ফেনীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গাড়ি চালক কারাগারে
রেন্ট-এ-কার মালিকের অনুপস্থিতিতে তার বাড়িতে যান গাড়ি চালক কাদের।
ফেনীর পরশুরাম উপজেলায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক গাড়ি চালককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার মধ্যরাতে উপজেলার উত্তর কোলাপাড়া গ্রাম থেকে আবদুল কাদের নামের ওই চালককে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয় বলে জানিয়েছেন পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।
৪০ বছর বয়সী আবদুল কাদের পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সত্যনগর গ্রামের আবদুল ছামাদ ভূইয়ার ছেলে। তিনি স্থানীয় এক ব্যক্তির রেন্ট-এ কারের গাড়ির চালক হিসাবে চাকরি করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার রাত ৩টার দিকে ওই রেন্ট-এ-কার মালিকের অনুপস্থিতিতে তার বাড়িতে যান গাড়ি চালক কাদের। এ সময় স্বামী বাড়ি এসেছে মনে করে গৃহবধূ ঘরের দরজা খুললে জোর করে ঘরে প্রবেশ করেন কাদের। ঘরে ঢুকে কাদের গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসেন। তারা কাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ওসি মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় সকালে ওই গৃহবধু বাদী হয়ে পরশুরাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
