০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ব্যারিয়ার না ফেলায় ক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

ঘটনার সময় গেটম্যান দায়িত্বরত ছিলেন না। দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ।

ব্যারিয়ার না ফেলায় ক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

ট্রেনের ধাক্কায় ট্রাকটি অনেক দূরে ছিটকে পড়ে। এতে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2024, 04:09 PM

Updated : 05 Apr 2024, 04:09 PM

ফেনীতে রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকে মালবাহী ট্রেনের ধাক্কায় ট্রাকচালকসহ দু'জন নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, গেটম্যান ক্রসিংয়ের ব্যারিয়ার না ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। 

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফাজিলপুর রেলস্টেশন ও মুহুরিগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী মুহুরীগঞ্জ ব্রিজ ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম। 

ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন। 

নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক মো. মিজান (৩২)। তিনি বরিশাল জেলার উজিরপুর ইউনিয়নের কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। 

অপর নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, তিনি মালবাহী ট্রেনের সামনে ছিলেন। 

ফেনীর রেলস্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা  ‘চিটাগাং মেইল’ ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। ট্রেনটি ফাজিলপুর রেলস্টেশন পার হয়ে মুহুরিগঞ্জের কাছাকাছি পৌঁছালে ই/৩২(১) নম্বর রেলক্রসিংয়ে একটি ট্রাক চলন্ত ট্রেনের সামনে পড়ে। 

“এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি অনেক দূরে ছিটকে পড়ে। এতে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।” 

স্টেশন মাস্টার আরও জানান, “দুর্ঘটনার পর ট্রেনটি আবার পেছনের দিকে ফাজিলপুর স্টেশনে নিয়ে আসা হয়। পরে বেলা ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি ফের চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।” 

ওসি ইমাম জানান, দুর্ঘটনার পর রেললাইনের ওপর পড়ে থাকা ট্রাকটি সরিয়ে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, “মেইল ট্রেন অতিক্রম করার সময় গেট ব্যারিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। ঘটনার সময় গেটম্যান দায়িত্বরত ছিলেন না বলেও জানা গেছে। দুর্ঘটনার পর থেকে তিনি পলাতক আছেন।” 

এ ঘটনায় তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।