরু করে থানার মোড় ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান গেইট পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি পৌরসভার ট্রাকে করে তুলে নেওয়া হয় দোকানগুলো।

পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে এবং জনদুর্ভোগ লাঘবে এই অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার পক্ষ থেকে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি তিন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন তিনি।