কুলাউড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক ১২
পুলিশের বলছে, পাসপোর্ট ছাড়া এই ১২ নারী-পুরুষ দালালের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন।
মৌলভীবাজারের কুলাউড়ায় ১২ নারী-পুরুষ আটক হয়েছেন; যারা দালালের মাধ্যমে ভারত থেকে এসেছেন বলছে পুলিশ।
কুলাউড়া থানার পরিদর্শক মো. আব্দুছ ছালেক জানান, রোববার সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মো. রুবেল মিয়া (২৪), চাঁন মিয়া (৫৭), মো. আলী আকবর (৬০), নাছিমা বেগম (৩২), শরণখোলা উপজেলার ফারজানা আক্তার (১৮), পুতুল বেগম (৪০), লাভনী আক্তার (২২), পিরোজপুর সদরে মো. মেহেদী হাসান শাকিব (২২), নাছিমা বেগম (৩৬), ভাণ্ডারিয়ার সুহেল ফরাজি (৩০), মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শামীম আহমদ (২০) ও তাজুল ইসলাম (২৭)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রোববার ভোরে ওই এলাকার সীমান্তবর্তী মনু নদীর পাড় দিয়ে সন্দেজনক কয়েকজনকে হাঁটতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ রোহিঙ্গা সন্দেহে ১২ জনকে আটক করে।
আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের বাড়ি বাগেরহাট, পিরোজপুর ও মৌলভীবাজার জেলায়।
পরিদর্শক আমিনুল ইসলামের ভাষ্য, তারা পাসপোর্ট ছাড়া দালালের হাত ধরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
