সিলেট সীমান্তে গরু, মহিষসহ সাড়ে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
অভিযানে ভারতীয় গরু, মহিষ ছাড়াও মোবাইল ফোন ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, প্রসাধনী, চকলেট, জিরা এবং জুস আটক করে বিজিবি।
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় বলে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন।
বিজিবি জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম, ডিবিরহাওর বিওপি সদস্যরা চোরাচালান প্রতিরোধে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, মোবাইল ফোন ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, প্রসাধনী, চকলেট, জিরা এবং জুস আটক করতে সক্ষম হয় বিজিবি।
আটক হওয়া চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৮ লক্ষ ৬৮ হাজার ৮৬০ টাকা বলে অধিনায়ক নাজমুল হক বলেন।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়।
বিধি মোতাবেক আটক করা মালামাল সমূহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
