২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটিং ওয়েবসাইটে নারী সেজে প্রতারণা, নওগাঁয় গ্রেপ্তার ৮

তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

নওগাঁ প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 11:24 PM

Updated : 20 Oct 2022, 11:24 PM

ডেটিং ওয়েবসাইটের মাধ্যমে নারী সেজে প্রতারণা এবং অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে আট জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

র‌্যাব-৫ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার রাতে উপজেলার মাতাজিহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পত্নীতলা উপজেলার ফহিমপুর গ্রামের বাঁধন কুমার রকি (২২), মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের অন্তর দেবনাথ (২০), আতুরা গ্রামের সাব্বির হোসেন মানিক (২০), একই গ্রামের নাজমুল হাসান (২০), সাখাওয়াত হোসেন (১৯), শাকিল হোসেন রতন (১৯) ও মামুন হোসেন (২২), বিড়মগ্রাম গ্রামের নাঈম হোসেন (২১)।

এ সময় অবৈধ লেনদেনের কাজে ব্যহৃত ১০টি স্মাটফোন, ২৫টি সিম, পাঁচটি মেমোরি কার্ড, দুটি ক্রেডিট কার্ড, আটটি মোবাইল চার্জার, একটি ওয়াইফাই রাউটার, একটি ওয়াইফাই কানেক্টিং হাব, দুটি হাতঘড়ি, তিনটি মোটরসাইকেল (অনিবন্ধিত), চারটি চাবি, দুটি হেডফোন, দুটি মানিব্যাগ, একটি সানগ্লাস, তিনটি গ্যাস লাইটার এবং দুই হাজার ৩৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণাকারীরা ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে অবৈধভাবে ডলার লেনদেনের মাধ্যমে সরকারের কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

আসামিরা মোবাইলে অবৈধভাবে বিভিন্ন অ্যাপ এবং গ্রুপের মাধ্যমে ডলার গ্রহণ করে এবং সেই ডলার টাকায় রূপান্তরিত করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেনে ডিজিটাল প্রতারণা করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আসামিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।