Published : 21 Oct 2023, 07:45 PM
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় অর্থ আত্মসাতের মামলায় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আশরাফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার তক্তারচালা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সখিপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান।
গ্রেপ্তার কাজী আশরাফ সিদ্দিকী ওই উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের পলাশতলী গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি জাপার হয়ে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে দুইবার জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন।
ওসি শাহিনুর বলেন, আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকার আদালতে অর্থ আত্মসাতের দুটি মামলা চলছিল। সম্প্রতি আদালত ওই দুটি মামলায় তাকে ছয় মাসের সাজা দেয়। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
“তবে কোন সংস্থার বা ব্যক্তির কত টাকা আত্মসাতের কারণে তার এই সাজা হলো, সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।”
দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।