১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে স্বাচিপের কমিটি নিয়ে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি কর্মসূচি

নতুন আহ্বায়ক কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়েছেন চিকিৎসক নেতারা।

নোয়াখালীতে স্বাচিপের কমিটি নিয়ে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি কর্মসূচি

নোয়াখালীতে স্বাচিপের নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2023, 08:00 PM

Updated : 27 Oct 2023, 08:00 PM

নোয়াখালীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুটি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছেন; একপক্ষ অপর পক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

পরস্পর বিরোধী অবস্থানের কারণে জেলায় কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা দুই শিবিরে বিভক্ত হয়েছে বলে জানিয়েছেন একাধিক চিকিৎসক।

শুক্রবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বাচিপের নবগঠিত জেলা আহ্বায়ক কমিটি।

এতে লিখিত বক্তব্যে স্বাচিপের জেলা কমিটির সদস্যসচিব চিকিৎসক আবদুস সাত্তার ফরায়েজী বলেন, “গত ১৮ স্বাচিপের মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

“কিন্তু বাতিল কমিটির নেতাদের প্রত্যক্ষ অংশগ্রহণে সম্মিলিত চিকিৎসক পরিষদ ব্যানারে মানববন্ধনে আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

Image

নোয়াখালীতে স্বাচিপের আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

এর আগে সকালে আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে জেলায় কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

এ সময় বক্তারা অভিযোগ করেন, নোয়াখালীতে স্বাচিপ দীর্ঘদিন থেকে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু গত ১৮ অক্টোবর কেন্দ্রীয় কমিটি কারো সঙ্গে আলোচনা ছাড়াই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

ঘোষিত কমিটিতে নারী নির্যাতন মামলার আসামিসহ বিতর্কিত অনেককে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

সমাবেশে স্বাচিপের বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান বিএমএ নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. এম এ নোমান।

সমাবেশে স্বাচিপের সাবেক সভাপতি ডা. ফজলে এলাহী খান, সাবেক সাধারণ সম্পাদক ডা. মাহবুবর রহমান ও নোয়াখালী জেনারেলের হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের বক্তব্য দেন।