ব্রাহ্মণবাড়িয়ায় ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযানে আটক ৪২, পরে মুচলেকায় মুক্তি
পুলিশ জানায়, প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চলবে।
ব্রাহ্মণবাড়িয়া শহরে ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযান চালিয়ে ৪২ কিশোরকে আটক করে পুলিশ।
পরে তাদের বয়স ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় মুচলেকা নিয়ে সোমবার রাতে সবাইকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান সদর মডেল থানার ওসি খাইরুল আলম।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট, দাতিয়ারা, রেলস্টেশন, অবকাশ পার্ক, কান্দিপাড়া, টেংকের পাড় ও মেড্ডাসহ বিভিন্ন এলাকায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে অকারণে আড্ডা দেওয়া ও অপরাধপ্রবণ এলাকায় থাকা কিশোরদের আটক করা হয়।
ওসি বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবকদের সতর্ক করা হয়েছে। যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা অপরাধে জড়াতে পারে, সেসব এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এ অভিযান প্রতিদিন চলবে।
