বিদ্যুৎ বিল নিয়ে ফেইসবুক পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা কারাগারে
পুলিশের ভাষ্য, ফেইসবুক পোস্টের কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎ বিল নিয়ে ফেইসবুক পোস্ট দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম সজল (২৬) উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য।
ওসি বলেন, ফেইসবুক পোস্ট দেওয়ার কারণে সজলকে গ্রেপ্তার করা হয়নি। রোববার রাতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি সজলের ফেইসবুকের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বেশি বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকার ও সরকারপ্রধানকে নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করা হয়। পোস্টের সঙ্গে পল্লী বিদ্যুতের একটি বিলের অনলাইন কপিও ছিল।
সজলের মা আসমা আক্তার বলেন, বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে তার ছেলে ফেইসবুকে পোস্ট দিয়েছিল। পরে অনেকে পোস্টটি মুছে ফেলতে বললে সে মুছে দেয়। এরপরও তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, “আমার ছেলে সহজ-সরল। ভুল হতে পারে। কিন্তু পোস্ট মুছে দেওয়ার পরও তাকে গ্রেপ্তার করা হলো।”
শ্রীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেজবাহ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, সজল তাদের দলের কর্মী। তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা মনে করেন।
তবে ওসি শাহীনুর আলম বলেন, সজলকে গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তার ফেইসবুক পোস্টের বিষয়টি দেখেছেন।
