বরিশালে পাথরবোঝাই ট্রলি চাপায় কারখানা শ্রমিক নিহত
ঘটনার পর জড়িতদের বিচারের দাবিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বরিশাল নগরীতে নিজের বাসার সামনে বসে থাকা এক কারখানার শ্রমিক পাথরবাহী ট্রলি চাপায় নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর শেরে-বাংলা সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহানগরের কাউনিয়া থানার পরিদর্শক হরিদাস নাগ।
নিহত ৪৬ বছরের নয়ন পলাশপুর বৌ-বাজার তিন নম্বর গলির মৃত তোফায়েল আহম্মেদের ছেলে। তিনি নগরীর একটি ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানায় কাজ করতেন।
ওই এলাকার বাসিন্দা শামীম আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেরে-বাংলা সড়কে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম খান লিমিটেড কোম্পানি পাথর মজুদ করে আনা-নেওয়া করে। মঙ্গলবার দুপুরে পাথরবোঝাই একটি ট্রলি পিছনে দিকে ঘোরার সময় বাসার সামনে বসা নয়নকে ধাক্কা দেয়।
“এতে তিনি পড়ে গেলে ট্রলির পিছনের চাকার নিচে তার মাথা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”
পরিদর্শক হরিদাস নাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপর চালকসহ ট্রলির শ্রমিকরা পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লে জড়িতদের বিচারের আশ্বাসে তারা শান্ত হন।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
