খাগড়াছড়িতে প্রধান শিক্ষিকাকে ‘মেরে আহত করলেন শিক্ষা কর্মকর্তা’
তার চোখের নিচে সেলাই দিতে হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় খাগড়াছড়িতে এক প্রধান শিক্ষিকাকে মেরে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে।
মহালছড়া এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রধান শিক্ষিকাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন প্রধান শিক্ষিকা বলেন, মঙ্গলবার সকালে তিনি বিদ্যালয়ের নড়বড়ে ফটক সংস্কারের আবেদন নিয়ে সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসার দপ্তরে যান।
“কিন্তু শিক্ষা কর্মকর্তা আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি আমাকে গালাগাল করেন এবং ঘুসি মেরে আহত করেন।”
সুভায়ন খীসাকে স্বামী দাবি করে তিনি বলেন, “সুভায়ন আমাকে গত বছর ২৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন, কিন্ত স্বীকৃতি দিচ্ছেন না। আমি স্ত্রীর স্বীকৃতি দাবি করায় আমাকে বিভিন্নভাবে হেনস্তা করেছেন সুভায়ন খীসা; আর আজ তিনি আমাকে পিটিয়ে আহত করলেন।”
প্রধান শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন বলে হাসপাতালের চিকিৎসক মিথিলা বড়ুয়া জানিয়েছেন।
তিনি বলেন, “আহত প্রধান শিক্ষিকার চোখের নিচে সেলাই দিতে হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তাকে সিটি স্ক্যান করানোর জন্য বলা হয়েছে।”
তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সুভায়ন খীসা বিয়ে ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি দাবি করেন, “আমি অফিসে দাপ্তরিক কাজ করছিলাম। এ সময় প্রধান শিক্ষিকা ফাইল নিয়ে আমার কক্ষে আসেন। তিনি আমার হাত ধরেন। অসৌজন্যমূলক আচরণ করায় তার সঙ্গে আমার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দরজায় ধাক্কা খেয়ে তিনি আহত হন। সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
শিক্ষিকাকে বিয়ে করার কথা অস্বীকার করে তিনি বলেন, “এটা মিথ্যা এবং বানোয়েট।”
খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অজিন্দ্র কুমার ত্রিপুরা বিষয়টির খোঁজখবর নিয়েছেন।
অজিন্দ্র কুমার বলেন, ঘটনার পর শিক্ষকনেতারা ওই শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন।
“আমি যতটুকু জানতে পেরেছি, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি হয়ত অনেকেই জানে। আহত শিক্ষিকা এখন স্ত্রী হিসেবে স্বীকৃতি চান। তবে বিয়ের কথা অস্বীকার করছেন শিক্ষা কর্মকর্তা।”
ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকনেতারা।
আহত প্রধান শিক্ষিকাকে হাসপাতালে দেখতে যান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন।
ফাতেমা সাংবাদিকদের বলেন, “প্রধান শিক্ষিকা হামলার শিকার হয়েছেন বলে শুনেছি। তিনি অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।”
