মূল্যবৃদ্ধি: কিশোরগঞ্জে পোল্ট্রি মালিকদের চারদফা দাবি
টিকে থাকতে না পেরে ধীরে ধীরে খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে; এভাবে চললে একে একে সব খামার বন্ধ হবে বলে খামারিদের ভাষ্য।
পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে চার দফা দাবিতে কিশোরগঞ্জের খামার মালিকরা মানববন্ধন করেছেন।
‘পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ’ বুধবার দুপুর ১২টায় জেলা শহরের আখড়া বাজার শহীদ সৈয়দনজরুল ইসলাম চত্বরে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের জেলা শাখা সভাপতি একে ফজলুল হক দুলু।
এ সময় অন্যান্যের মধ্যে পোল্ট্রি ফিড ডিলার মালিক সমিতির সভাপতি এ কে এম শামসুল ইসলাম খান মাসুম, পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শহীদ মল্লিক, সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও অর্থ সম্পাদক শেখ ওবায়দুল্লাহসহ স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জেলায় পোল্ট্রি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে প্রায় তিন লক্ষ লোক জীবিকা নির্বাহ করে। এর মধ্যে রয়েছে পোল্ট্রি খামার মালিক, পোল্ট্রি খাদ্য বিক্রেতা, ঔষধ বিক্রেতা, ডিম বিক্রেতা, খাঁচা বিক্রেতা, পরিবহন, শ্রমিকদের পরিবার। কিন্তু পোল্ট্রি খাদ্যের উচ্চ মূল্যের কারণে খামারিরা দিনের পর দিন লোকসান গুনছেন।
তারা বলেন, প্রতিটি ডিমের উৎপাদন খরচ প্রায় ৯.৮০ টাকা। বর্তমানে খামারিরা একটি ডিম বিক্রি করছে ৮ টাকা মাত্র। এর ফলে প্রতিটি ডিমে লোকসান হচ্ছে ১.৮০ টাকা। গত ১৮ মাসে প্রতি ৫০ কেজি খাদ্যের মূল্য বৃদ্ধি পেল ১ হাজার ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। তার উপর আছে ব্যাংক ঋণের চাপ।
এর ফলে প্রান্তিক খামারিরা টিকে থাকতে না পেরে খামারগুলো ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই বাদবাকি প্রান্তিক খামার বন্ধ হয়ে যাবে। সেই সাথে লক্ষ লক্ষ মানুষ নতুনভাবে বেকার হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে সম্ভাবনাময় পেল্ট্রি শিল্পকে বাঁচাতে সরকারের কাছে চারদফা দাবি পেশ করেন।
দাবিগুলো হলো: সরকারের পক্ষ থেকে ডিম ও মুরগির মূল্য ভিন্ন ভিন্নভাবে খামারি মূল্য, আড়ৎদার মূল্য এবং ভোক্তা পর্যায়ের মূল্য নির্ধারণ; প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার, খামারি প্রতিনিধি, ফিডমিল প্রতিনিধি ও হ্যাচারি মালিক প্রতিনিধিদের নিয়ে জাতীয় কমিটি গঠন করে এক মাস অন্তর পোল্ট্রি পণ্যের মূল্য নির্ধারণ; পোল্ট্রি বাচ্চার মূল্যে ও খাদ্যের মূল্যে ভতুর্কি প্রদান এবং পোল্ট্রি খাদ্যের মূল্য সহনীয় রাখতে সরকারের পক্ষ থেকে যথাযথ নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা।
সংবাদ সম্মেলন শেষে সংগঠনের পক্ষ থেকে খামারিরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
