২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ছুরিকাঘাতে তরুণ খুন

ঘটনার নেপথ্যে মাদক সম্পৃক্ততা বা অন্য কোনো বিষয় আছে কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহে ছুরিকাঘাতে তরুণ খুন

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2024, 01:37 PM

Updated : 17 Apr 2024, 01:37 PM

ময়মনসিংহ নগরীতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নগরীর কলেজ রোড মীরবাড়ী রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন।

ছুরিকাঘাতে নিহত মো. সামিউল সামি (১৯) নগরীর মীরবাড়ি এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি একটি কমিউনিটি সেন্টারের খাবার পরিবেশকের (ওয়েটার) অনিয়মিত শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

এ ঘটনায় আরাফাত হোসেন (১৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

ওসি মাঈন উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, এছাড়া এই খুনের মূল কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত শুরু করেছে। ঘটনার নেপথ্যে মাদক সম্পৃক্ততা বা অন্য কোনো বিষয় আছে কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।